রংপুর জেলায় মটর শ্রমিক ইউনিয়নের বিভিন্ন অনিয়ম, দুর্নীতি ও সাংগঠনিক অচলাবস্থার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও অবস্থান কর্মসূচি পালন করেছেন শ্রমিকরা। রবিবার (৩ মে ২০২৬) দুপুরে রংপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল চত্বর থেকে শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে কর্মসূচিটি পালিত হয়।বিক্ষোভে অংশ নেওয়া শ্রমিকরা ব্যানার ও ফেস্টুন হাতে নিয়ে সংগঠনের অভ্যন্তরীণ সমস্যাগুলোর দ্রুত সমাধান দাবি করেন। পরে তারা সড়ক প্রদক্ষিণ শেষে নির্দিষ্ট স্থানে অবস্থান নিয়ে সংক্ষিপ্ত সমাবেশ করেন।সমাবেশে বক্তারা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে রংপুর জেলা মটর শ্রমিক ইউনিয়নের কার্যক্রমে স্বচ্ছতার অভাব বিরাজ করছে। নিয়মিত সাধারণ সভা অনুষ্ঠিত না হওয়া, আর্থিক হিসাব প্রকাশ না করা এবং নেতৃত্বে জবাবদিহিতার অভাবের কারণে সাধারণ শ্রমিকদের অধিকার ক্ষুণ্ন হচ্ছে। নির্বাচীত কমিটি না থাকায় জবাবদিহিতার বিষয় গুলো উল্লেখ যোগ্য হয়ে উঠেছে। বক্তারা আরও বলেন, একটি শ্রমিক সংগঠনের মূল ভিত্তি হচ্ছে গণতান্ত্রিক চর্চা ও স্বচ্ছতা। কিন্তু বর্তমান পরিস্থিতিতে শ্রমিকদের মতামত উপেক্ষিত হচ্ছে এবং সিদ্ধান্তগুলো একতরফাভাবে নেওয়া হচ্ছে বলে অভিযোগ ওঠে।তারা দ্রুত একটি গ্রহণযোগ্য ও স্বচ্ছ সাধারণ সভা আয়োজন, সংগঠনের আয়-ব্যয়ের পূর্ণাঙ্গ হিসাব প্রকাশ এবং সকল স্তরের শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করার জোর দাবি জানান।এ সময় শ্রমিক নেতারা হুঁশিয়ারি দিয়ে বলেন, দাবি বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি—যেমন কর্মবিরতি ও বৃহত্তর আন্দোলন—ঘোষণা করা হবে।কর্মসূচি থেকে রংপুর জেলা প্রশাসকের প্রতি শ্রমিকদের সমস্যা সমাধানে হস্তক্ষেপের আহ্বান জানানো হয়। পরে বিক্ষোভকারীরা শান্তিপূর্ণভাবে কর্মসূচি শেষ করেন।কর্মসূচিতে জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত শতাধিক শ্রমিক এবং স্থানীয় শ্রমিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply