বরিশাল জেলা ১৪ দলের নেতৃবৃন্দের প্রতি অতীত ভুলে ঐক্যবদ্ধভাবে খোকন সেরনিয়াবাতকে জয়ী করার আহ্বান জানিয়ে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এ্যাড. জাহাঙ্গীর কবির নানক বলেছেন, আমাদের আরেকবার সুযোগ দিন, নৌকায় ভোট দিন। বৃহস্পতিবার সন্ধ্যায় বরিশাল ক্লাবের ক্যাফেটিরিয়ায় ১৪ দলের নেতৃবৃন্দদের নিয়ে মতবিনিময়কালে এ আহবান জানান। এ সময় এ্যাড. নানক বলেন, কি হয়েছিল, কেন হয়েছিল সেগুলো নিয়ে আর টানাটানি না করে আসুন আমরা খোকন সেরনিয়াবাতকে কীভাবে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জয়ী করতে পারি সে বিষয়ে পরামর্শ দিয়ে পরষ্পরকে সহযোগিতা করি। এ সময় আ ফ ম বাহাউদ্দীন নাসিম বলেন, আগামী ১০ জুন বিকেলে আওয়ামী লীগের কার্যালয়ের সামনে থেকে আমরা ঐক্যবদ্ধ ভাবে একটি মিছিল করতে চাই। আপনাদের সমন্বয়ে বিকাল পাঁচটায় এই মিছিল বের করা হবে। বরিশাল সিটি নির্বাচনে মেয়র পদের প্রার্থী খোকন সেরনিয়াবাত নির্বাচন পরিচালনায় আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটি গঠিত সাংগঠনিক টিমের সদস্যদের উপস্থিতিতে এই বৈঠকের নেতৃত্ব দেন এ্যাড. জাহাঙ্গীর কবির নানক। মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন বরিশাল জেলা আ’লীগের সাধারণ সম্পাদক ও ১৪ দলের সমন্বয়ক এ্যাড. তালুকদার মো. ইউনুস। প্রধান অতিথি জাহাঙ্গীর কবির নানক বলেন, হাতপাখা প্রার্থীকে কে কত টাকা দিয়েছে বা দেয়নি তা আমাদের আলোচ্য নয়। আমাদের প্রার্থী, আওয়ামী লীগ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রার্থী খোকন সেরনিয়াবাত কীভাবে এই নির্বাচনে জয়ী হবেন, হাতে আর দু’দিন রয়েছে। এই দুদিনে আমাদের করনীয় বিষয় আলোচনাই জরুরী। তিনি আরো বলেন, আমরা ১৪ দলের নেতৃবৃন্দ বরিশালে যারা আছেন তাদের সাথে নিয়ে প্রতিটি মানুষের দুয়ারে খোকন সেরনিয়াবাত এর জন্য ভোট চাইবো। আমরা বরিশালবাসীর কাছে আরেকটি সুযোগ চাইবো। আমাদের আর একবার সুযোগ দিন এবং নৌকা প্রতীকে ভোট দিন। সভায় আরো উপস্থিত ছিলেন আ’লীগের সভাপতিমন্ডলীর সদস্য আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক এ্যাড. আফজাল হোসেন, সুজিত রায় নন্দি, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. শাম্মী আহমেদ, কার্যনির্বাহী সদস্য মো. আনিসুর রহমান, মো. গোলাম কবির রাব্বানী চিনু, মহানগর আ’লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান এ্যাড. একেএম জাহাঙ্গীর, জাসদের এ্যাড. আব্দুল হাই মাহবুব, ওয়ার্কার্স পার্টির এ্যাড. শেখ মো. টিপু সুলতান, সাম্যবাদী দলের আব্দুর রাজ্জাক প্রমুখ।
Leave a Reply