1. admin@gmail.com : দৈনিক আমার সময় : দৈনিক আমার সময়
  2. admin@dailyamarsomoy.com : admin :
ভূজপুরে শীর্ষ সন্ত্রাসী রায়হানের অস্ত্র ভান্ডারের সন্ধান, ইতালির পিস্তলসহ বিপুল অস্ত্র উদ্ধার - দৈনিক আমার সময়

ভূজপুরে শীর্ষ সন্ত্রাসী রায়হানের অস্ত্র ভান্ডারের সন্ধান, ইতালির পিস্তলসহ বিপুল অস্ত্র উদ্ধার

মো: নজরুল ইসলাম চৌধুরী
    প্রকাশিত : শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬
Oplus_131072

চার দিনের ধারাবাহিক অভিযান গ্রেপ্তার ৬, গুলিতে আহত ৬

চট্টগ্রামের ফটিকছড়ির ভূজপুরে শীর্ষ সন্ত্রাসী রায়হান ও তার সহযোগীদের গ্রেফতার এবং অবৈধ অস্ত্র উদ্ধারে টানা চার দিনের বিশেষ অভিযান চালিয়েছে চট্টগ্রাম জেলা পুলিশ।

২২ শে নভেম্বর থেকে শুরু হওয়া এ অভিযানে রায়হানের ব্যবহৃত ইতালির তৈরি ৭.৬৫ এমএম পিস্তল, একটি একনলা বন্দুক, দুটি ম্যাগাজিন, ৩৪ রাউন্ড গুলি, অস্ত্র তৈরির বিপুল সরঞ্জাম ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় রায়হানের ছয় সহযোগীকে গ্রেফতার করেছে পুলিশ। তবে অভিযানের মধ্যে ২৩ নভেম্বর সন্ধ্যায় সন্ত্রাসীদের গুলিতে ছয়জন সাধারণ মানুষ আহত হন। মূল অভিযুক্ত রায়হান ও তার সহযোগী এজাহার মিয়া এখনো পলাতক।

পুলিশ সূত্রে জানা যায়, রায়হান ভূজপুর থানাধীন সুয়াবিল ইউনিয়নের দুর্গম পাহাড়ি এলাকায় অবস্থান করছে—এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত ২২ নভেম্বর ভূজপুর থানা পুলিশ ও জেলা গোয়েন্দা শাখা (ডিবি) যৌথভাবে অভিযান শুরু করে।

চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মোঃ মাসুদ আলমের সার্বিক তত্ত্বাবধান ও দিকনির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মোঃ সিরাজুল ইসলাম এবং হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কাজী মোঃ তারেক আজিজের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানের দ্বিতীয় দিন ২৩ নভেম্বর জেলা গোয়েন্দা শাখা, ভূজপুর থানা ও হাটহাজারী থানা পুলিশের সদস্যরা সুয়াবিল ইউনিয়নের হাজীরখিল কোদালিয়া টিলার দুর্গম পাহাড়ি এলাকায় দিনব্যাপী অভিযান চালান। এ সময় দুটি শটগানের কার্তুজ, দুটি খালি খোসা, অস্ত্রের বাট, ট্রিগার, নল, ট্রিগার গার্ড, স্প্রিং, কাউন্টার রিকয়েল, ড্রিল মেশিন ও গ্রাইন্ডার মেশিনসহ অস্ত্র তৈরির বিপুল পরিমাণ সরঞ্জাম উদ্ধার করা হয়। পুলিশের প্রাথমিক ধারণা, ওই পাহাড়ি এলাকায় রায়হান ও তার সহযোগীরা অবস্থান করে অস্ত্র তৈরির কার্যক্রম পরিচালনা করত। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা আরও গভীর পাহাড়ি এলাকায় পালিয়ে যায়।

একই দিন সন্ধ্যা আনুমানিক ৭টা ৪৫ মিনিটে পুলিশের অভিযানের মুখে রায়হান তার সহযোগীদের নিয়ে একটি সিএনজিচালিত অটোরিকশা ও একটি মোটরসাইকেলে করে এলাকা ত্যাগের চেষ্টা করে। এ সময় সুয়াবিল ইউনিয়নের চুরখাঁরহাট এলাকায় স্থানীয় লোকজন তাদের গতিরোধের চেষ্টা করলে রায়হান ও তার সহযোগীরা এলোপাতাড়ি গুলি ছোড়ে। এতে শটগানের গুলিতে ছয়জন সাধারণ মানুষ আহত হন। পরে স্থানীয় লোকজন রায়হানের সহযোগীদের বহনকারী সিএনজি চালক মোঃ জাবেদ হোসেনকে আটক করেন।

