লক্ষ্মীপুরে বিএনপির যুগ্ম-মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, আগামী নির্বাচন শুধু প্রতিদ্বন্দ্বী দলের বিরুদ্ধে নয়, বরং ‘একটি অদৃশ্য শক্তির’ বিরুদ্ধে লড়াই। তাঁর দাবি, একটি রাজনৈতিক দল ভোটারদের এনআইডি কার্ডের ফটোকপি সংগ্রহ করছে, যা তিনি ‘ষড়যন্ত্র’ ও ‘নীল নকশা’ হিসেবে উল্লেখ করেন।
বৃহস্পতিবার বিকেলে লক্ষ্মীপুর পৌরসভার রাজিবপুর এলাকায় ধানের শীষে ভোট চেয়ে আয়োজিত গণমিছিলের আগে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন এ্যানি। তিনি বলেন, ‘একটি বিশেষ দল এনআইডি কার্ডের ফটোকপি নিচ্ছে। এটি গভীর ষড়যন্ত্র। মা–বোনদের মিথ্যা প্রলোভন দেখিয়ে আইডি কার্ড নেওয়া হচ্ছে। নির্বাচন কমিশনকে তদন্ত করে বের করতে হবে, কারা এসব করছে।’
তিনি দাবি করেন, ভোটের মাঠে গণসমর্থন ধানের শীষের দিকেই রয়েছে। ‘এলাকায় হাঁটলেই ভোটের ব্যবধান বোঝা যায়,’ যোগ করেন তিনি।
সমাবেশে এ্যানি বলেন, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া শুধু দেশে নয়, আন্তর্জাতিক অঙ্গনেও সম্মানিত। বিদেশি সরকারপ্রধানরা তাঁর চিকিৎসার খোঁজখবর নিচ্ছেন বলেও মন্তব্য করেন তিনি। তিনি আরও বলেন, ‘সরকার দায়িত্ব নিয়ে তাঁকে যেভাবে সম্মান দিয়েছে, আমরা অভিভূত। এজন্য প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসকে অভিনন্দন জানাই।’
সমাবেশে জেলা বিএনপির সদস্য সচিব সাহাবুদ্দিন সাবু, বাফুফের সহসভাপতি ওয়াহিদ উদ্দীন চৌধুরী হ্যাপি, লক্ষ্মীপুর পৌর বিএনপির সভাপতি রেজাউল করিম লিটন ও জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক ফাতেমা আক্তার সুমি ভূঁইয়া উপস্থিত ছিলেন।
Leave a Reply