“মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস-২০২৬” উপলক্ষে রংপুরে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। শুক্রবার (২৬ জুন) জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, রংপুরের যৌথ উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
সকালে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য মাদকবিরোধী র্যালি বের হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালিতে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, শিক্ষার্থী, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। র্যালিতে অংশগ্রহণকারীরা মাদকবিরোধী বিভিন্ন সচেতনতামূলক প্ল্যাকার্ড ও ব্যানার বহন করেন।
পরে রংপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর বিভাগের বিভাগীয় কমিশনার মো. শহিদুল ইসলাম, এনডিসি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর রেঞ্জের ডিআইজি মো. আমিনুল ইসলাম, রংপুর র্যাব-১৩-এর এডিশনাল ডিআইজি ও অধিনায়ক লে. কর্নেল মনজুর করিম, পিএসসি, জি+, রংপুর ব্যাটালিয়ন (৫১ বিজিবি)-এর পরিচালক ও অধিনায়ক লে. কর্নেল মো. নাজিউর রহমান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিভাগীয় কার্যালয় রংপুরের অতিরিক্ত পরিচালক মো. মাসুদ হোসেন, রংপুরের পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল হক এবং
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রংপুরের জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমিন।
আলোচনা সভায় বক্তারা বলেন, মাদক শুধু একজন ব্যক্তির নয়, একটি পরিবার, সমাজ এবং রাষ্ট্রের জন্যও মারাত্মক হুমকি। মাদকের অপব্যবহার রোধে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান, গণমাধ্যম ও সচেতন নাগরিকদের সম্মিলিতভাবে কাজ করতে হবে। তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলা, সংস্কৃতি চর্চা ও নৈতিক শিক্ষার প্রসারের ওপর গুরুত্বারোপ করেন তারা।
বক্তারা আরও বলেন, মাদকাসক্ত ব্যক্তিদের অপরাধী হিসেবে নয়, চিকিৎসা ও পুনর্বাসনের প্রয়োজন রয়েছে—এমন মানুষ হিসেবে বিবেচনা করে তাদের সুস্থ জীবনে ফিরিয়ে আনতে সরকার ও সমাজকে একযোগে কাজ করতে হবে।
অনুষ্ঠান শেষে মাদকবিরোধী সচেতনতামূলক বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, রংপুরের উপপরিচালক মো. আবু জাফর। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন পরিদর্শক এস. এম. এলতাস উদ্দিন।
Leave a Reply