চট্টগ্রাম মহানগরের বন্দর থানাধীন গোসাইলডাঙ্গা শ্মশান কালী বাড়ী মন্দিরে সংঘটিত চুরির ঘটনায় অভিযুক্ত মূল হোতাকে গ্রেফতার করেছে বন্দর থানা পুলিশ। এ সময় তার কাছ থেকে নগদ ১১ হাজার ৫৩৮ টাকা জব্দ করা হয়েছে। চুরি হওয়া স্বর্ণ ও রূপার অবশিষ্ট মালামাল উদ্ধার এবং ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গত ২৫ জুন ২০২৬ তারিখ রাত আনুমানিক ৩টার দিকে অজ্ঞাতনামা চোরেরা মধ্যম গোসাইলডাঙ্গার বিনাগ লেইন এলাকায় অবস্থিত গোসাইলডাঙ্গা শ্মশান কালী বাড়ী মন্দিরে গোপনে প্রবেশ করে। পরে মন্দিরের মূর্তি থেকে আনুমানিক ১ লাখ টাকার স্বর্ণালংকার এবং ১ লাখ ২৫ হাজার টাকার রূপার সামগ্রী চুরি করে নিয়ে যায়। এ ঘটনায় বন্দর থানায় একটি মামলা দায়ের করা হয়।
মামলার তদন্তের ধারাবাহিকতায় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) বন্দর বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আমিরুল ইসলামের সার্বিক দিকনির্দেশনায় এবং অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (বন্দর)-এর তত্ত্বাবধানে বন্দর থানার অফিসার ইনচার্জ মো. আবদুর রহিমের নেতৃত্বে এসআই খায়রুল বাসার সাজিদ সঙ্গীয় ফোর্সসহ বিশেষ অভিযান পরিচালনা করেন।
অভিযানের একপর্যায়ে ২৭ জুন ২০২৬ রাত আনুমানিক ১০টা ৫০ মিনিটে সাগরিকা রোডের বিটাক মোড় এলাকার তিতাস ফার্মেসির সামনে থেকে মো. আরমান (৩৩) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। পরে তার হেফাজত থেকে বিভিন্ন মূল্যমানের নোট ও কয়েনসহ মোট ১১ হাজার ৫৩৮ টাকা জব্দ করা হয়।
গ্রেফতারকৃত আরমানের গ্রামের বাড়ি পটুয়াখালীর বাউফল উপজেলার কালাইয়া এলাকায়। বর্তমানে তিনি চট্টগ্রাম নগরের পাহাড়তলী থানাধীন দক্ষিণ কাট্টলী রূপালী আবাসিক এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন।
পুলিশ জানিয়েছে, এ ঘটনায় জড়িত অন্যান্য আসামিদের গ্রেফতার এবং চুরি হওয়া অবশিষ্ট স্বর্ণ ও রূপার সামগ্রী উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।
Leave a Reply