1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
রংপুর আদালত চত্বরে আইনজীবীদের ওপর মুহুরীর হামলা, বাবা-ছেলে আটক - দৈনিক আমার সময়

রংপুর আদালত চত্বরে আইনজীবীদের ওপর মুহুরীর হামলা, বাবা-ছেলে আটক

আলামীন রংপুর
    প্রকাশিত : বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬
রংপুর আদালত চত্বরে আইনজীবীদের ওপর হামলা ও আইনজীবী সমিতির কার্যালয়ে ভাঙচুরের অভিযোগে বাবা ও ছেলেকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (৯ জুন) বিকেলে রংপুর জেলা আইনজীবী সমিতি ভবনে এ ঘটনা ঘটে।
আটক দুজন হলেন নগরীর নিউ আদর্শপাড়া এলাকার বাসিন্দা আতিয়ার রহমান (৫৫) ও তার ছেলে জোবায়দুর রহমান জাবেদ (২৮)।
আইনজীবী সমিতির দায়ের করা এজাহার সূত্রে জানা যায়, ২০২৬-২০২৮ মেয়াদের অ্যাডভোকেট ক্লার্ক সমিতির নির্বাচন উপলক্ষে ভোটার নবায়ন ও নতুন ভোটার অন্তর্ভুক্তির প্রচারণার অংশ হিসেবে আদালত এলাকায় মাইকিং চলছিল। এ সময় অভিযুক্তরা মাইক ছিনিয়ে নিয়ে নির্বাচন হতে দেওয়া হবে না বলে হুমকি দেন। প্রতিবাদ করলে তারা দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালিয়ে সংশ্লিষ্ট কর্মচারীদের মারধর করেন এবং মাইক ছিনিয়ে নেন বলে অভিযোগ করা হয়েছে।
পরে বিষয়টি জানতে পেরে অ্যাডভোকেট ক্লার্ক সমিতির প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট একেএম হারুন উর রশীদ আইনজীবী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদককে অবহিত করেন। বিকেল ৩টার দিকে সমিতির সভাপতি অভিযুক্তদের নিজের সেরেস্তায় ডেকে পাঠালে তারা সেখানে উপস্থিত হয়ে উত্তেজিত আচরণ করেন এবং আইনজীবীদের উদ্দেশে অশালীন ভাষায় গালিগালাজ শুরু করেন।
একপর্যায়ে কাঠের চেয়ার দিয়ে প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট একেএম হারুন উর রশীদ এবং রংপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি শাহেদ কামাল ইবনে খতিবের ওপর হামলা চালানো হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এ সময় সভাপতির পরিহিত শার্ট ছিঁড়ে যায় এবং সমিতির চেয়ার-টেবিলসহ বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর করা হয়।
ঘটনার পর আদালত চত্বরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিচারপ্রার্থী ও সাধারণ মানুষের মধ্যে ভীতি সৃষ্টি হলে তারা নিরাপদ আশ্রয়ের খোঁজে ছোটাছুটি শুরু করেন। পরে আইনজীবী সমিতির অন্যান্য সদস্য ও উপস্থিত জনতা এগিয়ে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
এ ঘটনায় রংপুর জেলা আইনজীবী সমিতির কার্যকরী কমিটির সদস্য অ্যাডভোকেট শহীদুল ইসলাম স্বপন সমিতির পক্ষে কোতোয়ালি থানায় এজাহার দায়ের করেন।
রংপুর মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল কাদের জানান, আইনজীবী সমিতির পক্ষ থেকে একটি এজাহার পাওয়া গেছে। অভিযোগের ভিত্তিতে আতিয়ার রহমান ও তার ছেলে জোবায়দুর রহমান জাবেদকে আটক করা হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এদিকে আইনজীবী সমিতির আজ বিকেলে হামলার বিষয় নিয়ে আলোচনা বসে আইনজীবী ভবনে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com