চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশে (সিএমপি) নিজেকে ‘ধোঁয়া তুলসী পাতা’ হিসেবে উপস্থাপন করতে চান বলে অভিযোগ উঠেছে ইপিজেড থানার বর্তমান ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমানের বিরুদ্ধে। ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকারের শাসনামলে প্রভাব-প্রতিপত্তি নিয়ে চলা এই কর্মকর্তার বিরুদ্ধে বর্তমানে নিজেকে একজন সাদাসিধে, নিরপরাধ ও সিএমপির অন্যতম চৌকস পুলিশ কর্মকর্তা হিসেবে পুলিশ কমিশনারের কাছে জাহির করার চেষ্টা করার অভিযোগ রয়েছে। বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট পুলিশ সদস্য ও বিভিন্ন মহলে আলোচনা-সমালোচনা চলছে।
জানা যায়, নিষিদ্ধ আওয়ামী লীগ সরকারের শাসনামলে পদোন্নতি পাওয়া বর্তমান ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান নিজেকে একজন সাদাসিধে, নিরপরাধ ও নির্ভেজাল কর্মকর্তা হিসেবে উপস্থাপন করার চেষ্টা করছেন। এমনকি নিজেকে সিএমপির একমাত্র সেরা ও চৌকস পুলিশ কর্মকর্তা হিসেবে পুলিশ কমিশনারের কাছে জাহির করার চেষ্টা করছেন বলেও সংশ্লিষ্ট পুলিশ সদস্য ও বিভিন্ন মহলে অভিযোগ ও আলোচনা রয়েছে।
তবে ওসি আতিকুর রহমানের নিজের দাবি ও বাস্তব পরিস্থিতির মধ্যে বিপরীত চিত্র রয়েছে বলে অভিযোগ উঠেছে। তাঁর দায়িত্বাধীন ইপিজেড থানা এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতির অভিযোগ রয়েছে। তিনি এবং থানায় তাঁর তৈরি সিন্ডিকেটের সদস্য হিসেবে পরিচিত কয়েকজন পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে এলাকার সাধারণ মানুষের নানা অভিযোগ রয়েছে।
এর উদাহরণ হিসেবে স্বপ্না আক্তার নামে এক অসহায় নারীর অভিযোগের বিষয়টি সামনে এসেছে। স্বামী পরিত্যক্ত এই নারী একটি হোটেলে সবজি কাটার কাজ করেন। তিনি হোটেল মালিক নয়নের বিরুদ্ধে ইপিজেড থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের বিষয়টি নিয়ে ওসি আতিকুর রহমানের ঘনিষ্ঠ ও বিশ্বস্ত হিসেবে পরিচিত তাঁর নিজ জেলার সিন্ডিকেট টিমের অন্যতম সহকারী উপপরিদর্শক (এএসআই) আবু সাঈদ চৌধুরীর ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। পরবর্তীতে থানা থেকে আইনি প্রতিকার না পেয়ে বাধ্য হয়ে গত ১ নভেম্বর সঠিক বিচার চেয়ে মাননীয় পুলিশ কমিশনার বরাবর লিখিত আবেদন করেন স্বপ্না আক্তার।
লক্ষাধিক গার্মেন্টস শ্রমিক ও সাধারণ মানুষের বসবাসের গুরুত্বপূর্ণ এলাকা ইপিজেড থানাধীন ৩৯ নম্বর ওয়ার্ডের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও নানা অভিযোগ রয়েছে। ইপিজেড থানা এলাকার ব্যারিস্টার কলেজ থেকে সি-ম্যানস হোস্টেল পর্যন্ত সড়কের পূর্ব পাশে বিমানবন্দর সড়কের স্থায়ী ব্যবসায়ী ও দোকানদারদের সঙ্গে সাদা পোশাকে গোপনে কথা বলে প্রকৃত আইনশৃঙ্খলা পরিস্থিতি যাচাই করা যেতে পারে বলে জানিয়েছেন স্থানীয় ব্যবসায়ীরা। তাঁদের দাবি, ওই এলাকায় সাদা পোশাকে তদন্ত করতে আসা কর্মকর্তার নিজের জিনিসপত্রও ছিনতাইয়ের শিকার হতে পারে।
