চট্টগ্রাম নগরীর ইপিজেড থানাধীন বন্দর ডক শ্রমিক আবাসিক এলাকার জামে মসজিদে দুই মামলার আসামি মাহমুদ হাসানকে অনিয়মের মাধ্যমে ইমাম হিসেবে নিয়োগের প্রক্রিয়া বন্ধের দাবিতে মানববন্ধন করেছেন মুসল্লি ও এলাকাবাসী।
শনিবার (২৭ জুন) সকালে ডক শ্রমিক মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত এ মানববন্ধনে শতাধিক মুসল্লি ও স্থানীয় বাসিন্দা অংশ নেন। এ সময় তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি বিতর্কিত প্রার্থী মাহমুদ হাসানের নিয়োগ প্রক্রিয়া বাতিল করে যাচাই-বাছাইয়ের মাধ্যমে যোগ্য, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য একজন ইমাম নিয়োগের দাবি জানান।
মানববন্ধনে বক্তব্য রাখেন মসজিদের মুসল্লি জিএম জসিম, মোহাম্মদ নাসির উদ্দিন মোল্লা, মো. ইলিয়াস, রাজু, সোহাগসহ আরও অনেকে।
বক্তারা বলেন, মাহমুদ হাসান দুটি ফৌজদারি মামলার আসামি রয়েছেন। এছাড়া তার বিরুদ্ধে বিভিন্ন দপ্তরে অভিযোগ রয়েছে এবং বিভিন্ন সময় অপরাধসংক্রান্ত অভিযোগে থানায় সাধারণ ডায়েরি (জিডি) হয়েছে বলেও তারা দাবি করেন। এমন একজন ব্যক্তিকে মসজিদের ইমামের মতো গুরুত্বপূর্ণ দায়িত্বে নিয়োগ দেওয়া হলে মুসল্লিদের মধ্যে অসন্তোষ ও ক্ষোভ সৃষ্টি হবে বলে তারা আশঙ্কা প্রকাশ করেন।
মানববন্ধনে উপস্থিত মুসল্লিরা আরও বলেন, ইমাম নিয়োগের ক্ষেত্রে ধর্মীয় জ্ঞান, নৈতিকতা, সামাজিক গ্রহণযোগ্যতা ও ব্যক্তিগত ভাবমূর্তিকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া উচিত। তাই স্বচ্ছ ও নিরপেক্ষ যাচাই-বাছাইয়ের মাধ্যমে একজন যোগ্য ব্যক্তিকে নিয়োগ দেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান তারা।
বক্তারা আরও উল্লেখ করেন, মাহমুদ হাসানের বিরুদ্ধে সি আর ২০২০ সালের মামলা নং-১৭৬, দণ্ডবিধির ১৪৭, ৩২৪, ৩২৬, ৩০৭, ৩৫৪, ৪২৭/৩৪ ধারায় এবং ২০২১ সালের সি আর মামলা নং-২২৪, দণ্ডবিধির ৪৪৮, ৩২৩, ৩২৬, ৩০৭, ৩৭৯ ও ৫০৬ ধারায় মামলা রয়েছে। উভয় মামলায় তিনি ২ নম্বর আসামি হিসেবে অন্তর্ভুক্ত আছেন বলে মানববন্ধনে দাবি করা হয়।
শেষে মানববন্ধনকারীরা বলেন, বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে জনমত ও মুসল্লিদের প্রত্যাশার প্রতি সম্মান জানিয়ে স্বচ্ছ প্রক্রিয়ায় ইমাম নিয়োগ নিশ্চিত করা হোক।
Leave a Reply