1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
ঢাকায় শুরু হলো নির্মাণ, বিদ্যুৎ ও পানি খাতের ছয় আন্তর্জাতিক প্রদর্শনী - দৈনিক আমার সময়

ঢাকায় শুরু হলো নির্মাণ, বিদ্যুৎ ও পানি খাতের ছয় আন্তর্জাতিক প্রদর্শনী

নিজস্ব প্রতিবেদক
    প্রকাশিত : বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬

রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) আজ ১২ নভেম্বর বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে নির্মাণ, আবাসন, বিদ্যুৎ, সৌরশক্তি, লাইটিং ও পানি ব্যবস্থাপনা খাতের ছয়টি আন্তর্জাতিক প্রদর্শনী। তিন দিনব্যাপী এই প্রদর্শনী আগামী ১৪ নভেম্বর পর্যন্ত চলবে এবং প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে।
​কনফারেন্স অ্যান্ড এক্সিবিশন ম্যানেজমেন্ট সার্ভিসেস (সেমস-গ্লোবাল ইউএসএ) আয়োজিত প্রদর্শনীগুলোর মধ্যে রয়েছে— ৩১তম বিল্ড বাংলাদেশ ২০২৬ আন্তর্জাতিক প্রদর্শনী (হল: ৪), ২৫তম রিয়েল এস্টেট এক্সপো ২০২৬ (হল: ৬), ২৮তম পাওয়ার বাংলাদেশ ২০২৬ আন্তর্জাতিক প্রদর্শনী (হল: ১, ২ ও ৩), ২৩তম সোলার বাংলাদেশ আন্তর্জাতিক প্রদর্শনী ২০২৬, ৮ম ঢাকা আন্তর্জাতিক লাইটিং এক্সপো ২০২৬ এবং ৮ম ওয়াটার বাংলাদেশ আন্তর্জাতিক এক্সপো ২০২৬ (হল: ৫)।
​উদ্বোধনী অনুষ্ঠান
আইসিবির ৪ নম্বর হলে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, এমপি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সেমস-গ্লোবাল ইউএসএ অ্যান্ড এশিয়া-প্যাসিফিকের প্রেসিডেন্ট ও গ্রুপ ম্যানেজিং ডিরেক্টর মেহেরুন এন. ইসলাম।
​বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসএআইডিএর সদস্য (যুগ্ম সচিব) ড. আশরাফুল আলম, পিএইচডি; বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) পরিচালক (বিনিয়োগ উন্নয়ন, গবেষণা ও নীতি) গাজী এ কে এম ফজলুল হক; হাউজিং অ্যান্ড বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউটের (এইচবিআরআই) মহাপরিচালক ড. মোহাম্মদ গিয়াসউদ্দিন হায়দার; বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোসাম্মৎ নার্গিস মুর্শিদা এবং শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. রাশেদুল ইসলাম। এছাড়া ডেল্টা ফেস্টিভ্যাল অব আর্কিটেকচার ২০২৬-এর উদ্বোধনী আয়োজনে উপস্থিত ছিলেন আর্কিটেক্টের প্রতিষ্ঠাতা স্থপতি জালাল আহমেদ; ইন্টারন্যাশনাল ফাইনান্স কর্পোরেশন (আইএফসি)-এর গ্রিন অ্যান্ড রেিলিয়েন্ট বিল্ডিংস বিষয়ক পরামর্শক এ টি এম ইকবাল চৌধুরী এবং ডেল্টা ফেস্টিভ্যাল অব আর্কিটেকচার ২০২৬-এর ফেস্টিভ্যাল ডিরেক্টর স্থপতি তাহমিদা আফরোজ।
​নির্মাণ, আবাসন ও অন্যান্য খাতের প্রদর্শনী
বিল্ড বাংলাদেশ প্রদর্শনীতে নির্মাণসামগ্রী, যন্ত্রপাতি, প্রযুক্তি, ইন্টেরিয়র ও ফর্নিশিং উপকরণ, লিফট, এইচভিএসি এবং স্যানিটারী পণ্যের প্রদর্শনী থাকছে। এতে লেসো বাংলাদেশ, কিংসং, আর আর ক্যাবল, জুমলায়রণ, এস. এস. লিমিটেড, রহিম স্টিল, একেএস (AKS) ও আকিজ ইলেকট্রনিকসসহ দেশের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানগুলো অংশ নিয়েছে। এছাড়া শ্রীলঙ্কা এক্সপোর্ট ডেভেলপমেন্ট বোর্ডের (ইডিবি) অধীনে ৪ নম্বর হলে গঠিত শ্রীলঙ্কা প্যাভিলিয়নে দেশটির বিভিন্ন প্রতিষ্ঠান তাদের নির্মাণসামগ্রী ও প্রযুক্তি প্রদর্শন করছে। পাশাপাশি ২৫তম রিয়েল এস্টেট এক্সপো ২০২৬-এ আবাসন খাতের বিভিন্ন প্রতিষ্ঠান তাদের প্রকল্প ও সেবা উপস্থাপন করছে।
​বিদ্যুৎ, সৌরশক্তি ও পানি ব্যবস্থাপনা
বিদ্যুৎ ও জ্বালানি খাতের প্রযুক্তি নিয়ে আয়োজিত হয়েছে ২৮তম পাওয়ার বাংলাদেশ ২০২৬, ২৩তম সোলার বাংলাদেশ এবং ৮ম ঢাকা আন্তর্জাতিক লাইটিং এক্সপো। এতে এসিআই রিনিউএবল এনার্জি, ওমেরা, হুয়াওয়ে, রহিমআফরোজ, সিমেন্সসহ দেশি-বিদেশি নামী প্রতিষ্ঠান অংশ নিয়েছে। অন্যদিকে, ৮ম ওয়াটার বাংলাদেশ আন্তর্জাতিক প্রদর্শনী ২০২৬-এ পানি পরিশোধন, বর্জ্যপানি ব্যবস্থাপনা, লবণাক্ততা দূরীকরণ ও স্মার্ট ওয়াটার ম্যানেজমেন্টের আধুনিক প্রযুক্তি ও সমাধান তুলে ধরা হচ্ছে।

