চট্টগ্রামের পতেঙ্গা থানাধীন খেজুরতলা এলাকায় দায়িত্ব পালন করতে গিয়ে হামলার শিকার হয়েছেন এক কেয়ারটেকার। পুকুরের মাছ ধরা ও গাছের ফুল সংগ্রহে বাধা দেওয়াকে কেন্দ্র করে সংঘটিত এ ঘটনায় আহত ব্যক্তি চিকিৎসা গ্রহণের পর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
জিডি সূত্রে জানা যায়, খেজুরতলা মেম্বার বাড়ি এলাকার পেয়ারা কুঠির নবাব খানের বাড়ির কেয়ারটেকার মোঃ ছবুর শেখ (৫৭) দীর্ঘদিন ধরে ওই সম্পত্তির দেখভালের দায়িত্ব পালন করে আসছেন। পাশাপাশি তিনি কবিরাজি ওষুধ বিক্রির পেশার সঙ্গেও জড়িত।
অভিযোগ অনুযায়ী, গত ২৯ মে ২০২৬ তারিখ সন্ধ্যা আনুমানিক সাড়ে ৭টার দিকে স্থানীয় কয়েকজন যুবক বাগানের গাছ থেকে ফুল সংগ্রহ এবং পুকুর থেকে মাছ ধরার চেষ্টা করেন। এ সময় দায়িত্বের অংশ হিসেবে ছবুর শেখ তাদের এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার অনুরোধ জানান। এতে ক্ষুব্ধ হয়ে অভিযুক্ত শওকত (২৫), ফোরকান আলী (২২), রুবেল জল দাশ (১৮) ও বগি জল দাশ (২২) তার ওপর চড়াও হয় বলে অভিযোগ করা হয়েছে।
জিডিতে উল্লেখ করা হয়, অভিযুক্তরা সংঘবদ্ধভাবে তাকে এলোপাতাড়ি চড়-থাপ্পড়, কিল-ঘুষি মেরে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে। হামলায় আহত হয়ে তিনি গুরুতর শারীরিক ক্ষতির শিকার হন। পরে তিনি চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে প্রয়োজনীয় চিকিৎসা গ্রহণ করেন।
ভুক্তভোগীর অভিযোগ, হামলার পর অভিযুক্তরা বিষয়টি নিয়ে কোনো ধরনের অভিযোগ বা আইনগত পদক্ষেপ গ্রহণ না করার জন্য ভয়ভীতি প্রদর্শন করে এবং প্রতিবাদ করলে প্রাণে মেরে ফেলার হুমকি দেয়। এতে তিনি নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।
পরবর্তীতে ভবিষ্যতে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে এবং আইনি সুরক্ষার স্বার্থে মোঃ ছবুর শেখ ৩০ মে ২০২৬ তারিখে পতেঙ্গা থানায় জিডি নং-১৬০৩ মূলে একটি সাধারণ ডায়েরি দায়ের করেন।
ভুক্তভোগী ঘটনার সুষ্ঠু তদন্ত, দোষীদের আইনের আওতায় আনা এবং তার জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।
Leave a Reply