নির্বাচনী প্রচারণায় চট্টগ্রামের ঐতিহাসিক পলোগ্রাউন্ড মাঠে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দিন বদলের সময় এসে গেছে। এখন আর পিছিয়ে থাকার সুযোগ নেই। সকল অপশক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়িয়ে আগামী ১২ ফেব্রুয়ারি জনগণের ভোটের মাধ্যমে বিএনপিকে সরকার গঠন করতে হবে—এর মধ্য দিয়েই বাংলাদেশ উন্নয়ন ও অগ্রগতির পথে এগিয়ে যাবে।
রবিবার (২৫ জানুয়ারি) সকাল থেকে অনুষ্ঠিত বিশাল মহাসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান বলেন, জনগণের ভোটে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সরকার গঠন করলে চট্টগ্রামকে দেশের বাণিজ্যিক রাজধানী হিসেবে গড়ে তোলা হবে। তিনি বলেন, এই পরিকল্পনার উদ্যোগ বহু আগেই নিয়েছিলেন সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া। বিএনপি ক্ষমতায় এলে সেই স্বপ্ন বাস্তবায়নে কার্যকর ও বাস্তবমুখী পদক্ষেপ গ্রহণ করা হবে।
তারেক রহমান আরও বলেন, এই চট্টগ্রামেই রয়েছে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ ইপিজেড, যা প্রতিষ্ঠা করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। বিএনপি সরকার গঠন করলে এই ইপিজেডকে আরও সম্প্রসারণ করা হবে, বহুগুণ বড় করে গড়ে তোলা হবে- যাতে কর্মসংস্থান বাড়ে এবং দেশের অর্থনীতি শক্তিশালী হয়।
তিনি বলেন, দীর্ঘ ১৭ বছর ধরে নতুন প্রজন্মের ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। এই সময়ের মধ্যেই একটি প্রজন্ম ভোটের স্বাদ না পেয়েই বড় হয়েছে। এখনই সময় পরিবর্তনের, এখনই সময় দেশকে নতুন পথে এগিয়ে নেওয়ার। তিনি নতুন ভোটারদের উদ্দেশে বলেন, আপনাদের একেকটি ভোটই হবে আগামীর বাংলাদেশ গড়ার হাতিয়ার।
বিএনপির নির্বাচনী ইশতেহারের কথা তুলে ধরে তারেক রহমান বলেন, বিএনপি সরকার গঠন করলে শহর থেকে শুরু করে গ্রামগঞ্জ পর্যন্ত চিকিৎসা ব্যবস্থার আমূল উন্নয়ন করা হবে। পাশাপাশি ফ্যামিলি কার্ড, কৃষি কার্ডসহ নানা জনবান্ধব ও বহুমুখী উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা হবে, যা সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
চট্টগ্রাম নগর বিএনপির আহ্বায়ক কমিটির আহ্বায়ক আলহাজ্ব এরশাদুল্লার সভাপতিত্বে এবং সদস্য সচিব নাজিমুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত এই মহাসমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ও সালাউদ্দিন আহমেদ। এছাড়াও উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেনসহ কেন্দ্রীয় বিএনপির নেতৃবৃন্দ, চট্টগ্রাম মহানগর ও জেলা পর্যায়ের সিনিয়র নেতারা এবং ধানের শীষের মনোনীত সংসদ সদস্য প্রার্থীরা।
মহাসমাবেশে লক্ষ লক্ষ নেতা-কর্মীর উপস্থিতিতে পলোগ্রাউন্ড মাঠ কানায় কানায় ভরে ওঠে। স্লোগান, ব্যানার ও মিছিলে মুখরিত পুরো মাঠে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ, যা চট্টগ্রামে বিএনপির শক্ত অবস্থান ও জনসমর্থনের স্পষ্ট প্রতিচ্ছবি হয়ে ওঠে।
Leave a Reply