1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
‎সিএমপিতে সাড়ে চার লাখ টাকা ঘুষ ও উদ্ধার করা ইয়াবা গায়েবের অভিযোগ উঠেছে এক এসআই এর বিরুদ্ধে - দৈনিক আমার সময়

‎সিএমপিতে সাড়ে চার লাখ টাকা ঘুষ ও উদ্ধার করা ইয়াবা গায়েবের অভিযোগ উঠেছে এক এসআই এর বিরুদ্ধে

‎মোঃ নজরুল ইসলাম চৌধুরী / জাকারিয়া হোসেন, চট্টগ্রাম
    প্রকাশিত : শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬

‎(৩৮০ পিস ইয়াবা উদ্ধার, এজাহারে ৫০! বাকি ৩৩০ পিস গায়েবের অভিযোগ, বিতর্কে এসআই বাহার)
‎

‎পুলিশের কাজ অপরাধ দমন, মাদক নির্মূল এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা। অথচ সেই পুলিশের একজন কর্মকর্তার বিরুদ্ধেই উঠেছে উদ্ধার করা মাদকের পরিমাণ গোপন, ঘুষ গ্রহণ এবং মাদক কারবারিদের সঙ্গে সখ্য গড়ে তোলার মতো গুরুতর অভিযোগ। চট্টগ্রাম নগরীর (সিএমপি) বায়েজিদ বোস্তামী থানাধীন অক্সিজেন পুলিশ বক্সের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) মো. বাহার মিয়ার বিরুদ্ধে এমন একাধিক অভিযোগ সামনে এসেছে। বিশেষ করে একটি মাদক মামলায় ৩৮০ পিস ইয়াবা উদ্ধারের দাবি থাকলেও এজাহারে উল্লেখ করা হয়েছে মাত্র ৫০ পিস। বাকি ৩৩০ পিস ইয়াবা কোথায় গেল, তা নিয়ে দেখা দিয়েছে নানা প্রশ্ন।

‎অভিযোগ রয়েছে, জান্নাতুল ফেরদৌস বিথী নামের এক নারীকে ৫০ পিস ইয়াবা দিয়ে মামলা দেওয়া হয়। অথচ অভিযানের সময় দুটি প্যাকেটে মোট ৩৮০ পিস ইয়াবা ছিল। পরবর্তীতে মামলার ভয় দেখিয়ে বিথীর কাছ থেকে ২ লাখ ৫০ হাজার টাকা এবং তাঁর স্বামী রায়হানের কাছ থেকে আরও ২ লাখ টাকা ঘুষ গ্রহণ করা হয়। এসব টাকা বায়েজিদ থানাধীন শহীদনগরের কথিত পুলিশের সোর্স ও অর্থ লেনদেনের মধ্যস্থতাকারী ইদ্রিসের মাধ্যমে আদান-প্রদান হয়েছে বলে অভিযোগ উঠেছে।

‎প্রতিবেদকের হাতে আসা একটি ভিডিও ফুটেজ এবং নির্ভরযোগ্য সূত্রের দেওয়া তথ্য অনুযায়ী, অভিযানের দৃশ্যের সঙ্গে মামলার এজাহারের বিবরণে অসংগতি রয়েছে বলে দাবি করা হচ্ছে। ফলে প্রশ্ন উঠেছে, ৩৮০ পিস ইয়াবার মধ্যে বাকি ৩৩০ পিস কি অর্থের বিনিময়ে গায়েব করা হয়েছে? নাকি এর পেছনে রয়েছে অন্য কোনো রহস্য?

‎গত ২৫ অক্টোবর ২০২৬ তারিখে বায়েজিদ বোস্তামী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা মামলা নম্বর-৪৩-এর এজাহারে উল্লেখ করা হয়, বায়েজিদ বোস্তামী থানার সাধারণ ডায়েরি নম্বর-১৬১৪, তারিখ ২৪/১০/২০২৬ ইং মূলে মাদক ও অস্ত্র উদ্ধার এবং ওয়ারেন্ট তামিলের উদ্দেশ্যে অভিযান পরিচালনা করা হয়।

