বরিশালে অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন শীর্ষক কর্মসূচির ১৫ দিনব্যাপি দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে। ২৯ জুন সোমবার সকাল ১১টায় বরিশাল জেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে ২০২৫-২০২৬ অর্থবছরের অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন শীর্ষক কর্মসূচির ১৫ দিনব্যাপী দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ নগরীর রুপাতলিতে জেলা সমাজসেবা কমপ্লেক্স ভবনের সেমিনার কক্ষে জেলা প্রশাসক মোঃ খায়রুল আলম সুমন প্রশিক্ষণের উদ্বোধন করেন। এ প্রশিক্ষণের মাধ্যমে অংশগ্রহণকারীদের কর্মদক্ষতা বৃদ্ধি, আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং তাদের আর্থ-সামাজিক অবস্থার টেকসই উন্নয়ন নিশ্চিত করার লক্ষ্যে প্রয়োজনীয় জ্ঞান ও দক্ষতা প্রদান করা হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি জেলা প্রশাসক প্রশিক্ষণার্থীদের উদ্দেশে বলেন ১৫ দিনব্যাপী প্রশিক্ষণে আপনারা শুধু কাজ শিখবেন না, বরং অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার মূলমন্ত্র গ্রহণ করবেন। সরকার আপনাদেরকে প্রথাগত ও ঝুঁকিপূর্ণ পেশার বাইরে এনে মেধা ও দক্ষতার ভিত্তিতে ঘরে বসে আয়ের সুযোগ তৈরির লক্ষ্যে এ কর্মসূচি গ্রহণ করেছে। প্রশিক্ষণের মাধ্যমে যে দক্ষতা অর্জিত হবে তা আপনাদেরকে সমাজে মাথা উঁচু করে বাঁচার আত্মবিশ্বাস জোগাবে। তিনি বলেন এই প্রশিক্ষণের মাধ্যমে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়ে আপনাদের ভবিষ্যৎ প্রজন্মকে আধুনিক শিক্ষায় শিক্ষিত করতে হবে। এ সময় তিনি প্রশিক্ষণ শেষে সরকারের পক্ষ থেকে যে অনুদান দেওয়া হবে তা দিয়ে প্রশিক্ষণার্থীদের ব্যবসা বা উৎপাদনশীল কাজ শুরু করে জীবনমান উন্নয়নের আহ্বান জানান। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বরিশাল বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক শাহ মোঃ রফিকুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরিশাল জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক এ. কে. এম. আখতারুজ্জামান তালুকদার। এ সময় উপস্থিত ছিলেন বরিশাল সমাজসেবা অধিদপ্তরের আঞ্চলিক কেন্দ্রের অধ্যক্ষ সাজ্জাদ পারভেজ সহ বেসরকারি উন্নয়ন সংস্থার প্রতিনিধি ও অনগ্রসর জনগোষ্ঠীরা এবং গনমাধ্যমকর্মী।
Leave a Reply