1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
মসজিদে নববীর ইমাম পরিচয়ে বিভিন্ন সমস্যা সমাধানের নামে প্রতারণা, সিআইডির বিশেষ অভিযানে গ্রেফতার ১৯ প্রতারক - দৈনিক আমার সময়

মসজিদে নববীর ইমাম পরিচয়ে বিভিন্ন সমস্যা সমাধানের নামে প্রতারণা, সিআইডির বিশেষ অভিযানে গ্রেফতার ১৯ প্রতারক

আমিনুল ইসলাম বাবু
    প্রকাশিত : সোমবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৪
একটি প্রতারক চক্র পারিবারিক সমস্যা সমাধান করে দেওয়ার কথা বলে এক নারী ভূক্তভোগী আমেনা খান(৫৪) এর কাছ থেকে ২৫ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে। ‘দরবেশ বাবা’ পরিচয়ে কয়েক ধাপে তার কাছ থেকে এই টাকা আত্যসাৎ করা হয়। দরবেশ বাবা পরিচয়দানকারী এই চক্রের ১৯ জন সদস্যকে মাগুরা জেলা ও  ঢাকার কেরানীগঞ্জ এলাকা থেকে পৃথক অভিযানে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। খিলগাঁও থানায় দায়ের করা একটি মামলার তদন্ত করতে গিয়ে এই চক্রের সন্ধান পায় সিআইডি। 
প্রতারণার শিকার নারী পারিবারিক সমস্যা থাকায় মুক্তির পথ খুঁজছিলেন। এ অবস্থায় ফেসবুকে একটি বিজ্ঞাপন দেখে তার চোখ আটকে যায়। বিজ্ঞাপনে একজন সুদর্শন ব্যক্তি দরবেশ বেশধারী নিজেকে সৌদি আরবের মসজিদে নববীর ইমাম পরিচয় দিয়ে বলছেন, তিনি কোরআন হাদিসের আলোকে মানুষের সমস্যা সমাধানে কাজ করেন।
বিজ্ঞাপনটি মন কাড়ে ঐ নারী চিকিৎসকের। পরবর্তীতে বিজ্ঞাপনে দেওয়া মোবাইল নম্বরে যোগাযোগ করেন তিনি। অপরপ্রান্তে থাকা দরবেশ বাবা বেশধারী ব্যক্তি সুন্দরভাবে কথা বলে তার পারিবারিক সমস্যা শুনতে চান। ভুক্তভোগী চিকিৎসক তার পরিবারের সমস্যার কথা তুলে ধরেন কথিত দরবেশ বাবার কাছে। সমস্যার কথা শুনে দরবেশ তাকে বলেন, ‘মা তোমার সব সমস্যা সমাধান হয়ে যাবে। বাবার উপর আস্থা রাখো। তোমাকে মা বলে ডাকলাম। আজ থেকে তুমি আমার মেয়ে। তবে কিছু খরচ লাগবে। খরচের কথা কাউকে জানানো যাবে না। জানালে সমস্যার সমাধান তো হবেই না, বরং সমস্যা আরো বাড়বে এবং তোমার ছেলে-মেয়ে ও স্বামীর ক্ষতি হবে।’ নারী চিকিৎসক ভন্ড দরবেশের কথায় তার ভক্ত হয়ে যান।
এর পর থেকে বিভিন্ন ধাপে বিভিন্ন সময়ে অলৌকিক সমস্যার কথা বলে প্রলোভন ও ভয়-ভীতির মাধ্যমে মোট ২৫ লক্ষ টাকা হাতিয়ে নেয় এই প্রতারক চক্র। পরবর্তীতে এমএফএস নম্বরের সূত্র ধরে মাগুরা জেলা থেকে আশিকুর রহমান নামে একজনকে গ্রেফতার করে সিআইডি। তাকে জিজ্ঞাসাবাদে জানা যায়, এটি একটি সংঘবদ্ধ চক্র। এই চক্রের বিভিন্ন টেকনিক্যাল সাপোর্ট, বেনামে রেজিস্ট্রেশন করা সিম এবং ফেসবুকে বিজ্ঞাপন দেয়ার কাজ করে সে। পরবর্তীতে আশিকুরের দেওয়া তথ্যমতে ঢাকার কেরানীগঞ্জ থেকে কথিত দরবেশ পরিচয়দানকারী ১৮ জন আসামীকে গ্রেফতার করে সিআইডি।
আজ সোমবার সকালে সিআইডি মিডিয়া সেন্টারে এক প্রেস ব্রিফিং এর মাধ্যমে সিআইডি প্রধান মোহাম্মদ আলী মিয়া প্রিন্ট ও  ইলেকট্রনিক মিডিয়া সাংবাদিকদের জানান।
আসামীরা জিজ্ঞাসাবাদে জানিয়েছেন, ২০২০-২১ সাল থেকে তারা এই প্রতারণার সঙ্গে জড়িত। প্রথম দিকে তারা বিভিন্ন পত্রিকা ও টিভি চ্যানেলে বিজ্ঞাপন দিতেন। পরবর্তীতে তারা পত্রিকা এবং বিভিন্ন চ্যানেলের পাশাপাশি ইউটিউব ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতারণার বিজ্ঞাপন দিতে থাকে। ভুক্তভোগী সাধারণ মানুষ তাদের দেয়া মোবাইল নম্বরে ফোন দিলে সমস্যা সমাধানের নামে ভয়-ভীতি ও নানা প্রলোভন দেখিয়ে এমএফএস নম্বরে টাকা হাতিয়ে নিতো চক্রটি।
আসামীদের নিকট থেকে প্রতারণার সাথে জড়িত ৪১ টি মোবাইল, বিপুল সংখ্যক সিমকার্ড ও ডিজিটাল আলামত উদ্ধার করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com