রাজপথে কোনো ধরনের নৈরাজ্য ও অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির অপচেষ্টা প্রতিহত করার প্রত্যয়ে চট্টগ্রাম নগরীতে অবস্থান ও প্রতিবাদ কর্মসূচি পালন করেছে বন্দর থানা ও ৩৮ নম্বর ওয়ার্ড বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) নগরীর সল্টগোলা ক্রসিংয়ের সিডিএ মার্কেট সংলগ্ন এলাকায় ফ্যাসিস্ট স্বৈরাচার ও নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের ঘোষিত ‘লকডাউন’ কর্মসূচির প্রতিবাদে এ অবস্থান কর্মসূচি পালন করা হয়। এ সময় নেতাকর্মীরা বিভিন্ন স্লোগানের মাধ্যমে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদ জানান এবং রাজপথে সক্রিয় অবস্থান বজায় রাখেন।
কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব এম এ আজিজ।
৩৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি আজম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও ৩৮ নম্বর ওয়ার্ডের জনতার কাউন্সিলর আলহাজ্ব মুহাম্মদ হানিফ সওদাগর।
এ সময় আরও উপস্থিত ছিলেন বন্দর থানা বিএনপির সাবেক সহসভাপতি সালাউদ্দিন, সাবেক যুগ্ম সম্পাদক মাহাবুব আলম বাচ্চু, সাবেক সাংগঠনিক সম্পাদক হাজী মোহাম্মদ হোসেনসহ যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল এবং বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী।
অবস্থান কর্মসূচি চলাকালে নেতাকর্মীরা ‘আপা আপা করিস না, তোদের আপা আসবে না’ এবং ‘লীগ ধর, জেলে ভর’সহ বিভিন্ন স্লোগান দেন। স্লোগানে স্লোগানে মুখর হয়ে ওঠে সল্টগোলা ক্রসিং সংলগ্ন এলাকা।
এ সময় নেতাকর্মীরা আওয়ামী লীগের ঘোষিত লকডাউন কর্মসূচির বিরুদ্ধে প্রতিবাদ জানান এবং যেকোনো ধরনের নৈরাজ্য ও বিশৃঙ্খলা মোকাবিলায় ঐক্যবদ্ধ থাকার প্রত্যয় ব্যক্ত করেন।
Leave a Reply