চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) বন্দর থানার দ্রুত ও চৌকস অভিযানে আত্মসাৎ হওয়া প্রায় ১৫ লাখ টাকা মূল্যের গার্মেন্টস পণ্য (কাপড়) উদ্ধারসহ ঘটনায় জড়িত ৫ জন আসামীকে গ্রেফতার করা হয়েছে। ঘটনার পরপরই বন্দর থানা পুলিশ তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে অল্প সময়ের মধ্যেই মূল আসামীসহ পুরো চক্রকে আইনের আওতায় আনতে সক্ষম হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত মোঃ বেলাল (২৯) গাড়ির ড্রাইভার হিসেবে চট্টগ্রাম বন্দরের এনসিওয়াই ইয়ার্ড থেকে নারায়ণগঞ্জের আদমজী ইপিজেডে অবস্থিত সিমবা ফ্যাশন লিমিটেডে গার্মেন্টস পণ্য পৌঁছে দেওয়ার দায়িত্বে ছিলেন। কিন্তু গত ১৩ এপ্রিল রাত ২টা থেকে ১৫ এপ্রিল সকাল ৯টার মধ্যে তিনি অজ্ঞাতনামা আরও ৩/৪ জন সহযোগীর যোগসাজশে চালানে থাকা ৩৭ রোল গার্মেন্টস কাপড় আত্মসাৎ করেন। আত্মসাৎকৃত পণ্যের আনুমানিক মূল্য ১৫ লাখ টাকা।
ঘটনার পর বন্দর থানায় মামলা রুজু হলে সিএমপি বন্দর বিভাগের উপ-পুলিশ কমিশনার মোঃ আমিরুল ইসলামের সার্বিক নির্দেশনায় অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (বন্দর) ও সহকারী পুলিশ কমিশনার (বন্দর জোন)-এর তত্ত্বাবধানে অফিসার ইনচার্জ মোঃ আবদুর রহিমের নেতৃত্বে এসআই মনিরুল আলম খোরশেদ সঙ্গীয় ফোর্সসহ বিশেষ অভিযান পরিচালনা করেন।
অভিযানে প্রথমে এজাহারভুক্ত পলাতক আসামী মোঃ বেলালকে গ্রেফতার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে নগরীর বিভিন্ন এলাকায় ধারাবাহিক অভিযান চালিয়ে মোঃ আনোয়ার (৩১), মোঃ ফারুক (৩২), মোঃ নাছির (৫২) ও মোঃ জসিম (৪১)কে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ। পরবর্তীতে আসামীদের স্বীকারোক্তি ও তথ্য অনুযায়ী মোঃ নাছিরের হেফাজত থেকে ৬টি খাকি রঙের কাপড়ের রোল উদ্ধার করে জব্দ করা হয়।
দ্রুততম সময়ে সংঘবদ্ধ চক্রকে শনাক্ত ও গ্রেফতার এবং আত্মসাৎকৃত মালামাল উদ্ধারে বন্দর থানা পুলিশের এই সফল অভিযান নগরজুড়ে প্রশংসিত হচ্ছে।
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে বন্দর থানার মামলা নং-১৫, তারিখ ১২/০৫/২০২৬ ইং, ধারা ৪০৭/৪২০/১০৯ পেনাল কোড-১৮৬০ অনুযায়ী বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
Leave a Reply