1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
রংপুরে উৎসবমুখর পরিবেশে এবি পার্টির বিভাগীয় প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত - দৈনিক আমার সময়

রংপুরে উৎসবমুখর পরিবেশে এবি পার্টির বিভাগীয় প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত

আলামীন রংপুর
    প্রকাশিত : শনিবার, ১৩ জুন, ২০২৬
oplus_0
উৎসবমুখর পরিবেশে রংপুরে অনুষ্ঠিত হয়েছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)-এর রংপুর বিভাগীয় প্রতিনিধি সম্মেলন-২০২৬। শনিবার (১৩ জুন) নগরীর জেলা পরিষদ কমিউনিটি  মিলনায়তনে আয়োজিত এ সম্মেলনে বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে আগত প্রতিনিধি, নেতাকর্মী ও সমর্থকদের উপস্থিতিতে মুখর হয়ে ওঠে অনুষ্ঠানস্থল।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান প্রফেসর ডা. মেজর (অব.) আব্দুল ওহাব মিনার।
এছাড়াও উপস্থিত ছিলেন এবি যুব পার্টির কেন্দ্রীয় আহ্বায়ক শাহাদাত উল্ল্যাহ টুটুল, এবি পার্টির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আব্দুল বাছেত মারজান, সহ-সাংগঠনিক সম্পাদক (রংপুর বিভাগ) মো. আবু বকর সিদ্দীক এবং রংপুর মহানগরের আহ্বায়ক অ্যাডভোকেট আব্দুর রউফ। সম্মেলনে সভাপতিত্ব করেন অ্যাডভোকেট আব্দুর রউফ।
প্রধান অতিথির বক্তব্যে মজিবুর রহমান মঞ্জু বলেন, “বাংলাদেশে একটি জবাবদিহিমূলক, দুর্নীতিমুক্ত ও জনকল্যাণভিত্তিক রাষ্ট্র গঠনে এবি পার্টি নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তৃণমূলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমেই জনগণের আস্থা অর্জন সম্ভব।”
তিনি আরও বলেন, “২০২০ সালের ২ মে এবি পার্টি প্রতিষ্ঠিত হওয়ার পর শুরুতে দলটিকে অনেকেই চিনতেন না। কিন্তু বর্তমানে দেশজুড়ে দলটির পরিচিতি বৃদ্ধি পেয়েছে। অতীতে ফ্যাসিস্ট সরকারের আমলে দলের ওপর নানা ধরনের জুলুম-নির্যাতন চালানো হয়েছে। রংপুরেও সভা-সমাবেশ ও মিছিল করতে গিয়ে নেতাকর্মীদের গ্রেপ্তারের ঘটনা ঘটেছে। বর্তমানে দল একটি ভালো অবস্থানে রয়েছে। দলের প্রতি নিবেদিতপ্রাণ থেকে নিয়মিত কাউন্সিলের মাধ্যমে সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী করতে হবে।”
বিশেষ অতিথি প্রফেসর ডা. মেজর (অব.) আব্দুল ওহাব মিনার বলেন, “সুশিক্ষিত, দক্ষ ও আদর্শবান নেতৃত্ব তৈরির মাধ্যমে সংগঠনকে আরও শক্তিশালী করতে হবে। দেশের স্বার্থে তরুণ প্রজন্মকে ইতিবাচক রাজনীতিতে সম্পৃক্ত করার বিকল্প নেই।”
তিনি আরও বলেন, “মানুষের আকাঙ্ক্ষার প্রতিফলন হিসেবে জুলাই সনদ বাস্তবায়নে বর্তমান সরকারকে দ্রুত পদক্ষেপ নিতে হবে। স্বাস্থ্য খাতে আরও গুরুত্ব দিয়ে হাসপাতালগুলোতে রোগীর শয্যাসংখ্যা বৃদ্ধি করা প্রয়োজন। উন্নয়নের ক্ষেত্রে কোনো একক দলের লোকজনকে বিশেষ সুবিধা না দিয়ে সকল নাগরিকের জন্য সমান সুযোগ-সুবিধা নিশ্চিত করতে হবে।”
এবি যুব পার্টির কেন্দ্রীয় আহ্বায়ক শাহাদাত উল্ল্যাহ টুটুল বলেন, “যুব সমাজই আগামী বাংলাদেশের চালিকাশক্তি। তাদের মেধা ও শক্তিকে দেশ গঠনের কাজে লাগাতে এবি যুব পার্টি বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে।”
রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আব্দুল বাছেত মারজান বলেন, “রংপুর বিভাগের প্রতিটি জেলা ও উপজেলায় সংগঠনের কার্যক্রম আরও বেগবান করতে ধারাবাহিক সাংগঠনিক উদ্যোগ গ্রহণ করা হবে।”
সহ-সাংগঠনিক সম্পাদক মো. আবু বকর সিদ্দীক বলেন, “নতুন সদস্য সংগ্রহ, সাংগঠনিক শৃঙ্খলা বজায় রাখা এবং জনসম্পৃক্ততা বৃদ্ধির মাধ্যমে এবি পার্টিকে একটি শক্তিশালী রাজনৈতিক প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তোলা হবে।”
সভাপতির বক্তব্যে রংপুর মহানগরের আহ্বায়ক অ্যাডভোকেট আব্দুর রউফ বলেন, “রংপুর মহানগর ও বিভাগজুড়ে দলকে আরও সুসংগঠিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। জনগণের প্রত্যাশা পূরণে নিবেদিত নেতৃত্ব গড়ে তুলতে হবে।”
সম্মেলনে বক্তারা তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও শক্তিশালী করা, নতুন নেতৃত্ব গড়ে তোলা এবং জনগণের অধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে রংপুর বিভাগে দলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার আহ্বান জানান তারা।
অনুষ্ঠানে অংশগ্রহণকারী প্রতিনিধিরা দলের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা, সাংগঠনিক সম্প্রসারণ এবং জাতীয় রাজনীতিতে এবি পার্টির ভূমিকা নিয়ে মতবিনিময় করেন। সম্মেলন শেষে সংগঠনের কার্যক্রম আরও বেগবান করার প্রত্যয় ব্যক্ত করেন নেতাকর্মীরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com