ইপিজেড থানাধীন আকমল আলী সড়ক ও বেড়িবাঁধ এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির করুণ দশার অভিযোগ রয়েছে। এলাকাটিতে মাদক, জুয়া, টু-নাইন্টি ঘর, বেড়িবাঁধে ছিনতাই ও চুরির ঘটনা অহরহ ঘটছে বলে অভিযোগ স্থানীয়দের। পাশাপাশি বেড়িবাঁধ হয়ে আকমল আলী সড়ককে চোরাকারবারিদের চালান পারাপারের নিরাপদ রুট হিসেবে ব্যবহারের অভিযোগও রয়েছে। মাদক পাচারকে কেন্দ্র করে এলাকায় বিভিন্ন অপরাধী চক্রের আনাগোনা বেড়েছে বলে জানা যায়।
অভিযোগ রয়েছে, জাহাজ থেকে বিভিন্ন পণ্য ও মাদকের চালান, যেমন—বিদেশি মদ, বিয়ার, ইয়াবা, পোড়া তেল, মসুর ডাল, লোহার স্ক্র্যাপসহ বিভিন্ন অবৈধ মালামাল পাচারের রুট হিসেবে এলাকাটি ব্যবহৃত হচ্ছে। পাশাপাশি কিশোর গ্যাংয়ের সকাল-বিকেল মহড়া জনমনে উদ্বেগ বাড়িয়ে দিয়েছে।
এ ছাড়া আকমল আলী ও বেড়িবাঁধ সড়কে পাচারকারীদের মূল হোতা হিসেবে স্থানীয় আওয়ামী লীগের ফ্যাসিবাদের দোসর আক্কাস সওদাগরের রাজত্ব ও সিন্ডিকেট এখনো সক্রিয় রয়েছে বলে অভিযোগ উঠেছে। যদিও ৫ আগস্টের পরবর্তী সময়ে বিএনপি নেতাদের সঙ্গে ৪০/৬০ শতাংশ ভাগ-বাঁটোয়ারার সমঝোতা চুক্তি এবং থানা ম্যানেজ করে রাতের অন্ধকারে সাগরপথে জাহাজ কিংবা ইঞ্জিনচালিত বোটে আসা মাদক, তেল, বিদেশি মদসহ বিভিন্ন মালামাল পাচার এ সড়কে নিত্যদিনের ঘটনায় পরিণত হয়েছে বলে বিভিন্ন সূত্রে অভিযোগ পাওয়া গেছে।
বিভিন্ন সূত্রে আরও জানা যায়, আকমল আলী সড়ক ও বেড়িবাঁধ এলাকার পাচারকারী সিন্ডিকেটের হোতাদের বিশ্বস্ত ও প্রিয় ব্যক্তি হিসেবে পরিচিত তাহের ভাইয়ের একটি ভাঙারির দোকান রয়েছে। অভিযোগ অনুযায়ী, ওই দোকানে সন্ধ্যার পর চা-পানি পান করে সময় কাটান সিএমপির ‘ধোঁয়া তুলসী পাতা’ হিসেবে পরিচিত ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতিকুর রহমান।
অন্যদিকে, নতুন ইপিজেড থানাসংলগ্ন ও এনপিবি গেট রেললাইনের পাশে গড়ে ওঠা ক্যারেটের দোকানগুলো থেকেও প্রতি মাসে ইপিজেড থানায় মাসোহারা যায় বলে অভিযোগ রয়েছে।
আরও জানা যায়, বিগত ফ্যাসিস্ট সরকারের শাসনামলে ২০২২ সালের ১৬ জানুয়ারি জেলার ডিএসবি থেকে বদলি হয়ে চট্টগ্রামের লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে দায়িত্ব গ্রহণ করেন আতিকুর রহমান।
লোহাগাড়া বিএনপির পক্ষ থেকে জানা যায়, তৎকালীন সময়ে ওসি আতিকুর রহমান দায়িত্ব পালনকালে আওয়ামী লীগের অনুগত হয়ে বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের নাম শুনলেই গ্রেপ্তার করে সরাসরি মামলা দিতেন বলে অভিযোগ রয়েছে। বিরোধী দলের নেতাকর্মীদের দমন-নিপীড়ন চালানোর কারণে তিনি লোহাগাড়া থানা ও চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ নেতাদের আস্থা অর্জন করে তাঁদের সুনজরে আসেন বলেও অভিযোগ পাওয়া গেছে। তৎকালীন সময়ে ১০ মার্চ, বৃহস্পতিবার, থানা এলাকায় বিভিন্ন কর্মকাণ্ডে কৃতিত্বের জন্য বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে ওসি আতিকুর রহমানকে পুরস্কৃত করা হয়।
