রংপুর কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের কমিশনার মোহাম্মদ সফিউর রহমানের বিরুদ্ধে অসৌজন্যমূলক আচরণের অভিযোগে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন স্থানীয় সাংবাদিকরা।
রবিবার সকাল ১১টায় রংপুর প্রেসক্লাব চত্বরে রংপুর সাংবাদিক ইউনিয়ন (আরপিইউজে) এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের অংশগ্রহণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
বক্তারা জানান, দৈনিক দিনকালের রংপুর ব্যুরো প্রধান ও আরপিইউজে সভাপতি প্রবীণ সাংবাদিক সালেকুজ্জামান সালেক পেশাগত দায়িত্ব পালনকালে কাস্টমস কমিশনার মোহাম্মদ সফিউর রহমানের কাছ থেকে অসৌজন্যমূলক আচরণের শিকার হন।
এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বক্তারা সংশ্লিষ্ট কর্মকর্তার অপসারণ এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। তারা বলেন, সাংবাদিকদের সঙ্গে এ ধরনের আচরণ গণমাধ্যমের স্বাধীনতার পরিপন্থী এবং কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
সমাবেশে আরও বলা হয়, দ্রুত সময়ের মধ্যে দাবি বাস্তবায়ন না হলে কঠোর আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে।
মানববন্ধন শেষে সংক্ষিপ্ত সমাবেশে সাংবাদিক নেতৃবৃন্দ বক্তব্য রাখেন এবং সাংবাদিকদের অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
Leave a Reply