​ডেল্টা অ্যাওয়ার্ড ও ডেল্টা ফেস্টিভ্যাল অব আর্কিটেকচার ২০২৬
বাংলাদেশের স্থাপত্যশিল্লের উৎকর্ষকে স্বীকৃতি দেওয়ার লক্ষ্যে ‘ডেল্টা অ্যাওয়ার্ড ফর আর্কিটেকচার’ প্রদান করা হচ্ছে। গত ১০ নভেম্বর আইসিবির ২ নম্বর হলে এর গ্র্যান্ড অ্যাওয়ার্ড অনুষ্ঠান সম্পন্ন হয়। ১২ থেকে ১৪ নভেম্বর পর্যন্ত ডেল্টা ফেস্টিভ্যাল অব আর্কিটেকচারে মাস্টারক্লাস, ‘ট্রেন্ডসেটার্স অব বাংলাদেশ’ শীর্ষক প্যানেল সেশন এবং বিভিন্ন প্রকল্পের ডিজিটাল প্রদর্শনী অনুষ্ঠিত হচ্ছে।
​আন্তর্জাতিক অংশগ্রহণ ও ব্যবসায়িক যোগাযোগ
এবারের প্রদর্শনীগুলোতে ২০টিরও বেশি দেশের ২০০টিরও বেশি প্রতিষ্ঠান ৫০০টিরও বেশি বুথ ও আন্তর্জাতিক প্যাভিলিয়ন নিয়ে অংশ নিয়েছে। আয়োজকদের প্রত্যাশা, তিন দিনব্যাপী এই মেলায় ২০ হাজারের বেশি ব্যবসায়ী, পেশাজীবী ও দর্শনার্থী অংশ নেবেন। এর মাধ্যমে দেশি-বিদেশি প্রতিষ্ঠানগুলোর মধ্যে অভিজ্ঞতা বিনিময় ও নতুন বিনিয়োগের বিশাল সুযোগ সৃষ্টি হবে বলে আশা করা যাচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com