‎এজাহার অনুযায়ী, রাত ২৩টা ২০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে বায়েজিদ বোস্তামী থানাধীন পশ্চিম শহীদনগরস্থ আবুলের মার বাড়িতে জান্নাতুল ফেরদৌস বিথী (২৫) নামের এক নারী মাদকদ্রব্য বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছেন বলে সংবাদ পাওয়া যায়। পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ সেখানে অভিযান পরিচালনা করা হয়। এজাহারে আরও উল্লেখ করা হয়, উপস্থিত লোকজনের সামনে জান্নাতুল ফেরদৌস বিথীর দেহ তল্লাশির সময় তাঁর পরিহিত প্যান্টের পকেট থেকে নিজ হাতে বের করে দেওয়া একটি নীল জিপারযুক্ত পলিথিনে রাখা ৫০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

‎তবে প্রতিবেদকের হাতে আসা ভিডিও ফুটেজে অভিযানের সময় দুটি প্যাকেট থাকার দাবি করা হয়েছে। অভিযোগ অনুযায়ী, সেখানে মোট ৩৮০ পিস ইয়াবা ছিল। অথচ মামলার এজাহারে উল্লেখ রয়েছে মাত্র ৫০ পিসের। এ অবস্থায় বাকি ৩৩০ পিস ইয়াবার হিসাব নিয়ে গুরুতর প্রশ্ন দেখা দিয়েছে।

‎

‎নাছির থেকে ফয়সল—মাদক কারবারিদের কাছ থেকে মাসোহারা নেওয়ার নানা অভিযোগ-

‎

‎এসআই বাহার মিয়ার বিরুদ্ধে শহীদনগরের ইয়াবা ব্যবসায়ী নাছির ওরফে ইয়াবা নাছিরের কাছ থেকে প্রতি মাসে ৫০ হাজার টাকা করে মাসোহারা গ্রহণের অভিযোগ রয়েছে। নাছিরের বিরুদ্ধে ৪৫টি মামলা রয়েছে বলে জানা গেছে।

‎অভিযোগ রয়েছে, গত ১৮ অক্টোবর ২০২৬ তারিখে নাছিরের স্ত্রীকে ৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করে থানায় নিয়ে আসার পর ভিন্ন ঘটনা দেখিয়ে ২ লাখ টাকা ঘুষ গ্রহণ করে তাঁকে ছেড়ে দেওয়া হয়। এ ক্ষেত্রেও শহীদনগরের কথিত পুলিশের সোর্স ও ঘুষ লেনদেনের মধ্যস্থতাকারী ইদ্রিসের মাধ্যমে অর্থ লেনদেন হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।একাধিক মাদক মামলার আসামি মোহাম্মদ ফয়সলের সঙ্গেও এসআই বাহারের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে বলে অভিযোগ উঠেছে। ফয়সলের কাছ থেকে মাসিক ৫০ হাজার টাকা করে মাসোহারা নেওয়া হয় বলে সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে। এসব অর্থের একটি অংশ এএসআই মো. জসিম ও এএসআই মো. জিয়ার কাছেও পৌঁছে যায় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

‎শহীদনগরের ইয়াবা ডিলার মো. সোহেল ওরফে ব্ল্যাক সোহেলের সঙ্গেও এসআই বাহারের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে এবং তাঁর কাছ থেকে মাসিক মোটা অঙ্কের টাকা গ্রহণ করা হয় বলে অভিযোগ পাওয়া গেছে। সোহেল কথিত ঘুষ লেনদেনের মধ্যস্থতাকারী ইদ্রিসের ভাই বলেও অভিযোগে উল্লেখ রয়েছে।

‎

‎গাঁজা ব্যবসায়ী থেকে হকার—অর্থ আদায়ের অভিযোগ-

‎অক্সিজেন এলাকার গাঁজা ব্যবসায়ী ও মামলার আসামি চান মিয়ার কাছ থেকে প্রতিদিন ৬০০ টাকা হারে অর্থ গ্রহণ করা হয় বলেও এসআই বাহারের বিরুদ্ধে অভিযোগ রয়েছে। বায়েজিদ থানাধীন বার্মা কলোনির মাদক ব্যবসায়ী হিসেবে অভিযুক্ত ও মামলার আসামি বিধবা নারী জুলেখা বেগমের কাছ থেকেও মাসিক মোটা অঙ্কের মাসোহারা নেওয়ার অভিযোগ উঠেছে।

