বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে জাতীয় নির্বাচন ও প্রয়োজনীয় সংস্কারের বিষয়ে রোডম্যাপ দেয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
২৪ আগষ্ট (শনিবার) জাতীয় প্রেসক্লাবে কাজী জাফর আহমেদের নবম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এ আহ্বান জানান।
এসময় মির্জা ফখরুল বলেন, অন্তর্বর্তী সরকারের কাছে আমাদের প্রত্যাশা অনেক। আমরা সবাই মনে করি এই সরকার যৌক্তিক সময়ের মধ্যে একটা সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করবেন।
প্রধান উপদেষ্টা অতিদ্রুত জনগণের সামনে কী করতে চান সেটা উপস্থাপন করবেন। আমরা আশা করি, একটা রোডম্যাপের মাধ্যমে অতিদ্রুত নির্বাচনের ব্যবস্থা করবেন।
তিনি আরও বলেন, ‘অতিদ্রুত জনগণের যে চাহিদা রযেছে সে চাহিদাকে পূরণ করার জন্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে অন্তর্বর্তী সরকারের আলোচনা করতে হবে। কীভাবে একটি নির্বাচন অতিদ্রুত করা যায় সে ব্যবস্থা করতে হবে।
আজকে আমাদের সামনে নতুন এক ভবিষ্যৎ এসেছে। সব জঞ্জালকে তুলে উপড়ে ফেলে দেশকে সুন্দর করে সামনের দিকে নিয়ে যেতে হবে। শেখ হাসিনা সরকারের দোসররা এখনো বিভিন্ন দপ্তরে রয়েছে মন্তব্য করে প্রতিবিপ্লব যেন না ঘটে এ বিষয়ে ছাত্র জনতাকে ঐক্যবদ্ধ থাকারও আহ্বান জানান তিনি।
এ সময় বন্যার্তদের পাশে দাঁড়াতে বিএনপির নেতাকর্মীদের নির্দেশ দেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
Leave a Reply