1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
নিষিদ্ধ সংগঠনের চোরাগোপ্তা তৎপরতা ও নাশকতামূলক কর্মকাণ্ড ঠেকাতে মহানগর বিএনপি প্রস্তুত - দৈনিক আমার সময়

নিষিদ্ধ সংগঠনের চোরাগোপ্তা তৎপরতা ও নাশকতামূলক কর্মকাণ্ড ঠেকাতে মহানগর বিএনপি প্রস্তুত

মো: নজরুল ইসলাম চৌধুরী
    প্রকাশিত : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

চট্টগ্রামে কার্যক্রম নিষিদ্ধ ও পতিত আওয়ামী লীগের সম্ভাব্য চোরাগোপ্তা তৎপরতা এবং যেকোনো ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিহত করতে সাংগঠনিকভাবে প্রস্তুতি জোরদার করেছে মহানগর বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনগুলোর নেতাকর্মীরা। এবং প্রতিটি ওয়ার্ডে ধারাবাহিক সাংগঠনিক কর্মসূচি পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি যুবদল তাদের আওতাধীন ১৫টি থানা ও ৪৩টি সাংগঠনিক ওয়ার্ডে নেতাকর্মীদের সক্রিয় রাখার উদ্যোগ নিয়েছে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর ২০২৬) চট্টগ্রামের রাজনৈতিক অঙ্গনে বিএনপি নেতাদের বক্তব্যে এমন অবস্থানের কথা উঠে এসেছে। নেতারা বলছেন, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক পরিবেশের বিরুদ্ধে কোনো অপতৎপরতা কিংবা অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করা হলে রাজনৈতিকভাবে তা মোকাবিলা করা হবে।

বিএনপির নেতৃবৃন্দের দাবি, দীর্ঘদিনের আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে পতিত আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে জনগণ অবস্থান নিয়েছে। ফলে দলটির রাজনৈতিক পুনরুত্থান কিংবা চোরাগোপ্তা কর্মকাণ্ডের মাধ্যমে পরিস্থিতি অস্থিতিশীল করার কোনো সুযোগ দেওয়া হবে না।

চট্টগ্রাম-৫ আসনের সংসদ সদস্য ও ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন দৈনিক আমার সময়কে বলেন, ফ্যাসিবাদী শক্তির বিরুদ্ধে বিএনপি দীর্ঘদিন ঐক্যবদ্ধভাবে আন্দোলন করেছে। ২০২৪ সালের গণপ্রতিরোধের মুখে শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যান। তাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা হবে।

তিনি আরও বলেন, জনগণ আওয়ামী লীগকে প্রত্যাখ্যান করে দেশ থেকে বিতাড়িত করেছে। তাই দেশের মানুষের কাছে দলটির আর কোনো রাজনৈতিক প্রাসঙ্গিকতা নেই। বিচ্ছিন্নভাবে কিছু দুর্বৃত্ত রাতের বেলায় চকলেট বোমা কিংবা এ ধরনের কর্মকাণ্ডের মাধ্যমে সাধারণ মানুষকে আতঙ্কিত করার চেষ্টা করছে। বিএনপি রাজনৈতিকভাবেই এসব অপতৎপরতা মোকাবিলা করবে।

প্রতিমন্ত্রী বলেন, জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেওয়া রাজনৈতিক দল ও জনগণকে সঙ্গে নিয়ে দেশের স্থিতিশীলতা রক্ষায় সরকার কাজ করছে। মানবাধিকার অক্ষুণ্ন রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। তবে অপরাজনীতি, বিশৃঙ্খলা ও রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে সরকার কঠোর অবস্থান নেবে।

চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক আহ্বায়ক ও সিটি করপোরেশনের প্রশাসক ডা. শাহাদাত হোসেন বলেন, ফ্যাসিবাদী শক্তি আবারও সন্ত্রাস ও নৈরাজ্যের মাধ্যমে দেশের পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করতে পারে। এ কারণে নেতাকর্মীদের সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। কোনো উসকানি বা ষড়যন্ত্রে বিভ্রান্ত না হয়ে জনগণের জানমাল রক্ষায় দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য আলহাজ্ব আবু সুফিয়ান বলেন, শেখ হাসিনা ও আওয়ামী লীগ দীর্ঘ ১৭ বছর দেশের মানুষের ওপর যে নিপীড়ন চালিয়েছে, তা জনগণ ভুলে যায়নি। জনগণ তাদের প্রত্যাখ্যান করেছে। তবে বিচ্ছিন্ন সন্ত্রাসী তৎপরতা সম্পর্কে সতর্ক থাকার প্রয়োজন রয়েছে।

