জলবায়ু পরিবর্তন মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতা, বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণে বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন
জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক শীর্ষ সম্মেলন (কপ৩১)-এ যোগ দিতে সরকারি সফরে তুরস্কের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন বিএনপি চেয়ারম্যান ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (১০ নভেম্বর) তিনি ঢাকা ত্যাগ করেন।
এ সফরে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে রয়েছেন তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান, মন্ত্রিপরিষদের কয়েকজন সদস্য, বিশিষ্ট রাজনীতিক, ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা এবং প্রধানমন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তারা।
১০ থেকে ১২ নভেম্বর পর্যন্ত তিন দিনের এ সরকারি সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন। তুরস্কের আনতালিয়ায় আগামী ১১ ও ১২ নভেম্বর অনুষ্ঠিতব্য সম্মেলনের পূর্ণাঙ্গ অধিবেশনে ১২ নভেম্বর বাংলাদেশের পক্ষে বক্তব্য রাখবেন তিনি।
সম্মেলনে বাংলাদেশের অবস্থান তুলে ধরার পাশাপাশি জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতা জোরদার, জলবায়ু অর্থায়ন নিশ্চিত করা এবং ঝুঁকিপূর্ণ দেশগুলোর স্বার্থ সংরক্ষণের বিষয়গুলো গুরুত্ব পেতে পারে।
সফরকালে প্রধানমন্ত্রী বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেবেন বলে আশা করা হচ্ছে। এসব বৈঠকে বাংলাদেশের সঙ্গে সংশ্লিষ্ট দেশগুলোর দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন, বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, জলবায়ু পরিবর্তন মোকাবিলায় পারস্পরিক সহযোগিতা এবং অভিন্ন স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হতে পারে।
এ ছাড়া জাতিসংঘের উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) প্রশাসকের সঙ্গেও প্রধানমন্ত্রীর বৈঠকের সম্ভাবনা রয়েছে।
কূটনৈতিকভাবে গুরুত্বপূর্ণ এ সফরের মধ্য দিয়ে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বাংলাদেশের আন্তর্জাতিক অবস্থান তুলে ধরা, বৈশ্বিক অংশীদারত্ব জোরদার এবং দেশের অর্থনৈতিক ও কূটনৈতিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে নতুন সহযোগিতার ক্ষেত্র তৈরির সুযোগ সৃষ্টি হবে বলে আশা করা হচ্ছে।
Leave a Reply