1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
সচিবালয়ে আনসারদের বিক্ষোভ - দৈনিক আমার সময়

সচিবালয়ে আনসারদের বিক্ষোভ

শাহীনুর ইসলাম ধ্রুব নয়ন
    প্রকাশিত : রবিবার, ২৫ আগস্ট, ২০২৪
সাধারণ আনসারদের দাবি-দাওয়া নিয়ে সরকারের জারি করা ৩ বিষয়ের সিদ্ধান্তের পরেও আনসারদের বিক্ষোভের পরিপ্রেক্ষিতে ফের অবরুদ্ধ হয়ে পড়েছে সচিবালয়। 
২৫ আগস্ট (রোববার) দুপুর ১২টার পর তারা সচিবালয়ের সামনে এবং অন্যান্য গেটগুলোতে অবস্থান নেন। একপর্যায়ে তাদের একাংশ সচিবালয়ের ভিতরে প্রবেশ করে বিভিন্ন শ্লোগান দিতে থাকেন।
জানা যায়, রোববার দুপুর ১টা ২০ মিনিটের দিকে আন্দোলনরত আনসাররা  তিন নম্বর গেট দিয়ে সচিবালয়ের ভেতরে ঢোকেন। এসময় অবরুদ্ধ হয়ে পড়েন সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীরা।
এর আগে দুপুর ১২টার পর চাকরি জাতীয়করণের দাবিতে সচিবালয়ের সামনে বিক্ষোভ করেন তারা। এরপর অর্ধশতাধিক আনসার ঢুকলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গেটটি দ্রুত বন্ধ করে দেয়। ভেতরে ঢুকে তারা চাকরি জাতীয়করণের দাবিতে স্লোগান দিতে থাকেন।
গত দুদিন ধরে চাকরি জাতীয়করণের দাবিতে আন্দোলন করছেন আনসাররা। তাদের দাবি, তারা দীর্ঘদিন ধরে বৈষম্যের শিকার হয়ে আসছেন। আশ্বাস দিয়েও চাকরি জাতীয়করণ করা হয়নি বলেও দাবি করেন তারা।
এসময় আন্দোলনকারী আনসা সদস্যরা বলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা সচিবালয় থেকে কাউকে বের হতে এবং প্রবেশ করতে দেবেন না।
এর আগে সাধারণ আনসারদের দাবি-দাওয়া নিয়ে সিদ্ধান্ত জানিয়েছে সরকার । ২৪ আগষ্ট (শনিবার) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব ড. মোহাম্মদ আবদুল মোমেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়েছে, সাধারণ আনসারদের দাবি-দাওয়া সম্পর্কে প্রধান উপদেষ্টা অবহিত হয়েছেন। সাধারণ আনসার কর্তৃক উত্থাপিত দাবি-দাওয়াগুলো সরকার গভীর মনোযোগ ও সহানুভূতির সঙ্গে পর্যালোচনা করেছে। প্রাথমিকভাবে কিছু দাবি যৌক্তিক প্রতীয়মান হয়েছে। এ প্রেক্ষিতে সরকার কয়েকটি সিদ্ধান্ত গ্রহণ করেছে।
সিদ্ধান্তগুলো হলো :
১. সাধারণ আনসারদের ৩ বছর চাকরিকালের পর যে বিশ্রাম দেওয়া হয়, সে ক্ষেত্রে বিশ্রাম না দিয়ে চাকরি অব্যাহত রাখার বিষয়টি পরীক্ষা করা হবে এবং আপাতত সাধারণ আনসার হিসেবে নতুন কোনো নিয়োগ দেওয়া হবে না।
২. সাধারণ আনসারদের প্রতিনিধিসহ আনসার ও ভিডিপির মহাপরিচালকের নেতৃত্বে গঠিত কমিটি সাধারণ আনসার কর্তৃক উত্থাপিত যাবতীয় দাবি-দাওয়াগুলো পর্যালোচনা করে যৌক্তিক সুপারিশ প্রণয়ন করে ০৭ (সাত) কার্যদিবসের মধ্যে সরকারের নিকট প্রতিবেদন পেশ করবে।
৩. ওই কমিটির নিকট থেকে প্রতিবেদন প্রাপ্তির পর একটি আন্তঃমন্ত্রণালয় কমিটি প্রাপ্ত সুপারিশ পরীক্ষা করে বাস্তবায়নের কর্মপন্থা নির্ধারণ করে পরবর্তী কার্যক্রম গ্রহণের জন্য সরকারের নিকট প্রতিবেদন পেশ করবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আমরা আশা করি, এর মাধ্যমে সাধারণ আনসারদের দাবি-দাওয়ার বিষয়ে যৌক্তিক ও গ্রহণযোগ্য সমাধান পাওয়া যাবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, আনসার-ভিডিপি একটি সুশৃঙ্খল বাহিনী। ঐতিহ্যবাহী এ সুশৃঙ্খল বাহিনীর সুনাম ও ভাবমূর্তি ক্ষুণ্ন হয় এমন কোনো কাজ কারও করা উচিত হবে না। এ প্রেক্ষিতে সব সাধারণ আনসার সদস্যকে নিজ নিজ কর্মস্থলে ফিরে গিয়ে কাজে যোগদানের জন্য আহ্বানও জানানো হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com