1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
‎শিক্ষার্থীদের নৈতিকতা ও সচেতন নাগরিক হিসেবে গড়ে উঠতে হবেঃ মেয়র ডা. শাহাদাত হোসেন - দৈনিক আমার সময়

‎শিক্ষার্থীদের নৈতিকতা ও সচেতন নাগরিক হিসেবে গড়ে উঠতে হবেঃ মেয়র ডা. শাহাদাত হোসেন

জাকারিয়া হোসেন, চট্টগ্রাম
    প্রকাশিত : বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬

‎চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, শুধুমাত্র পুঁথিগত শিক্ষা নয়, শিক্ষার্থীদের নৈতিক শিক্ষা, মানবিকতা ও সামাজিক মূল্যবোধে সমৃদ্ধ হয়ে প্রকৃত মানুষ হিসেবে গড়ে উঠতে হবে। ভবিষ্যতে একজন শিক্ষার্থীর প্রকৃত পরিচয় নির্ধারণ করবে তার চরিত্র, দায়িত্ববোধ ও মানবিক আচরণ।
‎বৃহস্পতিবার (১৪ মে) সকালে নগরীর চকবাজারস্থ কাপাসগোলা সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয়ে আয়োজিত বার্ষিক পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা–২০২৬ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
‎অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর আবদুল্লাহ আল মামুন চৌধুরী, চেয়ারম্যান, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, চট্টগ্রাম। বিশেষ অতিথি ছিলেন নাজমা বিনতে আমিন, সিনিয়র সহকারী সচিব ও শিক্ষা কর্মকর্তা, চট্টগ্রাম সিটি কর্পোরেশন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ড. কিসিঞ্জার চাকমা।
‎মেয়র শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, তোমরা যতই মেধাবী হও না কেন, সকালের নাস্তা ছাড়া স্কুলে আসলে পাঠ ঠিকভাবে আয়ত্ত করা সম্ভব হবে না। তিনি শিক্ষার্থীদের প্রতিদিন পুষ্টিকর খাবার গ্রহণের পরামর্শ দিয়ে খাদ্যতালিকায় ডিম, দুধ, কলাসহ সুষম খাদ্য রাখার আহ্বান জানান। একই সঙ্গে ভিটামিন ও মিনারেলসমৃদ্ধ খাবার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বলেও উল্লেখ করেন।
‎স্বাস্থ্য সচেতনতার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, প্রিভেনশন ইজ বেটার দ্যান কিউর—রোগে আক্রান্ত হওয়ার আগে সচেতন হওয়াই সবচেয়ে গুরুত্বপূর্ণ। এ সময় তিনি করোনাকালীন স্বাস্থ্য সচেতনতার বিষয়ও স্মরণ করেন।
‎সমাজে নৈতিক অবক্ষয় প্রসঙ্গে মেয়র বলেন, একসময় সমাজের প্রবীণ ও দায়িত্বশীল ব্যক্তিরা শিক্ষার্থীদের খোঁজখবর রাখতেন, তাদের পড়াশোনা ও জীবনযাপন নিয়ে সচেতন থাকতেন। বর্তমানে সেই সামাজিক বন্ধন দুর্বল হয়ে যাওয়ায় সমাজে অনৈতিকতা ও দায়িত্বহীনতা বৃদ্ধি পেয়েছে বলে মন্তব্য করেন তিনি। এ অবস্থায় অভিভাবক, শিক্ষক, সমাজের গণ্যমান্য ব্যক্তি ও রাজনৈতিক নেতৃবৃন্দকে শিক্ষার্থীদের নৈতিক বিকাশে আরও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।
‎নগর পরিচ্ছন্নতা ও জলাবদ্ধতা নিরসনে শিক্ষার্থীদের সচেতন ভূমিকার ওপর গুরুত্বারোপ করে মেয়র বলেন, যত্রতত্র ময়লা ফেলার কারণে নালা-খাল ভরাট হয়ে জলাবদ্ধতার সৃষ্টি হয়। এছাড়া প্লাস্টিক বোতল বা আবর্জনায় জমে থাকা পানিতে এডিস মশার লার্ভা জন্ম নেয়, যা ডেঙ্গু ও চিকুনগুনিয়ার মতো রোগ ছড়ায়। তিনি শিক্ষার্থীদের নির্দিষ্ট ডাস্টবিন ব্যবহার এবং বাসা-বাড়ি থেকে পরিচ্ছন্নতার অভ্যাস গড়ে তোলার আহ্বান জানান।
‎তিনি আরও বলেন, চট্টগ্রাম নগরীর জলাবদ্ধতা নিরসনে বিভিন্ন খাল সংস্কার, নালা পরিষ্কার ও অবকাঠামোগত উন্নয়ন কার্যক্রম চলমান রয়েছে। তবে নাগরিক সচেতনতা ছাড়া এসব উদ্যোগের পূর্ণ সুফল পাওয়া সম্ভব নয়।
‎শিক্ষার্থীদের উদ্দেশ্যে অনুপ্রেরণামূলক বক্তব্যে মেয়র বলেন, তোমাদের মধ্য থেকেই ভবিষ্যতে কেউ মেয়র হবে, কেউ প্রধানমন্ত্রী, কেউ বিজ্ঞানী বা নোবেলজয়ী হবে। তবে সবার আগে ভালো মানুষ হতে হবে।
‎অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com