“মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য”— এই মানবিক বার্তাকে ধারণ করে রংপুরে মরহুম ছোট মুসলিম (সাবেক কমিশনার)-এর স্মরণে ১০ম বার্ষিক ফ্রি সুন্নতে খাৎনা-২০২৬ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৮ জুলাই) সকাল ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত রংপুর সিটি কর্পোরেশনের ২৩ নম্বর ওয়ার্ডের বড় মাদ্রাসার পার্শ্বে অবস্থিত কাউন্সিলর অফিস প্রাঙ্গণে সচেতন নাগরিক কমিটি (সনাক), জুম্মাপাড়া ২৩ নম্বর ওয়ার্ডের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর উন্নয়ন কর্তৃপক্ষ (রউক)-এর চেয়ারম্যান জনাব মো. সামসুজ্জামান সামু। বিশেষ সহযোগিতায় ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও সংগঠক, সাবেক কাউন্সিলর (২৩ নম্বর ওয়ার্ড) এবং রংপুর জেলা বিএনপির সদস্য জনাব মো. লিটন পারভেজ।
প্রধান অতিথির বক্তব্যে মো. সামসুজ্জামান সামু বলেন, “মানবসেবার চেয়ে বড় ইবাদত আর নেই। সমাজের অসচ্ছল মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। মরহুম ছোট মুসলিম মানুষের কল্যাণে যে কাজ করে গেছেন, তা আজও মানুষের হৃদয়ে স্মরণীয় হয়ে আছে। তাঁর স্মৃতিকে ধরে রাখতে এ ধরনের মানবিক উদ্যোগ প্রশংসার দাবিদার।”
সহযোগী হিসেবে বক্তব্যে মো. লিটন পারভেজ বলেন, “অসহায় ও নিম্নআয়ের পরিবারের শিশুদের জন্য বিনামূল্যে সুন্নতে খাৎনার এই আয়োজন দীর্ঘ এক দশক ধরে চলমান। ভবিষ্যতেও আমরা সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে থেকে মানবকল্যাণমূলক কর্মকাণ্ড অব্যাহত রাখব। মরহুম ছোট মুসলিমের আদর্শকে ধারণ করেই এই উদ্যোগ পরিচালিত হচ্ছে।”
আয়োজকরা জানান, প্রতিবছরের ধারাবাহিকতায় এবারও অসচ্ছল পরিবারের শিশুদের সম্পূর্ণ বিনামূল্যে সুন্নতে খাৎনার ব্যবস্থা করা হয়েছে। অভিজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে স্বাস্থ্যসম্মত পরিবেশে এ কার্যক্রম পরিচালিত হয়। পাশাপাশি শিশুদের প্রয়োজনীয় ওষুধ ও পরবর্তী চিকিৎসা-পরামর্শও প্রদান করা হয়।
এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সমাজসেবী, চিকিৎসক, স্বেচ্ছাসেবক, অভিভাবক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
মানবিক ও জনকল্যাণমূলক এ উদ্যোগে সন্তুষ্টি প্রকাশ করেন অভিভাবকরা। তারা বলেন, এ ধরনের কার্যক্রম নিম্নআয়ের মানুষের জন্য অত্যন্ত সহায়ক এবং সমাজে মানবসেবার উজ্জ্বল দৃষ্টান্ত।
Leave a Reply