1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
বস্তুনিষ্ঠ সাংবাদিকতা ও পেশাগত ঐক্যের প্রত্যয়ে কক্সবাজার জেলা প্রেসক্লাবের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী ও গুণীজন সংবর্ধনা - দৈনিক আমার সময়

বস্তুনিষ্ঠ সাংবাদিকতা ও পেশাগত ঐক্যের প্রত্যয়ে কক্সবাজার জেলা প্রেসক্লাবের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী ও গুণীজন সংবর্ধনা

দিদারুল আলম সিকদার, কক্সবাজার জেলা প্রতিনিধি
    প্রকাশিত : বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬

বস্তুনিষ্ঠ সাংবাদিকতা, পেশাগত মর্যাদা রক্ষা ও সাংবাদিকদের অধিকার আদায়ের প্রত্যয়ে কক্সবাজার জেলা প্রেসক্লাবের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী ও সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১১ নভেম্বর) সকালে কক্সবাজার শহরের আলীর জাহালের সাইমা ওশান সিটিতে আয়োজিত অনুষ্ঠানে জেলার বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের প্রায় ১৫০ জন সাংবাদিক, শিক্ষাবিদ, সুশীল সমাজের প্রতিনিধি ও আমন্ত্রিত অতিথি অংশ নেন।

দিনব্যাপী আয়োজনে আলোচনা সভা, সাংগঠনিক সম্মেলন, কমিটি ঘোষণা, চার গুণীজনকে সংবর্ধনা, প্রীতিভোজ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কক্সবাজার জেলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি, দৈনিক রূপালী সৈকতের সম্পাদক ও প্রকাশক বীর মুক্তিযোদ্ধা ফজলুল কাদের চৌধুরী। সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক এইচ এম ফরিদুল আলম শাহীন। সহযোগিতা করেন দপ্তর সম্পাদক ও উত্তরণ মডেল কলেজের প্রভাষক রিয়াজ উদ্দিন।

প্রধান অতিথি ছিলেন শিক্ষাবিদ ও বায়তুশ শরফ কমপ্লেক্সের মহাপরিচালক এম এম সিরাজুল ইসলাম। প্রধান আলোচক ছিলেন কক্সবাজার সিটি কলেজের সাবেক অধ্যক্ষ ক্য থিং অং।
বিশেষ অতিথি ছিলেন কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মোহাম্মদ আলী নাদিম, প্রকৌশলী কানন পাল, অ্যাডভোকেট আবদুর রহিম, জাফর আলম, বীর মুক্তিযোদ্ধা সমীর পাল, রোস্তম আলী ও অ্যাডভোকেট রেজাউল করিম।

অনুষ্ঠানে চার গুণীজনকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়। তাঁরা হলেন—শিক্ষাবিদ এম এম সিরাজুল ইসলাম, ক্য থিং অং, দৈনিক প্রথম আলোর কক্সবাজার ব্যুরোপ্রধান আবদুল কুদ্দুস রানা এবং দৈনিক কক্সবাজার-এর পরিচালনা সম্পাদক মো. মুজিবুল ইসলাম।

সভাপতির বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা ফজলুল কাদের চৌধুরী বলেন, দীর্ঘ ২২ বছর ধরে কক্সবাজার জেলা প্রেসক্লাব সত্য, ন্যায় ও ইনসাফের পক্ষে সাংবাদিকদের ঐক্যবদ্ধ করে কাজ করছে। সাংবাদিকতায় 5W ও 1H-এর গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, সংবাদ প্রকাশের আগে তথ্য যাচাই, ঘটনার প্রেক্ষাপট বিশ্লেষণ এবং সংশ্লিষ্ট সব পক্ষের বক্তব্য নেওয়া জরুরি। হলুদ সাংবাদিকতা ও পক্ষপাতমূলক সংবাদ পরিহার করে নৈতিকতা ও পেশাগত দায়িত্বশীলতা বজায় রাখতে হবে।

প্রধান অতিথি এম এম সিরাজুল ইসলাম বলেন, সত্য যত কঠিনই হোক, সাংবাদিকদের সত্য ও ন্যায়ের পক্ষে থাকতে হবে। কক্সবাজারের সমস্যা, সম্ভাবনা ও উন্নয়ন বস্তুনিষ্ঠভাবে তুলে ধরার পাশাপাশি তরুণ প্রজন্মকে সঠিক পথে পরিচালিত করতে সাংবাদিকদের ইতিবাচক ভূমিকা রাখতে হবে।

