সেন্ট্রাল হাসপাতালসহ দেশের সব হাসপাতালে চিকিৎসক নিগ্রহ ও তদন্তের আগে হত্যা মামলা দায়ের এবং চিকিৎসকদের গ্রেফতারের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রোববার (৯ জুলাই) বেলা ১২টার দিকে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধনের আয়োজন করে সকল স্তরের চিকিৎসকরা।
গাইনী চিকিৎসক মারিয়া পারভীনের সভাপতিত্বে ও মাহফিদা আক্তার হেপীর সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া বিএমএ’র প্রচার সম্পাদক ও ২৫০ শয্যাবিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের আরএমও ডা. ফাইজুর রহমান ফয়েজ, বিএমএ’র সাংস্কৃতিক সম্পাদক ডা. খোকন দেবনাথ, গাইনী চিকিৎসক আইরিন আক্তার প্রমুখ।
এসময় বক্তারা বলেন, চিকিৎসকরা শান্তিপ্রিয় মানুষ। আমাদের কর্মস্থল সুন্দর হবে তাদেরও ভূলত্রুটি হতে পারে। তাদের বিষয়ে তদন্তে দোষী সাব্যস্ত হলে অবশ্যই ব্যবস্থা নিবে। কোন প্রকার তদন্ত না করে ঢাকার সেন্ট্রাল হাসপাতালের দুইজন চিকিৎসককে গত দুই সপ্তাহ যাবত জেলে রাখা হয়েছে। আরেকজনকে গ্রেপ্তারের চেষ্টা করা হচ্ছে। অথচ হাসপাতাল দিয়ে যারা ব্যবসা করছেন, তাদেরকে কিছু করা হচ্ছে না। উল্টো ডাক্তারদের বিরুদ্ধে ৫০০ কোটি টাকার মামলা করা হয়েছে। আমাদের কথা স্পষ্ট, চিকিৎসকদের দ্রুত মুক্তি এবং আমাদের কর্মস্থল নিরাপদ করতে হবে। নাহলে শান্তিপ্রিয় মানুষ যদি অশান্ত হয়, এর পরিনাম কি হয় তা আপনারা জানেন। আমাদের দাবি না মানলে সামনে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।
Leave a Reply