টেকনাফে কোস্ট গার্ড ও নৌবাহিনীর যৌথ অভিযানে বিপুল পরিমাণ গোলা-বারুদ ও দেশীয় আগ্নেয়াস্ত্র জব্দ করা হয়েছে। বুধবার দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার ভোর ৫টার দিকে কোস্ট গার্ড স্টেশন টেকনাফ ও নৌবাহিনীর সদস্যরা টেকনাফ থানার কোনাপাড়া লবণের মাঠ সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে ৯ রাউন্ড তাজা গোলা, ২ রাউন্ড তাজা কার্তুজ, ৭ রাউন্ড ফাঁকা কার্তুজ, ১৩ রাউন্ড ফাঁকা কেইস, দুইটি দেশীয় বিস্ফোরক, দুইটি দেশীয় অস্ত্র এবং তিনটি দেশীয় আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়।
অভিযানের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি বলেও তিনি উল্লেখ করেন। সন্ত্রাসীদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে।
জব্দ করা অস্ত্র ও গোলাবারুদের বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক আরও বলেন, সন্ত্রাসী কার্যক্রম দমনে বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।
Leave a Reply