প্রধান আলোচক ক্য থিং অং বলেন, তথ্য যাচাই ছাড়া সংবাদ প্রকাশ করা সাংবাদিকতার নৈতিকতার পরিপন্থী। শিক্ষাপ্রতিষ্ঠানের সুযোগ-সুবিধার যথাযথ ব্যবহার, শিক্ষার মানোন্নয়ন এবং তরুণদের দক্ষতা ও কর্মসংস্থানের বিষয়েও সাংবাদিকদের অনুসন্ধানী ভূমিকা রাখা প্রয়োজন।

দৈনিক প্রথম আলোর কক্সবাজার ব্যুরোপ্রধান আবদুল কুদ্দুস রানা বলেন, কক্সবাজার জেলা প্রেসক্লাবের প্রতিষ্ঠার সঙ্গে তাঁদের স্মৃতি জড়িয়ে রয়েছে। সংগঠনটি একসময় সাংবাদিকতা অঙ্গনে ব্যাপক সম্মান অর্জন করেছিল। তিনি আশা প্রকাশ করেন, প্রেসক্লাব আবারও তার হারানো মর্যাদা ও গৌরব ফিরে পাবে। একই সঙ্গে সাংবাদিকদের পেশাগত নিয়মনীতি, নৈতিকতা ও নিরাপত্তার বিষয়ে সচেতন থাকার আহ্বান জানান।

দৈনিক কক্সবাজার-এর পরিচালনা সম্পাদক মো. মুজিবুল ইসলাম বলেন, সাংবাদিকতা একটি মহৎ ও চ্যালেঞ্জিং পেশা। এ পেশায় নানা প্রলোভন থাকলেও সত্যের আদর্শ থেকে বিচ্যুত হওয়া যাবে না। নিরন্ন, অসহায় ও অধিকারবঞ্চিত মানুষের আশা-ভরসার জায়গা সাংবাদিকতা। তাই নতুন প্রজন্মকে ত্যাগ, সততা ও নৈতিকতার চর্চার মাধ্যমে পেশার মর্যাদা রক্ষা করতে হবে।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মোহাম্মদ আলী নাদিম বলেন, সত্যকে সত্য এবং মিথ্যাকে মিথ্যা বলতে হবে। সাংবাদিকেরা সমাজের সমস্যা তুলে ধরে জনসচেতনতা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। মাদক নিয়ন্ত্রণ ও সন্তানদের সঠিকভাবে গড়ে তুলতে পরিবার ও সমাজের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।

সাধারণ সম্পাদক এইচ এম ফরিদুল আলম শাহীণ বলেন, নানা প্রতিকূলতার মধ্যেও কক্সবাজার জেলা প্রেসক্লাব সাংবাদিকদের একটি সুসংগঠিত পরিবার হিসেবে এগিয়ে যাচ্ছে। ভবিষ্যতে সাংবাদিকদের প্রযুক্তিগত দক্ষতা, পেশাগত নিরাপত্তা ও পারস্পরিক ঐক্য জোরদারে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করা হবে।

সম্মেলনে প্রতিষ্ঠাতা সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুল কাদের চৌধুরী ও সাধারণ সম্পাদক এইচ এম ফরিদুল আলম শাহীণকে নিজ নিজ পদে পুনর্বহালের সিদ্ধান্ত নেওয়া হয়। অন্যান্য পদ ও দায়িত্ব আগের কমিটির সঙ্গে আলোচনা ও সমন্বয়ের মাধ্যমে চূড়ান্ত করার বিষয়ে সিদ্ধান্ত হয়। এ ছাড়া উপজেলা পর্যায়ে প্রেসক্লাবগুলোর সাংগঠনিক কার্যক্রম জোরদারে কক্সবাজার জেলার বিভিন্ন উপজেলা ও পার্শ্ববর্তী নাইক্ষ্যংছড়ি উপজেলা সফরের সিদ্ধান্ত নেওয়া হয়। এ সময় স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করে সাংগঠনিক কার্যক্রম সম্প্রসারণের পরিকল্পনা নেওয়া হবে।

আলোচনা সভায় বক্তারা সাংবাদিকদের পেশাগত ঐক্য, স্বাধীনতা, নৈতিকতা ও দায়িত্বশীল সাংবাদিকতার ওপর গুরুত্বারোপ করেন। প্রবীণ ও নবীন সাংবাদিকদের অভিজ্ঞতা বিনিময়, গুণীজন সংবর্ধনা এবং সাংস্কৃতিক আয়োজনের মধ্য দিয়ে কক্সবাজার জেলা প্রেসক্লাবের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী ও সম্মেলনের সমাপ্তি ঘটে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com