মহানগর বিএনপির আহ্বায়ক ও সংসদ সদস্য আলহাজ্ব এরশাদ উল্লাহ বলেন, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্রবিরোধী যেকোনো ষড়যন্ত্র এবং আধিপত্যবাদী তৎপরতা ঐক্যবদ্ধভাবে প্রতিহত করতে হবে। পতিত ফ্যাসিবাদী শক্তি যেন পুনরায় মাথাচাড়া দিয়ে উঠতে না পারে, সে বিষয়ে দলের সর্বস্তরের নেতাকর্মীদের সজাগ থাকতে হবে।

মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান বলেন, ক্ষমতা হারানোর পরও পতিত ফ্যাসিবাদী শক্তির ষড়যন্ত্র বন্ধ হয়নি। বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে সরকারকে বিব্রত করার অপচেষ্টা চালানো হচ্ছে। তবে ফ্যাসিবাদের পুনঃপ্রতিষ্ঠার কোনো সুযোগ দেওয়া হবে না।

তিনি আরও বলেন, কোনো উসকানিতে পা না দিয়ে রাজনৈতিক দল, সামাজিক শক্তি ও সাধারণ মানুষকে ঐক্যবদ্ধ থাকতে হবে। জনগণের জানমাল রক্ষায় বিএনপি দায়িত্বশীল ভূমিকা পালন করবে।

অন্যদিকে, মহানগর যুবদলের সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি বলেন, ফ্যাসিবাদী শক্তির অপপ্রচার, ষড়যন্ত্র ও নৈরাজ্যের বিরুদ্ধে যুবদলের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ রয়েছেন। চট্টগ্রামের রাজপথে কোনো অপশক্তিকে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির সুযোগ দেওয়া হবে না।

নগর যুবদলের সাধারণ সম্পাদক মুহাম্মদ শাহেদ বলেন, জনগণ যাদের দেশ থেকে বিতাড়িত করেছে, তারা এখনো গোপনে বিভিন্ন অপতৎপরতার মাধ্যমে সাধারণ মানুষকে ভোগান্তিতে ফেলতে চাইছে। তাদের অপচেষ্টার বিরুদ্ধে জনগণকে সঙ্গে নিয়ে প্রতিরোধ গড়ে তোলা হবে। এ জন্য পাড়া-মহল্লায় যুবদলের নেতাকর্মীদের সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হয়েছে। তবে কেউ আইন নিজের হাতে তুলে নেবে না; বরং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করবে।

এদিকে, শুধু নেতাদের বক্তব্যেই সীমাবদ্ধ নেই বিএনপির সাংগঠনিক প্রস্তুতি। নগরীর বিভিন্ন থানা ও ওয়ার্ডে সভা-সমাবেশ, বিক্ষোভ মিছিল এবং মতবিনিময় কর্মসূচি পালন করছেন বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা।

মহানগর বিএনপির উদ্যােগে সম্প্রতি নগরীর পাঁচলাইশ, চান্দগাঁও, ষোলশহর, বাকলিয়াসহ চান্দগাঁও ও পাঁচলাইশসহ বিভিন্ন এলাকায় পৃথক ও যৌথভাবে কর্মসূচি পালন করেছে সংগঠনগুলো।

তবে বিচ্ছিন্ন কোনো ঘটনা ঘটিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি কিংবা নগরীর স্বাভাবিক পরিস্থিতি বিঘ্নিত করার আশঙ্কা উড়িয়ে দিচ্ছেন না বিএনপি নেতারা। যে কারণে নগরীর প্রতিটি থানা, ওয়ার্ড ও পাড়া-মহল্লায় নেতাকর্মীদের সতর্ক অবস্থানের উদ্যোগ নিয়েছে মহানগর বিএনপি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com