মানবতার সেবাই হোক রাজনীতির সর্বোচ্চ পরিচয়, এই প্রত্যয়কে সামনে রেখে চট্টগ্রাম মহানগরীর ৩৮ নম্বর ওয়ার্ডে অসহায়, প্রতিবন্ধী, প্যারালাইসিস ও ক্যান্সারে আক্রান্ত ব্যক্তির মাঝে ২৫ হাজার টাকার আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে।
শনিবার (১১ জুলাই ২০২৬) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর পক্ষ থেকে এই আর্থিক সহায়তা প্রদান করা হয়। বিসিবির সম্মানিত পরিচালক ইসরাফিল খসরু মাহমুদ চৌধুরীর পরামর্শক্রমে পরিচালিত মানবিক এ কার্যক্রমের আওতায় সর্বপ্রথম ৩৮ নম্বর ওয়ার্ডে চেক বিতরণ করা হয়।
উপকারভোগীর হাতে ২৫ হাজার টাকার চেক তুলে দেন ৩৮ নম্বর ওয়ার্ড জনতার কাউন্সিলর আলহাজ্ব মোহাম্মদ হানিফ সওদাগর।
এ সময় আলহাজ্ব মোহাম্মদ হানিফ সওদাগর বলেন, সমাজের অসহায়, দুস্থ ও অসুস্থ মানুষের পাশে দাঁড়ানোই প্রকৃত জনসেবার অন্যতম দায়িত্ব। রাজনৈতিক কর্মকাণ্ডের পাশাপাশি মানবিক সেবামূলক কার্যক্রমের মাধ্যমেই মানুষের আস্থা ও ভালোবাসা অর্জন করা সম্ভব। তিনি বলেন, ৩৮ নম্বর ওয়ার্ডে অবকাঠামোগত উন্নয়ন, সামাজিক কল্যাণমূলক উদ্যোগ এবং দরিদ্র মানুষের সহায়তায় ধারাবাহিকভাবে কাজ চলছে এবং ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক মোহাম্মদ তাজউদ্দীন তাজু, ৩৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সহ-সভাপতি আলী আজম, ৩৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক মোহাম্মদ হোসেন মনা এবং ৩৮ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ রিদুয়ান। এছাড়াও বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, অসহায় মানুষের মুখে হাসি ফোটানোই এ উদ্যোগের মূল লক্ষ্য। মানবিক এই সহায়তা সমাজে সহমর্মিতা, দায়িত্ববোধ ও সামাজিক সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে। তারা আশা প্রকাশ করেন, সমাজের বিত্তবান ও জনপ্রতিনিধিরাও এ ধরনের জনকল্যাণমূলক কর্মকাণ্ডে আরও বেশি সম্পৃক্ত হবেন।
স্থানীয়রা জানান, জনকল্যাণ ও উন্নয়নমুখী বিভিন্ন কর্মকাণ্ডের পাশাপাশি আলহাজ্ব মোহাম্মদ হানিফ সওদাগরের উদ্যোগে ওয়ার্ডবাসীর পাশে থাকার যে ধারাবাহিকতা গড়ে উঠেছে, এই মানবিক সহায়তা কার্যক্রম তারই আরেকটি উজ্জ্বল উদাহরণ।
Leave a Reply