ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন শুক্রবার চট্টগ্রামের হাটহাজারীতে দিনব্যাপী বিভিন্ন জনসেবামূলক ও উন্নয়নমূলক কর্মসূচিতে অংশ নেন। এ সময় তিনি অসহায় মানুষের মাঝে ত্রাণ সহায়তা বিতরণ, জেলে পরিবারের বিকল্প কর্মসংস্থান সৃষ্টি এবং একাধিক উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন।
সকালে হাটহাজারীর ১২ নম্বর চিকনদন্ডী ইউনিয়ন পরিষদ চত্বরে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিমন্ত্রী আসন্ন পবিত্র ঈদুল আজহা-২০২৬ উপলক্ষে অতিদরিদ্র, অসহায় ও দুঃস্থ পরিবারের মাঝে বিনামূল্যে ভিজিএফ (VGF) চাল বিতরণ করেন।
উপকারভোগীদের উদ্দেশে বক্তব্য দিতে গিয়ে প্রতিমন্ত্রী বলেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের মানুষের দুঃখ-কষ্ট লাঘব ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে আন্তরিকভাবে কাজ করছেন। তিনি বলেন, অতি দরিদ্র মানুষের ভাগ্যের পরিবর্তন, অর্থনৈতিক মুক্তি এবং একটি উন্নত-সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে বর্তমান সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। প্রধানমন্ত্রীর ঘোষিত ‘সবার আগে বাংলাদেশ’ রূপকল্প বাস্তবায়নে মাঠপর্যায়ে উন্নয়ন কার্যক্রম আরও জোরদার করা হবে বলেও জানান তিনি।
প্রতিমন্ত্রী আরও বলেন, সরকারের পাশাপাশি সাধারণ মানুষকেও আত্মনির্ভরশীল হতে এগিয়ে আসতে হবে। নিজেদের জীবনমান উন্নয়নে সচেতন প্রচেষ্টা চালালে সম্মিলিতভাবে একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
সকালের কর্মসূচি শেষে দুপুরে প্রতিমন্ত্রী সামাজিক সেবা প্রদান ও আত্মকর্মসংস্থান কর্মসূচির আওতায় হালদা নদী তীরবর্তী নিবন্ধিত মৎস্যজীবী জেলে পরিবারের মাঝে বিকল্প কর্মসংস্থানের অংশ হিসেবে ছাগল বিতরণ করেন।
পরে হাটহাজারী পৌরসভার বাস্তবায়নে এলজিসিআরআরপি (LGCRRP) বিশ্বব্যাংক প্রকল্পের আওতায় ‘Smart Street Lighting Development’ প্রকল্পের উদ্বোধন করেন তিনি। এ সময় বানজইন-উপজেলা-কলেজ রোড-বাসস্ট্যান্ড-এগারো মাইল এবং পার্বতী মডেল সরকারি উচ্চ বিদ্যালয়-কাচারী সড়ক-রামকুঁনি সড়কে আধুনিক সড়ক বাতি জ্বালিয়ে আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করা হয়।
এছাড়াও প্রতিমন্ত্রী হাটহাজারী পৌরসভার কামালপাড়া-রামকুঁনি সড়ক এবং শাহজালাল পাড়া কার্পেটিং উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন।
দিনব্যাপী এসব জনকল্যাণমূলক ও উন্নয়নমূলক কর্মসূচিতে হাটহাজারী উপজেলা ও পৌর প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply