‘প্লাস্টিক দূষণ আর নয়’ প্রতিপাদ্য স্লোগান নিয়ে বরিশালে বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়েছে।দিবসটি উদযাপন উপলক্ষে ২৫ জুন বুধবার সকালে বরিশাল বিভাগীয় ও জেলা প্রশাসন এবং পরিবেশ অধিদপ্তরের আয়োজনে জেলা শিল্পকলা একাডেমিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার মোঃ রায়হান কাওছার। প্রধান অতিথির বক্তৃতায় বিভাগীয় কমিশনার বলেন পরিবেশ দূষণ একটি বৈশ্বিক সমস্যা। আমাদের দেশেও পরিবেশ দূষণ ভয়াবহ রূপ ধারণ করেছে। সরকার দেশে প্লাস্টিক দূষণের মাত্রা কমিয়ে আনতে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। এসময় তিনি সরকারের গৃহীত বিভিন্ন পদক্ষেপ বাস্তবায়নে সর্বস্তরের মানুষকে প্লাস্টিক পণ্যের ব্যবহার পরিহার করে এর বিকল্প পণ্য ব্যবহারের আহ্বান জানান। তিনি বলেন বরিশাল সিটি কর্পোরেশন এলাকায় যে সব খাল রয়েছে তা বিভিন্ন বর্জ্য দ্বারা পরিপূর্ণ যা জলাবদ্ধতা সৃষ্টির অন্যতম কারণ। বর্তমানে পরিষ্কার-পরিচ্ছনতার অংশ হিসেবে এসব খালের ও শহরের বিভিন্ন সড়কের ড্রেনের বর্জ্য অপসারণের কাজ চলমান রয়েছে। ফলে জলাবদ্ধতার সমস্যা অনেকাংশে হ্রাস পেয়েছে। এ সময় তিনি উপস্থিত সকলকে ড্রেন ও খালে ময়লা না ফেলারও আহ্বান জানান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন। সভায় বিশেষ অতিথি ছিলেন রেঞ্জ ডিআইজি মোঃ মঞ্জুর মোর্শেদ আলম, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) মোঃ শরফুদ্দীন। এ সময় উপস্থিত ছিলেন বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, বেসরকারি উন্নয়ন সংস্থার প্রতিনিধি, বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ গণমাধ্যমকর্মী। অনুষ্ঠানের শুরুতে নগরীর মহিলা ক্লাব প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। সভায় স্বাগত বক্তব্য রাখেন বরিশাল পরিবেশ অধিদপ্তরের পরিচালক মুহাম্মদ মুজাহিদুল ইসলাম এবং মূল প্রবন্ধ উপস্থাপন করেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা ও পরিবেশ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. ফেরদৌসী জামান তনু। দিবসটি উপলক্ষে পরিবেশ অধিদপ্তর আয়োজিত চিত্রাংকন, রচনা ও বিতর্ক প্রতিযোগীতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
Leave a Reply