নাটোরের বড়াইগ্রামে সমতলে বসবাসরত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রমে উৎসাহিত করা এবং তাদের জীবনমান উন্নয়নের লক্ষ্যে শিক্ষাবৃত্তি, সেলাই মেশিন ও বাইসাইকেল বিতরণ করা হয়েছে।
শনিবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে প্রধানমন্ত্রীর কার্যালয় কর্তৃক বাস্তবায়িত বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা (পার্বত্য চট্টগ্রাম ব্যতীত) কর্মসূচির আওতায় এ সহায়তা প্রদান করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নাটোর-৪ (বড়াইগ্রাম-গুরুদাসপুর) আসনের সংসদ সদস্য মোঃ আব্দুল আজিজ। সভাপতিত্ব করেন বড়াইগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা লায়লা জান্নাতুল ফেরদৌস।
কর্মসূচির আওতায় মোট ৩১ জন শিক্ষার্থীর মধ্যে ১ লাখ ৩০ হাজার টাকার শিক্ষাবৃত্তি বিতরণ করা হয়। এর মধ্যে প্রাথমিক পর্যায়ের শিক্ষার্থীরা প্রত্যেকে ৩ হাজার টাকা, মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীরা ৫ হাজার টাকা এবং কলেজ পর্যায়ের শিক্ষার্থীরা ৭ হাজার টাকা করে বৃত্তি পায়। পাশাপাশি নির্বাচিত উপকারভোগীদের মাঝে সেলাই মেশিন ও বাইসাইকেলও বিতরণ করা হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জনগোষ্ঠীকে মূলধারার উন্নয়নের সঙ্গে সম্পৃক্ত করতে সরকার নানা ধরনের সহায়তা কর্মসূচি বাস্তবায়ন করছে। শিক্ষাবৃত্তি শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহ জোগাবে এবং সেলাই মেশিন ও বাইসাইকেল উপকারভোগীদের আত্মনির্ভরশীল হতে সহায়তা করবে।প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মো. আব্দুল আজিজ বলেন, শিক্ষাই একটি জাতির উন্নয়নের প্রধান হাতিয়ার। ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের শিক্ষার সুযোগ সম্প্রসারণ এবং তাদের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নে সরকার ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে।
অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক, অভিভাবক ও উপকারভোগীরা উপস্থিত ছিলেন।
Leave a Reply