সম্প্রতি শ্বাসকষ্টজনিত কারণে এক নবজাতকের মৃত্যুর ঘটনায় চিকিৎসায় কোনো ধরনের অবহেলা বা গাফিলতি ছিল না বলে দাবি করেছে সাজিনাজ হসপিটাল কর্তৃপক্ষ। একই সঙ্গে এ ঘটনায় হাসপাতালের কোনো দায় নেই বলেও দাবি করেন তারা।
গত বুধবার হাসপাতালের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে হাসপাতালটির পরিচালকদের পক্ষ থেকে এ বক্তব্য তুলে ধরা হয়।
সংবাদ সম্মেলনে হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, নবজাতকটিকে যখন তাদের হাসপাতালে আনা হয়, তখন তার শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন ছিল। এর আগে অন্য একটি হাসপাতালে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে শিশুটির জন্ম হয়। জন্মের পর শ্বাসকষ্টজনিত জটিলতা দেখা দিলে তাকে সাজিনাজ হসপিটালে ভর্তি করা হয়।
হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, দায়িত্বপ্রাপ্ত চিকিৎসকরা শিশুটিকে বাঁচাতে সর্বোচ্চ চেষ্টা করেছেন। চিকিৎসার জন্য সাত সদস্যের একটি বিশেষজ্ঞ মেডিকেল টিম সার্বক্ষণিক কাজ করেছে। তবে শিশুটির অবস্থার আরও অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় রেফার করা হয়।
তারা বলেন, সর্বাত্মক চিকিৎসা প্রচেষ্টা সত্ত্বেও দুর্ভাগ্যবশত শিশুটিকে বাঁচানো সম্ভব হয়নি। এ ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষ গভীর শোক ও দুঃখ প্রকাশ করে জানায়, চিকিৎসায় কোনো ধরনের গাফিলতি বা অবহেলা ছিল না। এটি একটি অনাকাঙ্ক্ষিত ও দুঃখজনক ঘটনা।
সংবাদ সম্মেলনে হাসপাতাল কর্তৃপক্ষ আরও বলেন, আমরা রোগীর স্বজনদের আবেগ ও কষ্টকে শ্রদ্ধা জানাই। তবে চিকিৎসা প্রদানের ক্ষেত্রে আমাদের চিকিৎসকদের পক্ষ থেকে কোনো ধরনের ত্রুটি বা অবহেলা ছিল না। এই দুঃখজনক মৃত্যুতে হাসপাতালের কোনো দায় নেই।
এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম ডায়াগনস্টিক ও ক্লিনিক্যাল ল্যাব ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ডা. এ কে এম ফজলুল হক, সাজিনাজ হসপিটালের স্বত্বাধিকারী শহিদুল ইসলামসহ সংগঠন ও হাসপাতালের অন্যান্য কর্মকর্তারা।
সংবাদ সম্মেলনের আগে চট্টগ্রাম ডায়াগনস্টিক ও ক্লিনিক্যাল ল্যাব ওনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে একটি মতবিনিময় সভাও অনুষ্ঠিত হয়।
Leave a Reply