উন্নত পল্লী সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে রংপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৬ জুলাই) রংপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি), রংপুরের উদ্যোগে এ আলোচনা সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর বিভাগের বিভাগীয় কমিশনার মো. শহিদুল ইসলাম, এনডিসি। বিশেষ অতিথি ছিলেন রংপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (ক্রাইম) মোহাম্মদ মাহফুজুর রহমান এবং অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রমিজ আলম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমিন। এছাড়াও বিআরডিবি রংপুর বিভাগের উপপরিচালক শহিদুর রহমান সুমনসহ বিভিন্ন সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সুধীজন উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে বিভাগীয় কমিশনার বলেন, আত্মকর্মসংস্থান সৃষ্টি, নারীর ক্ষমতায়ন, বেকারত্ব দূরীকরণ ও বৈষম্য হ্রাসে বিআরডিবি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। পল্লী উন্নয়নের মাধ্যমে দেশের সামগ্রিক উন্নয়ন নিশ্চিত করা সম্ভব। তিনি ঋণগ্রহীতাদের উৎপাদনমুখী কাজে ঋণের অর্থ ব্যবহার এবং নিয়মিত ঋণ পরিশোধের আহ্বান জানান।
বক্তারা বলেন, “পল্লীতে এসেছে শুভদিন, বিআরডিবি দিচ্ছে এসএমই ঋণ” এবং “তারুণ্যের শক্তি, বাংলাদেশের সমৃদ্ধি” স্লোগানকে সামনে রেখে গ্রামীণ অর্থনীতি আরও শক্তিশালী করতে কাজ করছে বিআরডিবি। তারা সঞ্চয়ের অভ্যাস গড়ে তোলা এবং সততা ও নিষ্ঠার সঙ্গে উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, পল্লী উন্নয়ন হলে দেশের উন্নয়ন আরও বেগবান হবে। এ লক্ষ্য বাস্তবায়নে সরকারি-বেসরকারি সকলকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তারা।
Leave a Reply