অনুসন্ধানে জানা যায়, ২০১৬ সালে সিএমপির বন্দর জোনের গুরুত্বপূর্ণ বন্দর থানায় সেকেন্ড অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন বর্তমান ইপিজেড থানার ওসি আতিকুর রহমান। একই সময়ে ইপিজেড থানার বিতর্কিত সিন্ডিকেটের অন্যতম বিশ্বস্ত সদস্য হিসেবে পরিচিত এএসআই আবু সাঈদ চৌধুরী দক্ষিণ মধ্যম হালিশহর পুলিশ ফাঁড়িতে দায়িত্ব পালন করতেন। সেই ২০১৬ সাল থেকেই বর্তমান ওসি আতিকুর রহমান ও এএসআই আবু সাঈদ চৌধুরীর মধ্যে ঘনিষ্ঠ ও বিশ্বস্ত সম্পর্ক গড়ে ওঠে বলে জানা যায়।
বর্তমানে তাঁরা দুজনই ইপিজেড থানায় কর্মরত রয়েছেন। তাঁদের মধ্যে একজন ওসি আতিকুর রহমান এবং অন্যজন এএসআই আবু সাঈদ চৌধুরী।
তথ্যসূত্রে জানা যায়, দীর্ঘ এক যুগেরও বেশি সময় ধরে ‘আলাদিনের চেরাগ’ ব্যবহার করে ঘুরেফিরে বন্দর জোনেই দায়িত্ব পালন করে আসছেন বর্তমান ইপিজেড থানায় কর্মরত এএসআই আবু সাঈদ চৌধুরী।
অভিযোগ রয়েছে, ‘তুলসী ধোঁয়া’ ওসি আতিকুর রহমান ও এএসআই আবু সাঈদ চৌধুরীর বিরুদ্ধে ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকারের শাসনামলে বিরোধী দলের নেতাকর্মীদের বাড়িঘরে হামলা, মামলা, নির্যাতন ও গ্রেপ্তারের অভিযোগের তালিকা দীর্ঘ।
তথ্যসূত্রে জানা যায়, ২০২৩ সালের ২২ ডিসেম্বর, শুক্রবার, বন্দর থানা এলাকার কলশী দিঘির রোডে বিরোধী দলের ‘অসহযোগ আন্দোলনের’ লিফলেট বিতরণের সময় মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক এবং আমীর খসরু মাহমুদ চৌধুরীর ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত আলহাজ্ব এম এ আজিজ ও যুবদল নেতা মোহাম্মদ আরিফুর ইসলাম আরিফকে সঙ্গীয় ফোর্স নিয়ে গ্রেপ্তার করেন এএসআই আবু সাঈদ চৌধুরী।
তৎকালীন ২০১৬ সালে বন্দর থানার সেকেন্ড অফিসার আতিকুর রহমান (বর্তমান ইপিজেড থানার ওসি) এবং দক্ষিণ মধ্যম হালিশহর পুলিশ ফাঁড়িতে দায়িত্ব পালনকারী এএসআই আবু সাঈদ চৌধুরীর বিরোধী দলের (বিএনপি) নেতাকর্মীদের গ্রেপ্তারে উৎসাহ দেখে বন্দর ৩৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের নেতা ও চট্টগ্রাম-১১ আসনের সংসদ সদস্য এম এ লতিফের স্নেহভাজন ও ঘনিষ্ঠজন হয়ে ওঠেন বলে অভিযোগ রয়েছে।
অভিযোগ রয়েছে, ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকারের শাসনামলে বিরোধী দলের নেতাকর্মীদের নিপীড়ন ও নির্যাতনে পারদর্শী ছিলেন ওসি আতিকুর রহমান। এ বিষয়ে ৫ আগস্ট-পরবর্তী সময়ে ৯ মে ২০২৬ সালে জাতীয় দৈনিকে ‘বাড়ছে অসন্তোষ, পুলিশের বিতর্কিত ওসিরা ফিরছেন স্টেশনে’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়েছিল। ওই তালিকায় বর্তমান ইপিজেড থানার ওসি আতিকুর রহমানের নামও রয়েছে বলে জানা যায়।
জানা যায়, ২০১৬ সালে বন্দর থানার সেকেন্ড অফিসার হিসেবে দায়িত্ব পালন করার সুবাদে বন্দর ও ইপিজেড এলাকার বৈধ-অবৈধ বিভিন্ন ব্যবসা সম্পর্কে তাঁর বিস্তারিত ধারণা রয়েছে। পাশাপাশি এলাকার নেতা ও পাতিনেতাদের সঙ্গেও তাঁর ভালো জানাশোনা রয়েছে বলে অভিযোগ। এ কারণে নিষিদ্ধ আওয়ামী লীগ এবং সরকারদলীয় বিএনপির যেকোনো ঘটনা শর্ত ও বিনিময়ের মাধ্যমে সহজেই সমাধান করে দিতে পারেন ওসি আতিকুর রহমান বলে অভিযোগ উঠেছে।
