রংপুরে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে বিভাগীয় মেডিকেল রিপ্রেজেন্টেটিভ সম্মেলন-২০২৬। রোববার (৮ নভেম্বর) সকাল ১০টায় নগরীর শহীদ আবু সাঈদ ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে এ সম্মেলনের আয়োজন করা হয়। এতে রংপুর বিভাগের বিভিন্ন জেলা থেকে বিপুলসংখ্যক মেডিকেল রিপ্রেজেন্টেটিভ ও ওষুধ কোম্পানির প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
রংপুর মহানগর ফারিয়ার আয়োজনে এবং রংপুর বিভাগীয় ফারিয়ার সার্বিক সহযোগিতায় অনুষ্ঠিত সম্মেলনে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন রংপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. আনোয়ার হোসেন। প্রধান অতিথি ছিলেন রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ও রংপুর মহানগরীর বিশিষ্ট ব্যক্তিত্ব মো. সামসুজ্জামান শামু।
সম্মেলনে মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের পেশাগত মর্যাদা, পারস্পরিক সম্প্রীতি, সাংগঠনিক ঐক্য এবং কর্মক্ষেত্রের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি পেশাগত দক্ষতা বৃদ্ধি, দায়িত্বশীলতার সঙ্গে কাজ করা এবং স্বাস্থ্যসেবা খাতে ইতিবাচক ভূমিকা রাখার বিষয়েও গুরুত্বারোপ করা হয়।
আয়োজকরা জানান, মেডিকেল রিপ্রেজেন্টেটিভরা দেশের ওষুধশিল্প এবং স্বাস্থ্যসেবা ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ অংশ। চিকিৎসক, স্বাস্থ্যকর্মী ও ওষুধশিল্পের মধ্যে পেশাগত যোগাযোগ রক্ষায় তাঁদের ভূমিকা রয়েছে। এ ধরনের সম্মেলন পারস্পরিক সম্পর্ক উন্নয়ন, অভিজ্ঞতা বিনিময় এবং সংগঠনকে আরও শক্তিশালী করতে সহায়ক হবে।
বিভাগের বিভিন্ন প্রান্ত থেকে আসা প্রতিনিধিদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সম্মেলনটি মিলনমেলায় পরিণত হয়।
Leave a Reply