1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
‎জনগণের পুলিশ হতে চাই, নিপীড়ক নয়: চট্টগ্রাম প্রেস ক্লাবে সিএমপি কমিশনার - দৈনিক আমার সময়

‎জনগণের পুলিশ হতে চাই, নিপীড়ক নয়: চট্টগ্রাম প্রেস ক্লাবে সিএমপি কমিশনার

জাকারিয়া হোসেন, চট্টগ্রাম
    প্রকাশিত : শনিবার, ২৫ জুলাই, ২০২৬

‎চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) পুলিশ কমিশনার হাসান মো. শওকত আলী বলেছেন, আমরা জনগণের পুলিশ হতে চাই, নিপীড়ক হতে চাই না। পুলিশ ভালো কাজ করছে কি না, তার প্রধান মাপকাঠি নাগরিক সন্তুষ্টি। সাধারণ মানুষ পুলিশের সেবা ও আচরণে সন্তুষ্ট হলে বুঝতে হবে পুলিশ সঠিকভাবে দায়িত্ব পালন করছে।

‎শনিবার (২৫ জুলাই) সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে সাংবাদিকদের সঙ্গে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

‎চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি জাহিদুল করিম কচির সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক গোলাম মাওলা মুরাদ-এর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দৈনিক আজাদীর সম্পাদক এম এ মালেক। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন মাহবুব মাওলা রিপন। স্বাগত বক্তব্য রাখেন প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক মিয়া মো. আরিফ।

‎পুলিশ কমিশনার বলেন, আইনশৃঙ্খলা ও সামাজিক শৃঙ্খলা রক্ষায় জনসচেতনতার বিকল্প নেই। কার্যকর পুলিশিংয়ের অন্যতম প্রধান উপাদান হলো কমিউনিটির সক্রিয় অংশগ্রহণ। পুলিশের সঙ্গে জনগণের সম্পৃক্ততা যত বাড়বে, পুলিশ তত বেশি কার্যকরভাবে দায়িত্ব পালন করতে পারবে।

‎তিনি আরও বলেন, পুলিশের আচরণ ও দৃষ্টিভঙ্গিই মানুষের কাছে পুলিশের প্রকৃত পরিচয় তুলে ধরে। পুলিশ আলাদা, এটা শুধু পুলিশ নিজে মনে করলে হবে না। সাধারণ মানুষকে পুলিশের কাজ ও আচরণের মাধ্যমে সেটি অনুভব করতে হবে।

‎জুলাই বিপ্লব-পরবর্তী সময়ের প্রসঙ্গ টেনে সিএমপি কমিশনার বলেন, সাধারণ মানুষের সঙ্গে পুলিশের সম্পর্ক আরও আস্থাভিত্তিক ও জনবান্ধব করতে হবে। আমরা নিপীড়ক পুলিশ হতে চাই না। সিএমপির পক্ষ থেকে বলতে চাই, আমরা জনগণের পুলিশ হিসেবে জনগণের জন্য কাজ করতে চাই।

‎সাংবাদিকদের ভূমিকার প্রশংসা করে তিনি বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ। পুলিশের কোনো কর্মকাণ্ড নিয়ে সংবাদ প্রকাশিত হলে সেটিকে নেতিবাচকভাবে দেখার সুযোগ নেই। বরং প্রতিবেদনগুলো গুরুত্ব দিয়ে বিশ্লেষণ করে প্রয়োজনীয় বিষয়গুলো অনুধাবন ও সংশোধনের উদ্যোগ নিতে হবে।

‎অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে দৈনিক আজাদীর সম্পাদক এম এ মালেক বলেন, সাংবাদিক ও পুলিশ একে অপরের পরিপূরক। সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে বিভ্রান্তি দূর করা সম্ভব। তিনি বলেন, সিএমপিতে পুলিশের সংখ্যা প্রায় ১ হাজার ২০০ হলেও নগরীর প্রায় ৭০ লাখ মানুষের প্রতিটি বিষয়ে নজর রাখা তাদের পক্ষে সম্ভব নয়। তাই সঠিক তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করলে আইনশৃঙ্খলা রক্ষা সহজ হবে।

