চট্টগ্রামের উত্তর পতেঙ্গায় জলাবদ্ধতায় পানিবন্দি ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে চট্টগ্রাম মহানগর যুবদল। সোমবার (১৩ জুলাই) উত্তর পতেঙ্গা ৪০ নম্বর ওয়ার্ডের হিন্দুপাড়া ১ ও ২ নম্বর গলির ক্ষতিগ্রস্ত ও পানিবন্দি পরিবারের মাঝে শুকনো খাবার বিতরণ করা হয়।
শুকনো খাবার বিতরণ কর্মসূচিতে নেতৃত্ব দেন চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি ইকবাল হোসেন। এ সময় তিনি বলেন, এটি কেবল একটি ছোট প্রচেষ্টা। সমাজের বিত্তবান ও সামর্থ্যবান মানুষ এগিয়ে এলে আরও অনেক অসহায় ও পানিবন্দি পরিবারের কাছে প্রয়োজনীয় সহায়তা পৌঁছে দেওয়া সম্ভব হবে। তিনি বন্যা ও জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে নিজ নিজ অবস্থান থেকে দাঁড়ানোর জন্য সমাজের সকল শ্রেণি-পেশার মানুষের প্রতি আহ্বান জানান।
ইকবাল হোসেন আরও বলেন, মানবিক সংকট মোকাবিলায় সম্মিলিত উদ্যোগই সবচেয়ে বড় শক্তি। দুর্যোগকালে অসহায় মানুষের পাশে দাঁড়ানো সামাজিক ও নৈতিক দায়িত্ব। ভবিষ্যতেও যেকোনো দুর্যোগে এমন মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
এ সময় মানবিক এ কার্যক্রম বাস্তবায়নে যারা আর্থিক ও নানাভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন, তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন যুবদল নেতৃবৃন্দ।
শুকনো খাবার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক মোহাম্মদ ইকবাল, সহ-সম্পাদক ইয়াছিন আজাদ, পতেঙ্গা থানা যুবদলের সংগঠক আলমগীর হোসেন জুয়েল, জিলহজ্জ শাকিল, মাসুদ রানা, মামুনুর রশিদ, জিসু দত্ত, রান্টু দত্ত, রাজন দাস, মিন্টু ধর, মাসুদসহ স্থানীয় যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
Leave a Reply