1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
জনগণের দোরগোড়ায় সব সেবা পৌঁছে দেওয়া হবে: সমাজকল্যাণ ও মহিলা-শিশু বিষয়ক মন্ত্রী - দৈনিক আমার সময়

জনগণের দোরগোড়ায় সব সেবা পৌঁছে দেওয়া হবে: সমাজকল্যাণ ও মহিলা-শিশু বিষয়ক মন্ত্রী

আলামীন রংপুর
    প্রকাশিত : শনিবার, ৪ জুলাই, ২০২৬
রংপুর, ৪ জুলাই: সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী আবু জাফর মো. জাহিদ হোসেন বলেছেন, দিন শেষে জনগণের কাছেই সরকারের জবাবদিহি করতে হয়। তাই জনগণের দোরগোড়ায় সকল সেবা পৌঁছে দিতে সরকার বদ্ধপরিকর। সমাজসেবা অধিদপ্তরের কার্যক্রম বাস্তবায়নে কোনো ধরনের দুর্নীতি, অনিয়ম বা হয়রানি বরদাস্ত করা হবে না। কোথাও দুর্নীতির অভিযোগ পাওয়া গেলে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করা হবে।
শনিবার  রংপুর জেলার সমাজ সেবা কার্যালয়ে  সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, দেশের সুবিধাবঞ্চিত, এতিম ও পরিবারহীন শিশুরা যেন শিক্ষা, প্রশিক্ষণ ও মানবিক মূল্যবোধে সমৃদ্ধ হয়ে স্বাবলম্বী নাগরিক হিসেবে গড়ে ওঠে এবং সমাজের বোঝা নয়, বরং দেশের সম্পদে পরিণত হয়, সে লক্ষ্যেই বর্তমান সরকার কাজ করছে। শিশুদের অধিকার, নিরাপত্তা, শিক্ষা, স্বাস্থ্যসেবা, আবাসন ও সার্বিক বিকাশ নিশ্চিত করতে সরকার বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে।
তিনি বলেন, সমাজকল্যাণ মন্ত্রণালয় ও সমাজসেবা অধিদপ্তর সমাজের অবহেলিত, অসহায়, দরিদ্র, প্রতিবন্ধী, প্রবীণ ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। শিশুদের এমন পরিবেশে গড়ে তোলা হবে যাতে তারা কখনো নিজেদের পরিবারহীন বা অবহেলিত মনে না করে।
মন্ত্রী আরও বলেন, সরকার প্রতিবন্ধী ব্যক্তিদের উন্নয়ন ও অধিকার সুরক্ষায় আরও জোরালোভাবে কাজ করছে। প্রতিবন্ধী শিশুদের শিক্ষার আওতায় আনতে দক্ষ ও প্রশিক্ষিত শিক্ষক তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি সমাজসেবা অধিদপ্তরের বিভিন্ন প্রশিক্ষণ কর্মসূচিকে আরও শক্তিশালী করা হচ্ছে যাতে প্রশিক্ষণপ্রাপ্ত ব্যক্তিরা আত্মকর্মসংস্থান ও অর্থনৈতিক কর্মকাণ্ডে যুক্ত হতে পারেন।
তিনি বলেন, বেকার যুবক-যুবতীদের দক্ষতা উন্নয়ন, আত্মকর্মসংস্থান সৃষ্টি, ক্ষুদ্রঋণ প্রদান, বিভিন্ন কারিগরি প্রশিক্ষণ এবং পুনর্বাসন কার্যক্রমের মাধ্যমে সমাজসেবা অধিদপ্তর দেশের অর্থনৈতিক উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
মন্ত্রী জানান, সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় বয়স্ক ভাতা, বিধবা ও স্বামী নিগৃহীতা ভাতা, প্রতিবন্ধী ভাতা, প্রতিবন্ধী শিক্ষার্থীদের উপবৃত্তি, এতিম ও অসহায় শিশুদের সহায়তা, ভবঘুরে পুনর্বাসন, দুঃস্থদের আর্থিক সহায়তা, সমাজভিত্তিক সেবা কর্মসূচি, প্রবেশন ও আফটার কেয়ার সার্ভিস, ভিক্ষুক পুনর্বাসনসহ বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে।
তিনি বলেন, ফ্যামিলি কার্ডসহ বিভিন্ন সরকারি সেবার ক্ষেত্রে জনগণকে অযথা ভোগান্তিতে পড়তে হবে না। সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা জনগণের কাছে গিয়ে সেবা প্রদান করবেন। সরকারের লক্ষ্য হচ্ছে সেবাগ্রহীতাকে অফিসে না এনে সেবাকে জনগণের ঘরে ঘরে পৌঁছে দেওয়া।
উত্তরাঞ্চলের উন্নয়ন প্রসঙ্গে মন্ত্রী বলেন, সরকার দেশের কোনো অঞ্চলকে অবহেলা করছে না। গ্রাম, ইউনিয়ন, উপজেলা ও জেলা পর্যায়ে কোথায় কী প্রয়োজন এবং কোন প্রকল্প বাস্তবায়ন করলে জনগণ সবচেয়ে বেশি উপকৃত হবে, সে বিষয়ে স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের কার্যকর ভূমিকা রাখতে নির্দেশনা দেওয়া হয়েছে।
সংবাদকর্মীদের উদ্দেশে তিনি বলেন, সমাজসেবা অধিদপ্তরের প্রশিক্ষণ, ভাতা, পুনর্বাসন ও জনকল্যাণমূলক কার্যক্রমের তথ্য জনগণের কাছে তুলে ধরতে হবে। গণমাধ্যমের মাধ্যমে মানুষ এসব সেবা সম্পর্কে জানতে পারলে সহজেই সরকারি সুযোগ-সুবিধা গ্রহণ করতে পারবে।
 সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট
রেজেকা সুলতানা ফেন্সি , রংপুর সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজ উন নবী ডন রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান সামসুজ্জামান সামু রংপুর জেলা পরিষদ প্রশাসক মো. সাইফুল ইসলাম, সাংবাদিক সালেকুজ্জামান সালেক, সমাজসেবা কার্যালয়ের পরিচালকসহ সমাজসেবা অধিদপ্তরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা।
বক্তারা বলেন, সরকারের সামাজিক নিরাপত্তা বেষ্টনী কর্মসূচি বাস্তবায়নে সমাজসেবা অধিদপ্তর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। অসহায়, দরিদ্র, প্রতিবন্ধী, প্রবীণ ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর কল্যাণে পরিচালিত বিভিন্ন কর্মসূচি দেশের মানবিক উন্নয়ন ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। তিনি শেষে বলেন দিন শেষে জনগণের কাছেই আমাদের জবাব দিতে হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com