চট্টগ্রামে একটি সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার, ষড়যন্ত্র ও মিথ্যা মামলার হুমকির অভিযোগে স্থানীয় স্বেচ্ছাসেবক দল নেতা ও মানবাধিকার কর্মী রণি মিত্র (প্রকাশ এলেক্স রনি)-এর বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন চট্টগ্রাম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (সিআরএ) অর্থ সম্পাদক ও সাংবাদিক সাইফুদ্দিন রমিজ।
সাংবাদিক সাইফুদ্দিন রমিজ দৈনিক সকালের সময় ও নিউজ ২১ বাংলা টিভি-এর চট্টগ্রাম প্রতিনিধি হিসেবে কর্মরত রয়েছেন।
জিডিতে উল্লেখ করা হয়, গত ২০ মে ২০২৬ চট্টগ্রাম একাডেমি হলে স্বেচ্ছাসেবক দল নেতা ও আইনি সহায়তা কেন্দ্র (আসক) ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক রণি মিত্র (এলেক্স রনি)-এর বিরুদ্ধে চট্টগ্রাম বন্দরে চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগ এনে ভুক্তভোগী রাকাশ দাস ও তাঁর পরিবারের সদস্যরা একটি সংবাদ সম্মেলন করেন। ওই সংবাদ সম্মেলনের বক্তব্য বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ ও প্রচার হওয়ার পর থেকেই রণি মিত্র সাংবাদিক সাইফুদ্দিন রমিজের প্রতি ক্ষুব্ধ হয়ে ওঠেন বলে অভিযোগ করা হয়েছে।
অভিযোগে আরও বলা হয়, রণি মিত্র সাংবাদিকের ব্যক্তিগত তথ্য, বিশেষ করে জাতীয় পরিচয়পত্রের তথ্য সংগ্রহ করে বিভিন্ন ব্যক্তির হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠিয়েছেন বলে জানা যায়। এছাড়া তিনি সাংবাদিকের বিরুদ্ধে মানহানিকর মন্তব্য, অপপ্রচার, বিভিন্ন ষড়যন্ত্র এবং মিথ্যা মামলা দিয়ে হয়রানির হুমকি দিয়ে আসছেন।
এসব কর্মকাণ্ডের কারণে সাংবাদিক সাইফুদ্দিন রমিজ তাঁর পেশাগত দায়িত্ব পালন ও ব্যক্তিগত নিরাপত্তা নিয়ে শঙ্কা ও আতঙ্কের মধ্যে রয়েছেন বলে জিডিতে উল্লেখ করা হয়েছে।
এ বিষয়ে সাংবাদিক সাইফুদ্দিন রমিজ বলেন, চট্টগ্রাম বন্দরে চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগে ভুক্তভোগী রাকাশ দাস ও তাঁর পরিবারের সদস্যরা সংবাদ সম্মেলন করেছিলেন। জনস্বার্থে তথ্য-উপাত্ত যাচাই করে বিভিন্ন গণমাধ্যম সেই সংবাদ প্রকাশ করে। কিন্তু ওই সংবাদ প্রকাশের পর থেকে রণি মিত্র (এলেক্স রনি) আমার বিরুদ্ধে নানা ধরনের অপপ্রচার, ষড়যন্ত্র এবং মিথ্যা মামলা দিয়ে হয়রানির হুমকি দিয়ে আসছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, তাসলিমা আক্তার আঁখি নামে এক নারীকে প্রতারণার মাধ্যমে বিয়ের অভিযোগে রণি মিত্রের বিরুদ্ধে মামলা হয়েছিল। ওই মামলায় আদালতের নির্দেশে হালিশহর থানা পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। এছাড়া তাঁর বিরুদ্ধে বিভিন্ন থানায় আরও একাধিক অভিযোগ রয়েছে বলেও জানা যায়।
এ ঘটনায় সাংবাদিকদের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ তীব্র নিন্দা ও উদ্বেগ প্রকাশ করেছেন। তারা সাংবাদিক সাইফুদ্দিন রমিজের নিরাপত্তা নিশ্চিত করা এবং অভিযোগের নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
তবে অভিযোগের বিষয়ে জানতে স্বেচ্ছাসেবক দল নেতা ও মানবাধিকার কর্মী রণি মিত্র (প্রকাশ এলেক্স রনি)-এর সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি অভিযোগগুলোর বিষয়ে কোনো সুস্পষ্ট বক্তব্য না দিয়ে বিষয়টি এড়িয়ে যান।
Leave a Reply