1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
র‌্যাবের যৌথ অভিযানে বরিশালের বাকেরগঞ্জে সাইদুল হত্যা মামলার প্রধান আসামী মিলন খান গ্রেপ্তার - দৈনিক আমার সময়

র‌্যাবের যৌথ অভিযানে বরিশালের বাকেরগঞ্জে সাইদুল হত্যা মামলার প্রধান আসামী মিলন খান গ্রেপ্তার

বরিশাল প্রতিনিধি
    প্রকাশিত : রবিবার, ১৪ জুন, ২০২৬

বরিশালের বাকেরগঞ্জ থানার চাঞ্চল্যকর সাইদুল ইসলাম সজীব (২৬) হত্যা মামলার মূল হোতা ও প্রধান আসামী মোঃ মিলন খানকে গ্রেপ্তার করেছে র‍্যাব। ১৩ জুন শুক্রবার র‌্যাবের যৌথ অভিযানে ঢাকার ডেমরা থানাধীন সারুলিয়া এলাকায় থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত মোঃ মিলন খান (৪০) বরিশাল জেলার বাকেরগঞ্জ থানার লোচনাবাদ গ্রামের মৃত রুস্তম আলী খানের ছেলে। মামলার এজাহার ও র‍্যাব সূত্রে জানা যায় জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে গত ২৮ মার্চ সকাল ১০টার দিকে বাকেরগঞ্জের ১২নং রঙ্গশ্রী ইউনিয়নের লোচনাবাদ গ্রামে ভিকটিমের দখলীয় জমিতে দেশীয় অস্ত্রে সজ্জ্বিত হয়ে হামলা চালায় মিলন ও তার সহযোগীরা। তারা লোহার শাবল, রড, ধারালো দা ও লাঠিসোটা নিয়ে ভিকটিম মোঃ আবুল হোসেন খান (৫৮) ও তার পুত্র সাইদুল ইসলাম সজীবের ওপর এলোপাতাড়ি হামলা চালায়। হামলায় বাবা-ছেলে দুজনেই গুরুতর জখম হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে বাকেরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে বাবা আবুল হোসেনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হলেও ছেলে সজীবের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে বরিশাল শেরে-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। পরবর্তীতে অবস্থার আরও অবনতি হলে তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত ৩১ মার্চ রাত দেড়টার দিকে মৃত্যুু হয়। এই ঘটনায় নিহতের পিতা বাদী হয়ে বাকেরগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। র‍্যাবের জানায় হত্যাকাণ্ডের পর থেকেই আসামী অত্যন্ত চতুরতার সাথে এলাকা ছেড়ে আত্মগোপনে চলে যায়। ঘন ঘন অবস্থান পরিবর্তন করে সে আইন-শৃঙ্খলা বাহিনীকে বিভ্রান্ত করার চেষ্টা করছিল। কিন্তু আধুনিক তথ্যপ্রযুক্তি ব্যবহার করে তার অবস্থান নিশ্চিত করা হয়। র‍্যাব জানায় গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৮  এবং র‍্যাব-১০ এর একটি চৌকস দল ঢাকার ডেমরা থানার সারুলিয়া এলাকায় যৌথ অভিযান পরিচালনা করে মামলার এক নম্বর আসামী মিলন খানকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। গ্রেপ্তারকৃত আসামীর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে ডিএমপির যাত্রাবাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে বলে র‍্যাব-৮ এর পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com