বরিশালে মহান মে দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ‘সুস্থ শ্রমিক কর্মঠ হাত, আসবে এবার নব প্রভাত’ প্রতিপাদ্যে বরিশালে মহান মে দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস উদযাপিত হয়। দিবসটি উপলক্ষে বরিশাল জেলা প্রশাসন ও আঞ্চলিক শ্রম অধিদপ্তরের আয়োজনে ১ মে শুক্রবার সকাল সাড়ে ৯টায় বরিশাল স্থানীয় সরকারের পরিচালক খোন্দকার আনোয়ার হোসেনের নেতৃত্বে নগরীতে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালি শেষে দিবসটির তাৎপর্য নিয়ে জেলা শিল্পকলা একাডেমিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন বরিশাল-৫ আসনের সংসদ সদস্য এ্যাড. মজিবর রহমান সরোয়ার। প্রধান অতিথি তার বক্তৃতায় বলেন একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়তে হলে শ্রমজীবী মানুষের ন্যায্য অধিকার নিশ্চিত করা সময়ের দাবি। তাদের জন্য নিরাপদ কর্মপরিবেশ সৃষ্টি এবং সামাজিক সুরক্ষা ব্যবস্থা গড়ে তোলা অপরিহার্য। শ্রমিকদের ন্যায্য মজুরি ও অধিকার প্রতিষ্ঠার পাশাপাশি মালিক-শ্রমিকের মধ্যে সুন্দর কর্মপরিবেশ এবং পারস্পরিক সুসম্পর্ক বজায় রাখতে হবে। এছাড়া শ্রমিকদের পেশাগত স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা গেলে একটি সত্যিকারের শ্রমবান্ধব সমাজ গড়ে উঠবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। তিনি আরো বলেন পৃথিবীতে কোনো কাজই ছোট নয় বরং প্রতিটি কাজই সম্মানজনক। দেশের অগ্রগতি ও অর্থনৈতিক সমৃদ্ধির পেছনে শ্রমিকদের কঠোর পরিশ্রম ও আত্মত্যাগের ভূমিকা অপরিসীম। তাই শ্রমিকদের প্রতি যথাযথ সম্মান, ন্যায্য মূল্যায়ন এবং অধিকার নিশ্চিত করা সবার নৈতিক দায়িত্ব বলেও তিনি মন্তব্য করেন। আলোচনা সভায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট উপমা ফারিসা সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে বরিশাল স্থানীয় সরকার বিভাগের পরিচালক খোন্দকার আনোয়ার হোসেন, রেঞ্জ ডিআইজি মোঃ মোস্তাফিজুর রহমান, পুলিশ কমিশনার মোঃ শফিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আলাউল হাসান, আঞ্চলিক শ্রম দপ্তর বরিশালের উপ-পরিচালক মোঃ মনিরুজ্জামান বিশেষ অতিথির বক্তৃতা করেন। এ সময় উপস্থিত ছিলেন সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বেসরকারি উন্নয়ন সংস্থার প্রতিনিধি, পরিবহন ও মালিক সমিতির প্রতিনিধি এবং শিল্প প্রতিষ্ঠানের মালিক ও শ্রমিকগণ।
Leave a Reply