‎অন্যদিকে, আরেফীন নগর, আস্তানা নগর ও কামালের পাহাড় এলাকার ইয়াবা ব্যবসায়ী সোহাগকে ২০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করে ৫০ হাজার টাকা ঘুষ গ্রহণের পর সিএমপি অধ্যাদেশের ৮৮ ধারায় চালান দেওয়া হয়েছে বলেও অভিযোগ রয়েছে।

‎একাধিক মামলার আসামি মো. রুবেল প্রকাশ ডোনার রুবেল একজন ইয়াবা ডিলার বলে অভিযোগ রয়েছে। তাঁকে নিয়ে রাতে পুলিশ বক্সে বসে আলোচনা করে মাসিক মোটা অঙ্কের মাসোহারা গ্রহণের অভিযোগও পাওয়া গেছে। এ ছাড়া আতুরার ডিপো এলাকার ইয়াবা ব্যবসায়ী মো. জনির কাছ থেকেও মাসিক মাসোহারা গ্রহণের অভিযোগ রয়েছে এসআই বাহারের বিরুদ্ধে। শুধু মাদক কারবারি নয়, অক্সিজেন পুলিশ বক্সের আশপাশের ভ্যানগাড়ি ব্যবসায়ীদের কাছ থেকেও অর্থ আদায়ের অভিযোগ উঠেছে। প্রায় ১০০ জন হকারের কাছ থেকে প্রতিদিন ২০০ টাকা হারে চাঁদা নেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

‎প্রতিবেদনে উত্থাপিত অভিযোগের বিষয়ে অক্সিজেন পুলিশ বক্সের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) মো. বাহার মিয়ার বক্তব্য জানতে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, অভিযানে আমি একা ছিলাম না, পুরো একটা টিম ছিল। ভিডিওতে দুটি প্যাকেট আর এজাহারে একটি প্যাকেট উল্লেখ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন একটি প্যাকেট খালি ছিল। তবে পুরো ঘটনার বিষয়ে তার কাছ থেকে সন্তোষজনক কোন বক্তব্য পাওয়া যায়নি।

‎একজন পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মাদক কারবারিদের সঙ্গে কথিত সখ্য, নিয়মিত মাসোহারা গ্রহণ, ঘুষ লেনদেন এবং উদ্ধার করা মাদকের পরিমাণ নিয়ে গরমিলের এমন সব অভিযোগ অত্যন্ত গুরুতর। বিশেষ করে জান্নাতুল ফেরদৌস বিথীর মামলায় ৩৮০ পিস ইয়াবা উদ্ধারের দাবির বিপরীতে এজাহারে ৫০ পিস উল্লেখ থাকার বিষয়টি নিরপেক্ষ তদন্তের দাবি রাখে।

‎

‎এ বিষয়ে বায়েজিদ বোস্তামী থানার অফিসার ইনচার্জ (ওসি)”র বক্তব্য জানতে চাইলে তিনি বলেন, এমন কোন ঘটনা ঘটার কথা না, মাননীয় পুলিশ কমিশনার স্যারের নির্দেশ রয়েছেন যেকোনো আলামত জব্দ সকলের সামনে করার, তারপরও এই ঘটনা সম্পর্কে আমি বিস্তারিত খতিয়ে দেখছি।

‎অন্যদিকে, অভিযোগগুলোর বিষয়ে সংশ্লিষ্ট উত্তর জোনের উপ-সহকারী পুলিশ কমিশনার (ডিসির) বক্তব্য জানতে চেয়ে তার মুঠোফোনে ফোন দিলে ফোন রিসিভ করেননি।

‎বাকি ৩৩০ পিস ইয়াবা কোথায় গেল, অভিযোগ অনুযায়ী ৪ লাখ ৫০ হাজার টাকা ঘুষ লেনদেনের

‎ঘটনা যথাযথ তদন্তের মাধ্যমে বেরিয়ে আসা জরুরি।

‎এখন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে প্রশ্ন—উদ্ধার করা ইয়াবার প্রকৃত হিসাব কোথায়? এসব অভিযোগের নিরপেক্ষ তদন্ত করে প্রকৃত ঘটনা উদ্‌ঘাটন এবং অভিযোগ প্রমাণিত হলে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে কি?

‎

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com