মানিকগঞ্জ সদর উপজেলার ঢাকা আরিচা মহাসড়ক সংলগ্ন ভাটবাউর এলাকায় ব্রাজিলের পতাকা টামাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক তরুণের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৯ জুন) বিকেল সাড়ে পাঁচ টার দিকে সদর উপজেলার ভাটবাউর এলাকার একটি আম গাছে পতাকা টানানোর সময় এ দুর্ঘটনা ঘটে বলে জানান সদর থানা ওসি মো. মনির হোসেন।
নিহত ফয়সাল (২০) ভাটবাউর এলাকার মুন্নু মিয়ার ছেলে। তিনি তাসনুভা ফিলিং স্টেশনের কর্মচারী ছিলেন বলে জানা গেছে।
স্থানীয়রা জানান, ব্রাজিল ফুটবল দলের সমর্থক ফয়সাল তাসনুভা ফিলিং স্টেশনের পাশের একটি আম গাছে ব্রাজিলের পতাকা টানানোর সময় বিদ্যুতের তারের সংস্পর্শে আসেন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বর্তমানে ফয়সালের মরদেহ মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
সদর থানা ওসি মনির হোসেন জানান, আজ মঙ্গলবার সন্ধ্যা সাড়ে পাঁচ টা থেকে ছয়টার মধ্যে ভাটবাউর এলাকায় তাসনুভা ফিলিং স্টেশনের পাশে একটি আম গাছে পতাকা টানানোর সময় ফয়সাল নামের এক যুবক নিহত হয়েছেন । এ ঘটনায় পুলিশ পাঠানো হয়েছে।
Leave a Reply