২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটকে গণমুখী, বাস্তবভিত্তিক ও জনকল্যাণমূলক আখ্যা দিয়ে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা, ধন্যবাদ ও অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশন।
সোমবার (১৫ জুন) রংপুর পাবলিক লাইব্রেরিতে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে সংগঠনের নেতৃবৃন্দ এ প্রতিক্রিয়া ব্যক্ত করেন।
লিখিত বক্তব্যে বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশনের সভাপতি আমিন উদ্দিন বিএসসি বলেন, ‘গণতান্ত্রিক, মানবিক ও অন্তর্ভুক্তিমূলক অর্থনীতির অভিযাত্রা’ স্লোগানকে সামনে রেখে প্রণীত ২০২৬-২৭ অর্থবছরের বাজেট দেশের বর্তমান বাস্তবতায় একটি সময়োপযোগী ও গণমুখী বাজেট। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, বিনিয়োগ বৃদ্ধি এবং কর্মসংস্থান সৃষ্টিকে অগ্রাধিকার দেওয়ায় সরকার প্রশংসার দাবিদার।
তিনি বলেন, নিত্যপ্রয়োজনীয় ৬০টি পণ্যে করছাড় দেওয়ার পাশাপাশি প্রাচীন শ্রমঘন বিড়ি শিল্পের ওপর শুল্ক অপরিবর্তিত রাখায় লাখো শ্রমিকের কর্মসংস্থান রক্ষায় ইতিবাচক ভূমিকা রাখবে। এ জন্য প্রধানমন্ত্রী, অর্থমন্ত্রী এবং জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।
সংবাদ সম্মেলনে জানানো হয়, বিড়ি শিল্প উপমহাদেশের অন্যতম প্রাচীন শ্রমনির্ভর শিল্প এবং দীর্ঘদিন ধরে গ্রামীণ জনগোষ্ঠীর কর্মসংস্থানের গুরুত্বপূর্ণ উৎস হিসেবে ভূমিকা পালন করে আসছে। বক্তারা দাবি করেন, স্বাধীনতার পর দীর্ঘ সময় বিড়ি শিল্প কুটির শিল্প হিসেবে পরিচালিত হয়েছে এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাসনামলে এ শিল্প বিশেষ গুরুত্ব পেয়েছিল।
তারা আরও বলেন, বর্তমানে বিদেশি বহুজাতিক কোম্পানির নিম্নস্তরের সিগারেট দেশের তামাকবাজারের বড় অংশ দখল করে রয়েছে। দেশীয় শ্রমঘন বিড়ি শিল্পের অস্তিত্ব রক্ষায় বহুজাতিক কোম্পানির নিম্নস্তরের সিগারেট উৎপাদন বন্ধে কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তারা।
সংবাদ সম্মেলনে বিড়ি শ্রমিকদের স্বার্থে তিন দফা দাবি উত্থাপন করা হয়। দাবিগুলো হলো— বহুজাতিক কোম্পানির নিম্নস্তরের সিগারেট উৎপাদন বন্ধ, ন্যূনতম মজুরি বোর্ডের মাধ্যমে বিড়ি শ্রমিকদের মজুরি বৃদ্ধি এবং নকল বিড়ির উৎপাদন ও বিক্রি বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ।
এছাড়া নকল ব্যান্ডরোল ব্যবহার করে বিড়ি উৎপাদনের কারণে সরকার বিপুল রাজস্ব হারাচ্ছে উল্লেখ করে এ ধরনের কর্মকাণ্ড বন্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার দাবি জানান বক্তারা। একই সঙ্গে লাইসেন্সধারী সব কারখানাকে নিয়মিত ব্যান্ডরোল উত্তোলনের বাধ্যবাধকতা আরোপেরও আহ্বান জানানো হয়।
সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশনের সভাপতি আমিন উদ্দিন বিএসসি, সহ-সভাপতি নাজিম উদ্দিন, সহ-সাধারণ সম্পাদক আবুল হাসনাত লাবলু, সাংগঠনিক সম্পাদক শামীম ইসলাম, সহ-সভাপতি আনোয়ার হোসেন, যুগ্ম সম্পাদক আব্দুল গফুর, দপ্তর সম্পাদক আতাউর রহমান এবং সদস্য রাশেদুল ইসলামসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
Leave a Reply