চট্টগ্রাম নগরীর বন্দর থানা পুলিশের অভিযানে প্রায় ১৫ লাখ টাকা মূল্যের চোরাইকৃত ৬ কার্টুন মোবাইল ডিসপ্লে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে একজন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, উপ-পুলিশ কমিশনার (বন্দর) এর নির্দেশনায় এবং সহকারী পুলিশ কমিশনার (বন্দর জোন) মাজহারুল ইসলাম ও বন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রহিমের সার্বিক তত্ত্বাবধানে এসআই (নিঃ) মনিরুল ইসলামের নেতৃত্বে ৭ জুন ২০২৬ তারিখে লোহাগাড়া থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান চলাকালে তদন্তে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে মোঃ দেলোয়ার হোসেনকে গ্রেফতার করা হয়। পরে তার দেওয়া তথ্য অনুযায়ী চট্টগ্রামের রিয়াজউদ্দিন বাজার এলাকায় অভিযান চালিয়ে চুরি হওয়া মোবাইল ডিসপ্লের মধ্যে ৬ কার্টুন উদ্ধার করতে সক্ষম হন তদন্তকারী কর্মকর্তা।
পুলিশ জানায়, বাদীর এজাহার অনুযায়ী চুরি যাওয়া ১০ কার্টুন মোবাইল এলসিডি ডিসপ্লের মোট মূল্য প্রায় ৩২ লাখ টাকা। এ ঘটনায় বন্দর থানায় মামলা নং-০৯, তারিখ ০৪ জুন ২০২৬, ধারা ৪০৭/৪২০/১০৯, দণ্ডবিধি ১৮৬০ অনুযায়ী মামলা রুজু করা হয়েছে।
উদ্ধারকৃত ৬ কার্টুন মোবাইল ডিসপ্লের আনুমানিক বাজারমূল্য প্রায় ১৫ লাখ টাকা বলে জানিয়েছে পুলিশ। বাকি মালামাল উদ্ধারে এবং ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য ব্যক্তিদের শনাক্ত ও গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
পুলিশ কর্মকর্তারা জানান, অপরাধ দমনে বন্দর থানা পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে এবং চুরি ও প্রতারণার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
Leave a Reply