1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
‎গৌতম বুদ্ধের অহিংসা ও মানবতার শিক্ষা বিশ্বকে শান্তির পথ দেখায়, মেয়র ডঃশাহাদাত - দৈনিক আমার সময়

‎গৌতম বুদ্ধের অহিংসা ও মানবতার শিক্ষা বিশ্বকে শান্তির পথ দেখায়, মেয়র ডঃশাহাদাত

জাকারিয়া হোসেন, চট্টগ্রাম
    প্রকাশিত : শুক্রবার, ১ মে, ২০২৬

ত্রি-স্মৃতি বিজড়িত শুভ বুদ্ধ পূর্ণিমা (২৫৭০ বুদ্ধবর্ষ) উদযাপন এবং বিশ্ব শান্তি কামনায় চট্টগ্রামে অনুষ্ঠিত হয়েছে বর্ণাঢ্য শান্তি শোভাযাত্রা ও আলোচনা সভা। যুদ্ধ নয়, শান্তি চাই—বিশ্ব শান্তি ও মানবতার জন্য সম্প্রীতি প্রতিপাদ্যকে সামনে রেখে শুক্রবার সকালে নগরীর ডিসি হিল চত্বর থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। পরে নন্দনকানন বৌদ্ধ মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
‎বাংলাদেশ বৌদ্ধ সমিতি, বাংলাদেশ বৌদ্ধ সমিতি যুব এবং বাংলাদেশ বৌদ্ধ সমিতি মহিলা শাখার উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রিটন কুমার বড়ুয়া। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।
‎প্রধান অতিথির বক্তব্যে মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, গৌতম বুদ্ধের অহিংসা, মৈত্রী ও মানবতার শিক্ষা আজও বিশ্বকে শান্তির পথ দেখায়। বর্তমান বিশ্বে যুদ্ধ, সংঘাত ও সহিংসতার প্রেক্ষাপটে বুদ্ধের শান্তির বাণী আরও অধিক প্রাসঙ্গিক হয়ে উঠেছে।
‎তিনি আরও বলেন, যুদ্ধ নয়, শান্তি চাই, এই আহ্বানকে কেবল আনুষ্ঠানিকতায় সীমাবদ্ধ রাখলে চলবে না। ব্যক্তি ও সমাজজীবনে সহনশীলতা, সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধাবোধ প্রতিষ্ঠার মাধ্যমে একটি মানবিক ও শান্তিপূর্ণ সমাজ গড়ে তুলতে হবে।
‎বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য তুলে ধরে মেয়র বলেন, এদেশে সব ধর্মের মানুষ মিলেমিশে বসবাস করে, এটাই আমাদের শক্তি। এই ঐতিহ্য রক্ষা ও সমুন্নত রাখতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
‎অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রোটারিয়ান অমরেশ বড়ুয়া, অসীম বড়ুয়া, রুবেল বড়ুয়া হৃদয়, সুমন বড়ুয়া, কেমি বড়ুয়া, নেভী বড়ুয়া, রুপ্তা বড়ুয়া ও বাপ্পিসহ বৌদ্ধ ধর্মীয় নেতৃবৃন্দ এবং বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা।
‎শান্তি শোভাযাত্রায় বিভিন্ন বয়সী ধর্মপ্রাণ বৌদ্ধ অনুসারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো আয়োজনটি উৎসবমুখর হয়ে ওঠে। অনুষ্ঠানের শেষে বিশ্ব শান্তি, সাম্প্রদায়িক সম্প্রীতি ও মানবকল্যাণ কামনায় বিশেষ প্রার্থনা করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com