সিএমপিতে নিজেকে সাদাসিধে ও নির্ভেজাল কর্মকর্তা হিসেবে পরিচিত করতে চাইলেও সত্য কখনো গোপন থাকে না। অভিযোগ রয়েছে, বর্তমান ইপিজেড এলাকায় গার্মেন্টসের ঝুট ব্যবসা পরিচালনা ও নিয়ন্ত্রণকারীদের সঙ্গে ওসি আতিকুর রহমানের গভীর ও অদৃশ্য সম্পর্ক রয়েছে।
এ ছাড়া গত ১০ অক্টোবর রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে সিইপিজেডের ভেতর থেকে চালকসহ একটি কভার ভ্যান আটক করা হয়। গাড়িটিতে চোরাই পণ্য ছিল বলে জানা যায়। চালককে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করে কেন ফ্যাক্টরির নাম উল্লেখ করা হয়নি, তা নিয়ে প্রশ্ন উঠেছে। পাশাপাশি মামলায় আসামি করার ক্ষেত্রে মূল আসামির ঠিকানা অজ্ঞাত রাখা নিয়েও রহস্যের সৃষ্টি হয়েছে। যদিও ওই আসামির ঠিকানা ওসির নখদর্পণে ছিল বলে অভিযোগ রয়েছে। এ ঘটনায় ইপিজেডের ব্যবসায়ী মহলে ওসির ভূমিকা নিয়েও রহস্য দানা বেঁধেছে।
এ বিষয়ে জানতে অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম)-এর সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, “এ সকল বিষয় আমি খতিয়ে দেখব।”
সাম্প্রতিক সময়ে ইপিজেড থানার ওসির বিরুদ্ধে ‘কুমিল্লা সিন্ডিকেট’, পুলিশ কর্মকর্তাদের মধ্যে বৈষম্য এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে জাতীয় দৈনিক আমার সময়-এর ওয়েবসাইটে সংবাদ প্রকাশিত হওয়ার পর থানা থেকে নাম প্রকাশ না করার শর্তে একাধিক পুলিশ সদস্য প্রতিবেদকদ্বয়ের মুঠোফোনে বলেন, ওসির কর্মকাণ্ডে তাঁরা অত্যন্ত অসন্তুষ্ট। তাঁদের বক্তব্য, “আপনারা এ ধরনের সত্য সংবাদ প্রকাশ করে আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তাদের মাধ্যমে আমাদের সহযোগিতা করুন। আমরা ওসির কাছে বৈষম্যের শিকার।”
গত ০৫ নভেম্বর ২০২৬ তারিখে ইপিজেড থানার ওসির বিরুদ্ধে তথ্যভিত্তিক সংবাদ জাতীয় দৈনিক আমার সময় পত্রিকার ওয়েবসাইটে প্রকাশিত হওয়ার পর ওসির পক্ষ থেকে এলাকার ব্যবসায়ী ও নেতাদের মাধ্যমে দৈনিক আমার সময়-এর দুই প্রতিনিধির সঙ্গে সংবাদ প্রকাশের বিষয়টি নিয়ে সমঝোতার প্রস্তাব পাঠানো হয়।
নাম প্রকাশ না করার শর্তে একাধিক পুলিশ কর্মকর্তা প্রতিবেদকদের জানিয়েছেন, ওসি আতিকুর রহমান সব সময় পুলিশ কমিশনারের নাম ব্যবহার করে তাঁদের বলেন, “আমি ওসি আতিকুর রহমান পুলিশ কমিশনার স্যারের আপনজন ও আস্থাভাজন। তাই আমি যেভাবে থানা পরিচালনা করব, সেভাবেই সবাইকে চলতে হবে।” এ ধরনের কথাবার্তা বলে তিনি তাঁর সিন্ডিকেটের পুলিশ কর্মকর্তাদের প্রাধান্য দিয়ে থাকেন বলেও অভিযোগ করেছেন তাঁরা।
ইপিজেড থানা এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, আকমল আলী সড়কে মাদক ও চোরাকারবারিদের নিরাপদ রুট হিসেবে ব্যবহারের অভিযোগ এবং ওসির ভূমিকা নিয়ে এলাকাবাসী বলেন, মাননীয় পুলিশ কমিশনার যদি সরেজমিনে অথবা গোপনে ইপিজেডের মাইলের মাথা ও আকমল আলী সড়ক এলাকায় মাদক কারবার এবং ওসি আতিকুর রহমানের ভূমিকা ও কর্মকাণ্ড সম্পর্কে তদন্ত করেন, তাহলে প্রকৃত চিত্র বেরিয়ে আসবে—সিএমপিতে আসলে কে ‘ধোঁয়া তুলসী পাতা’!
Leave a Reply