1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
ভূমিসেবা মেলা-২০২৬ উপলক্ষে রংপুরে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত - দৈনিক আমার সময়

ভূমিসেবা মেলা-২০২৬ উপলক্ষে রংপুরে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত

আলামীন, রংপুর
    প্রকাশিত : মঙ্গলবার, ১৯ মে, ২০২৬
“জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা: সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ” প্রতিপাদ্যকে সামনে রেখে রংপুরে অনুষ্ঠিত হয়েছে ভূমিসেবা মেলা-২০২৬ উপলক্ষে এক বর্ণাঢ্য জনসচেতনতামূলক সভা। মঙ্গলবার (১৯ মে ২০২৬ খ্রি.) রংপুর জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে বিভাগীয় প্রশাসন ও জেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, জনপ্রতিনিধি, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর বিভাগের বিভাগীয় কমিশনার মোঃ শহিদুল ইসলাম এনডিসি। তিনি তাঁর বক্তব্যে বলেন, “ভূমি ব্যবস্থাপনাকে সম্পূর্ণ ডিজিটাল ও জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে সরকার নিরলসভাবে কাজ করছে। বর্তমান সময়ে অনলাইন নামজারি, ভূমি উন্নয়ন কর পরিশোধ, ই-পর্চা ও খতিয়ান যাচাইসহ অধিকাংশ ভূমিসেবা এখন প্রযুক্তিনির্ভর ও সহজলভ্য হয়েছে। এতে সাধারণ মানুষের সময় ও ভোগান্তি দুটোই কমেছে।”
তিনি আরও বলেন, “ভূমিসেবা মেলা-২০২৬ এর মাধ্যমে জনগণকে ভূমি সংক্রান্ত সেবা ও আধুনিক ব্যবস্থাপনা সম্পর্কে সচেতন করা হচ্ছে। ভূমি অফিসে স্বচ্ছতা, জবাবদিহিতা ও হয়রানিমুক্ত সেবা নিশ্চিত করতে সরকার যুগোপযোগী নানা উদ্যোগ বাস্তবায়ন করছে।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমিন, রংপুর জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল হক, রংপুর মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার মোহাম্মদ আবদুল মাবুদ এবং রংপুর জেলা পরিষদের প্রশাসক সাইফুল ইসলাম।
বক্তারা বলেন, ডিজিটাল ভূমি ব্যবস্থাপনার ফলে সাধারণ মানুষ এখন ঘরে বসেই বিভিন্ন সেবা গ্রহণ করতে পারছে। বিশেষ করে ই-নামজারি, অনলাইনে ভূমি উন্নয়ন কর প্রদান, খতিয়ান যাচাই ও অভিযোগ নিষ্পত্তি কার্যক্রমে এসেছে গতি ও স্বচ্ছতা। ভূমি মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত এই মেলা জনগণের মধ্যে সচেতনতা সৃষ্টি এবং ভূমি সেবাকে আরও জনবান্ধব করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে জেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সহকারী কমিশনার (ভূমি), ভূমি অফিসের কর্মচারী, স্কাউট সদস্য, শিক্ষার্থী, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, সারাদেশের ন্যায় রংপুরেও ১৯ মে থেকে শুরু হয়েছে তিন দিনব্যাপী “ভূমিসেবা মেলা-২০২৬”। মেলায় অনলাইন নামজারি, ভূমি উন্নয়ন কর প্রদান, ই-পর্চা সংগ্রহ, খতিয়ান যাচাই, জমির তথ্য হালনাগাদ, ভূমি সংক্রান্ত অভিযোগ গ্রহণ ও নিষ্পত্তিসহ বিভিন্ন ডিজিটাল সেবা প্রদান করা হচ্ছে। পাশাপাশি সাধারণ মানুষের মাঝে ভূমি সংক্রান্ত আইন, নিয়ম-কানুন ও অনলাইন সেবা ব্যবহারের বিষয়ে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com