আইনজীবীদের ভোটাধিকার হরণসহ বৈষম্যমূলক সব কালো আইন বাতিল এবং সার্বজনীন ভোটাধিকার নিশ্চিত করার দাবিতে রংপুরে অবস্থান কর্মসূচি পালন করেছেন বৈষম্যের শিকার আইনজীবীরা।
বুধবার (১১ নভেম্বর) দুপুর ২টায় রংপুর আইনজীবী সমিতির নির্মাণাধীন ভবনের সামনে এ কর্মসূচি পালন করা হয়। এ সময় অংশগ্রহণকারী আইনজীবীদের কয়েকজন মুখে কালো কাপড় বেঁধে প্রতিবাদ জানান। এটি ছিল তাঁদের চলমান আন্দোলনের চতুর্থ দিনের কর্মসূচি।
অ্যাডভোকেট রফিকুল ইসলাম লালের সভাপতিত্বে এবং অ্যাডভোকেট পলাশ কান্তি নাগের সঞ্চালনায় কর্মসূচিতে সংহতি জানিয়ে বক্তব্য দেন অ্যাডভোকেট একরামুল হক, অ্যাডভোকেট আ. হানিফ মিয়া, অ্যাডভোকেট মোস্তাফিজার রহমান বুলু, অ্যাডভোকেট বায়েজিদ ওসমানী, অ্যাডভোকেট জোবাইদুল ইসলাম বুলেট, অ্যাডভোকেট মোকসেদুল হকসহ অন্য আইনজীবীরা।
বক্তারা বলেন, রংপুর আইনজীবী সমিতিতে জেনারেল সদস্য ও অ্যাসোসিয়েট সদস্যের বিভাজনের মাধ্যমে আইনজীবীদের মধ্যে বৈষম্য তৈরি করা হয়েছে। বিশেষ করে অ্যাসোসিয়েট সদস্যদের ভোটাধিকার না থাকায় তাঁরা দীর্ঘদিন ধরে সাংগঠনিক ও গণতান্ত্রিক অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন। তাই সব সদস্যকে সমান মর্যাদায় জেনারেল সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করে ভোটাধিকার নিশ্চিত করতে হবে।
নারী ও শিশু আদালত-১-এর পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট শফি কামাল বলেন, দীর্ঘ ২৪ বছর ধরে আইনজীবীদের ভোটাধিকার প্রয়োগ করতে না পারা বড় ধরনের বৈষম্যের উদাহরণ। যে বৈষম্যের বিরুদ্ধে ২০২৪ সালের আন্দোলন হয়েছে, সেই বৈষম্য নতুন করে কোনো প্রতিষ্ঠানে চলতে পারে না। সাংগঠনিক ও ব্যক্তিগত পর্যায়ে সবার ভোটাধিকার নিশ্চিত করতে হবে। হুমকি দিয়ে কাউকে দাবিয়ে রাখা যাবে না।
জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আহ্বায়ক অ্যাডভোকেট আ. হানিফ মিয়া বলেন, একজন মানুষের ভোটাধিকার তার গণতান্ত্রিক ও মৌলিক অধিকার। অথচ অ্যাসোসিয়েট সদস্যদের ভোটাধিকার থেকে বঞ্চিত রাখা হচ্ছে। দীর্ঘদিনের এই বৈষম্যের অবসান ঘটাতে হবে। আগামী সাত দিনের মধ্যে এ বিষয়ে চূড়ান্ত সমাধান জানানোর দাবি জানান তিনি। অন্যথায় বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে বলেও হুঁশিয়ারি দেন।
অবস্থান কর্মসূচি থেকে আইনজীবীরা অবিলম্বে সব বৈষম্যমূলক বিধান ও কালো আইন বাতিল, সমান সদস্য মর্যাদা প্রতিষ্ঠা এবং ভোটাধিকার প্রয়োগের সুযোগ নিশ্চিত করার দাবি জানান। দাবি বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ নেওয়া না হলে আগামী বার কাউন্সিল নির্বাচন বয়কটেরও হুঁশিয়ারি দেওয়া হয়।
আইনজীবীরা জানান, ন্যায়বিচার প্রতিষ্ঠা, গণতান্ত্রিক অধিকার রক্ষা এবং পেশাগত মর্যাদা নিশ্চিত করতে তাঁদের এই আন্দোলন অব্যাহত থাকবে।
Leave a Reply