‎সভাপতির বক্তব্যে চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি জাহিদুল করিম কচি বলেন, একটি কল্যাণরাষ্ট্র গঠনে পুলিশ ও সাংবাদিক একই লক্ষ্য নিয়ে দিনরাত কাজ করে যাচ্ছেন। প্রতিকূলতার মধ্যেও জনগণের সেবায় নিয়োজিত এই দুই পেশার মানুষের পারস্পরিক সুসম্পর্ক আরও জোরদার হলে জনগণের প্রত্যাশা পূরণ সহজ হবে।

‎তিনি বলেন, এই জুলাই মাসে গত সাড়ে ১৫ বছরের ফ্যাসিস্ট সরকারের পতন হয়েছে। এই পরিবর্তনের মধ্য দিয়ে চট্টগ্রাম প্রেস ক্লাবও পরিবর্তিত হয়েছে। নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে পুলিশ ও সাংবাদিক একসঙ্গে কাজ করবে—এটাই আমাদের প্রত্যাশা।

‎মতবিনিময় সভায় প্রেস ক্লাবের পক্ষে বক্তব্য রাখেন কমনওয়েলথ জার্নালিস্টস অ্যাসোসিয়েশন (সিজেএ) বাংলাদেশ চ্যাপ্টারের সাধারণ সম্পাদক ওসমান গণি মনসুর, প্রেস ক্লাবের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা মইনুদ্দীন কাদেরী শওকত, কাজী আবুল মনসুর, সিনিয়র সহ-সভাপতি মুস্তফা নঈম, চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সালেহ নোমান, অর্থ সম্পাদক আবুল হাসনাত, সমাজসেবা ও আপ্যায়ন সম্পাদক হাসান মুকুল, কার্যকরী সদস্য ওয়াহিদ জামান ও সাইফুল ইসলাম শিল্পী, এটিএন নিউজের চট্টগ্রাম প্রতিনিধি মনিরুল ইসলাম পারভেজ, কালের কণ্ঠের সিনিয়র রিপোর্টার ফারুক মুনির এবং সকালবেলার ব্যুরো প্রধান মোহাম্মদ আলী। এছাড়া উপস্থিত ছিলেন ক্রীড়া সম্পাদক রুবেল খান, গ্রন্থাগার সম্পাদক মো. শহীদুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক ফারুক আবদুল্লাহ এবং কার্যকরী সদস্য রফিকুল ইসলাম সেলিম।

‎সিএমপির পক্ষে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) ওয়াহিদুল হক চৌধুরী, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) মুহাম্মদ ফয়সাল আহম্মেদ, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) হোসাইন মোহাম্মদ কবির ভুইয়া, ডিসি (দক্ষিণ) মো. হাবিবুর রহমান এবং কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহিদ নূর।

‎এসময় আরও উপস্থিত ছিলেন ডিসি (ট্রাফিক-উত্তর) নেছার উদ্দীন আহমেদ, ডিসি (ট্রাফিক-পশ্চিম) নিষ্কৃতি চাকমা, ডিসি (ট্রাফিক-দক্ষিণ) মোহাম্মদ লিয়াকত আলী খান, ডিসি (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মো. রইছ উদ্দিন, ডিসি (ট্রাফিক-বন্দর) কবীর আহম্মেদ, ডিসি (সিএসবি) মো. গোলাম রুহুল কুদ্দুস, ডিসি (পশ্চিম) মো. আলমগীর হোসেন, ডিসি (বন্দর) মো. আমিরুল ইসলাম, ডিসি (উত্তর) মো. হাসান মোস্তফা স্বপন, এডিসি মোহাম্মদ হাসান ইকবাল চৌধুরী, এডিসি মোহাম্মদ বদিউজ্জামান, এডিসি (সদর) শ্রীমা চাকমা এবং এসি (সদর) আমিনুর রশিদ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com