1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
পাহাড়ধসে নিহতের পরিবারের পাশে চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন - দৈনিক আমার সময়

পাহাড়ধসে নিহতের পরিবারের পাশে চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন

জাকারিয়া হোসেন, চট্টগ্রাম
    প্রকাশিত : বুধবার, ৮ জুলাই, ২০২৬

ঝুঁকিপূর্ণ পাহাড়ি এলাকা ছেড়ে নিরাপদ আশ্রয়ে যাওয়ার আহ্বান পুনর্ব্যক্ত

 

চট্টগ্রামে টানা ভারী বর্ষণের ফলে পাহাড়ধসের ঘটনায় হতাহতের প্রেক্ষাপটে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন আবারও নগরবাসীকে ঝুঁকিপূর্ণ পাহাড় ও পাহাড়ের পাদদেশে বসবাস না করার আহ্বান জানিয়েছেন।

 

নগরীর চশমা হিল এলাকায় পাহাড়ধসে নিহত ব্যক্তির বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন মেয়র। এ সময় তিনি নিহতের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানান এবং তাদের খোঁজখবর নেন।

 

মেয়র বলেন, বর্ষা মৌসুম শুরু হওয়ার পর থেকেই চট্টগ্রাম সিটি কর্পোরেশন, জেলা প্রশাসন ও সংশ্লিষ্ট সংস্থাগুলো ঝুঁকিপূর্ণ পাহাড়ি এলাকায় বসবাসকারীদের নিরাপদ আশ্রয়ে সরে যেতে বারবার মাইকিং, প্রচার-প্রচারণা ও সরাসরি অনুরোধ করে আসছে। এরপরও অনেকেই ঝুঁকি নিয়ে পাহাড়ের ঢাল ও পাদদেশে অবস্থান করছেন, যা অত্যন্ত দুঃখজনক।

 

ডা. শাহাদাত হোসেন বলেন, “একটি প্রাণও অমূল্য। সাময়িক কষ্ট হলেও সবাইকে নিজেদের ও পরিবারের নিরাপত্তার স্বার্থে ঝুঁকিপূর্ণ এলাকা ছেড়ে নিরাপদ আশ্রয়ে চলে যেতে হবে। কোনো অবস্থাতেই পাহাড়ধসের ঝুঁকি নিয়ে বসবাস করা উচিত নয়।”

 

তিনি আরও বলেন, আবহাওয়া অনুকূলে না আসা পর্যন্ত ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারীদের সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। চট্টগ্রাম সিটি কর্পোরেশন সব সময় তাদের পাশে রয়েছে এবং প্রয়োজনীয় সহযোগিতা দিতে প্রস্তুত।

 

মেয়র নগরবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, প্রশাসনের নির্দেশনা মেনে চলুন, গুজবে কান দেবেন না এবং পাহাড়ধসের আশঙ্কা দেখা দিলে দ্রুত নিরাপদ স্থানে আশ্রয় নিন। সচেতনতা ও সতর্কতাই পারে মূল্যবান প্রাণহানি রোধ করতে।

 

তিনি সংশ্লিষ্ট সব সংস্থাকে পাহাড়ধসপ্রবণ এলাকাগুলোতে নজরদারি জোরদার এবং ঝুঁকিতে থাকা মানুষদের দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com