শহীদদের আত্মত্যাগই নতুন বাংলাদেশ বিনির্মাণের প্রেরণা: এবি পার্টি
জুলাই গণঅভ্যুত্থানের বীর শহীদ আবু সাঈদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তাঁর কবর জিয়ারত, দোয়া ও মোনাজাত এবং অসহায়-দুস্থ মানুষের মাঝে খাবার বিতরণ কর্মসূচি পালন করেছে আমার বাংলাদেশ (এবি) পার্টি।
রংপুরের পীরগঞ্জ উপজেলার শহীদ আবু সাঈদের গ্রামের বাড়িতে আয়োজিত এ কর্মসূচিতে দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা শহীদের কবর জিয়ারত করেন এবং তাঁর রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাতে অংশ নেন। পরে শহীদ আবু সাঈদের গর্বিত পিতার হাত দিয়ে স্থানীয় অসহায় ও দুস্থ মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়।
এ সময় নেতৃবৃন্দ বলেন, শহীদদের স্মরণ শুধু আনুষ্ঠানিকতা নয়; তাঁদের আদর্শ, ত্যাগ ও সংগ্রামের চেতনাকে ধারণ করেই বৈষম্যহীন, মানবিক এবং জবাবদিহিমূলক রাষ্ট্র প্রতিষ্ঠার আন্দোলন এগিয়ে নিতে হবে।
রংপুর মহানগর এবি পার্টির আহ্বায়ক অ্যাডভোকেট আব্দুর রউফ বলেন, “শহীদ আবু সাঈদ শুধু একটি নাম নন, তিনি অন্যায়, নিপীড়ন ও স্বৈরাচারের বিরুদ্ধে আপসহীন প্রতিরোধের প্রতীক। তাঁর আত্মত্যাগ জাতিকে মাথা উঁচু করে দাঁড়ানোর সাহস ও প্রেরণা যুগিয়েছে। শহীদদের স্বপ্নের নতুন বাংলাদেশ গড়তে ন্যায়ভিত্তিক রাষ্ট্র, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার প্রতিষ্ঠার লক্ষ্যে এবি পার্টি অবিচলভাবে কাজ করে যাবে।”
এবি পার্টির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক (রংপুর) আবু বক্কর সিদ্দিক বলেন, “জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের আত্মত্যাগ কখনো বৃথা যেতে দেওয়া হবে না। তাঁদের স্বপ্ন ছিল জনগণের অধিকারভিত্তিক, বৈষম্যহীন ও জবাবদিহিমূলক রাষ্ট্র প্রতিষ্ঠা। সেই স্বপ্ন বাস্তবায়নে জাতীয় ঐক্য আরও সুদৃঢ় করার পাশাপাশি মানুষের পাশে থেকে জনকল্যাণমূলক কর্মকাণ্ড অব্যাহত রাখবে এবি পার্টি।”
কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন রংপুর মহানগর এবি পার্টির যুগ্ম আহ্বায়ক গুলজার হোসেন, সদস্য সচিব মাহবুবুর রহমান, কুড়িগ্রাম জেলা আহ্বায়ক ডা. নজরুল ইসলাম, জাহিদুল ইসলাম জুয়েল, পীরগঞ্জ উপজেলা সদস্য সচিব শাহীন মিয়া, কুড়িগ্রাম পৌরসভার আহ্বায়ক রেজাউল করিম, রুবেলসহ মহানগর, জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ।
কর্মসূচি শেষে শহীদ আবু সাঈদের আত্মার মাগফিরাত কামনা এবং দেশের শান্তি, সমৃদ্ধি ও জনগণের কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
Leave a Reply