“সুস্থ শ্রমিক, কর্মঠ হাত, আসবে এবার নবপ্রভাত” এই প্রতিপাদ্যকে সামনে রেখে শরীয়তপুরের নড়িয়া উপজেলায় যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক শ্রম দিবস উদযাপন করা হয়েছে।
রবিবার ৩ মে বেলা ১২ টার সময় এ দিবসটি উদযাপন করা হয়।
নশাসন ইউনিয়ন পরিষদ, ঘরিষার ইউনিয়ন পরিষদ ও মোক্তারের চর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে সুইজ এম্বাসি, গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডা এবং ইউরোপীয় ইউনিয়নের যৌথ অর্থায়নে নাগরিকতা প্রোগ্রামের অধীনে নড়িয়া উন্নয়ন সমিতি (নুসা) বাস্তবায়িত এবং কনসোর্টিয়াম পার্টনার DORP, VERC ও SODEP-এর সহযোগিতায় গাইডেন্স প্রকল্পের আয়োজনে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের শুরুতে নশাসন, ঘরিষার ও মোক্তারের চর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণ থেকে পৃথকভাবে বর্ণাঢ্য র্যালি বের হয়ে আশপাশের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় আন্তর্জাতিক শ্রম দিবসের তাৎপর্য, শ্রমিকদের অধিকার, মজুরি বৈষম্য, কর্মস্থানে নারীদের নিরাপত্তা, নারীর মর্যাদা এবং শ্রম আইনের গুরুত্ব তুলে ধরা হয়। বিশেষভাবে কর্মক্ষেত্রে নারীদের জন্য নিরাপদ ও সুশীল পরিবেশ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।
এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ, সচিববৃন্দ, মহিলা সদস্যগণ, সিএসও প্রতিনিধিরা, গাইডেন্স প্রকল্পের কর্মকর্তাবৃন্দ, যুবক-যুবতীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
বক্তারা বলেন, শ্রম অধিকার প্রতিষ্ঠা, কর্মস্থানে মজুরি বৈষম্য দূরীকরণ, নারীর মর্যাদা রক্ষা এবং সমঅধিকার নিশ্চিত করতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। নারীর ক্ষমতায়ন ও ন্যায্য অধিকার প্রতিষ্ঠার মাধ্যমেই একটি উন্নত, মানবিক ও সমৃদ্ধ সমাজ গড়ে তোলা সম্ভব।
Leave a Reply