এ ঘটনার পর রায়হান ও তার সহযোগীদের গ্রেফতারে রাতভর বিশেষ অভিযান শুরু করে পুলিশ। হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপারের নেতৃত্বে ভূজপুর, ফটিকছড়ি, হাটহাজারী ও রাউজান থানা পুলিশ এবং জেলা গোয়েন্দা শাখার সদস্যরা বিভিন্ন স্থানে তল্লাশি ও চেকপোস্ট কার্যক্রম পরিচালনা করেন। ২৪ নভেম্বরও অভিযান অব্যাহত থাকে।

অভিযানের চতুর্থ দিন ২৫ নভেম্বর গোপন সূত্রে পুলিশ জানতে পারে, রায়হান ও তার আশ্রয়দাতা এজাহার মিয়া খাগড়াছড়ি থেকে সহযোগীদের মাধ্যমে গুলি সংগ্রহের চেষ্টা করছে। এ তথ্যের ভিত্তিতে বিভিন্ন স্থানে চেকপোস্ট ও তল্লাশি জোরদার করা হয়।

সেদিন সন্ধ্যা আনুমানিক ৬টা ৩০ মিনিটে ভূজপুর থানাধীন কাজীরহাট সংলগ্ন কালাইয়ারটেক এলাকায় অভিযান চালিয়ে একটি মোটরসাইকেল ও শটগানের ১০ রাউন্ড শীসা কার্তুজসহ রায়হানের দুই সহযোগী মোঃ এমরান হোসেন মাসুদ (২০) ও কাজী মোঃ সাইদুল ইসলাম সৌরভকে (২১) গ্রেফতার করা হয়।

তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে একই দিন চুরখাঁরহাট বাজারের হাজী নুর আহমেদ সওদাগর বাড়িতে অভিযান চালিয়ে রায়হান ও এজাহার মিয়ার সহযোগী মোঃ ইকতিয়ার ফরহাদকে (২০) গ্রেফতার করা হয়। পরে তার দেখানো মতে বাড়ির শোবার ঘর থেকে একটি একনলা বন্দুক ও চার রাউন্ড পিস্তলের গুলি উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদে ইকতিয়ার ফরহাদ জানায়, বন্দুকটি এজাহার মিয়া এবং পিস্তলের গুলিগুলো রায়হান তার কাছে রেখেছিল।

পরবর্তী জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পারে, রায়হান তার সহযোগীদের নিয়ে সুয়াবিল ইউনিয়নের বেতুয়ারকুল বড় বিল এলাকার দুর্গম পাহাড়ি অঞ্চলে এজাহার মিয়ার ঘনিষ্ঠ সহযোগী মোঃ মহররম আলীর (২৮) বাড়িতে আত্মগোপনে ছিল। এ তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে মহররম আলীকে গ্রেফতার করা হয়।

তার দেখানো মতে বাড়ি থেকে রায়হানের নিজ ব্যবহৃত ইতালির তৈরি একটি ৭.৬৫ এমএম পিস্তল, দুটি ম্যাগাজিন ও ১৮ রাউন্ড পিস্তলের গুলি উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদে মহররম আলী জানায়, রায়হান ২৪ নভেম্বর সন্ধ্যা পর্যন্ত তার বাড়িতে অবস্থান করেছিল। পরে অন্যত্র চলে যাওয়ার সময় নিজের ব্যবহৃত পিস্তল ও গুলিগুলো তার জিম্মায় রেখে যায়।

এরপর গ্রেফতারকৃতদের দেওয়া তথ্যের ভিত্তিতে কাজীরহাট এলাকায় আরেকটি অভিযান চালিয়ে রায়হান ও এজাহার মিয়ার সহযোগী জনার্ধন দে (৬৫)-কে গ্রেফতার করা হয়। এর আগে ২৩ নভেম্বর চুরখাঁরহাট এলাকায় স্থানীয়দের হাতে আটক হওয়া সিএনজি চালক মোঃ জাবেদ হোসেনসহ এ পর্যন্ত মোট ছয়জনকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতার ছয়জন হলেন: মোঃ এমরান হোসেন মাসুদ (২০), কাজী মোঃ সাইদুল ইসলাম সৌরভ (২১), মোঃ ইকতিয়ার ফরহাদ (২০), মোঃ মহররম আলী (২৮), জনার্ধন দে (৬৫) ও মোঃ জাবেদ হোসেন (২৫)।

উদ্ধারকৃত আলামত: ইতালির তৈরি ৭.৬৫ এমএম পিস্তল একটি, পিস্তলের ম্যাগাজিন দুটি, পিস্তলের গুলি ২২ রাউন্ড, একনলা বন্দুক একটি, শটগানের শীসা কার্তুজ ১২ রাউন্ড, শটগানের খালি খোসা দুটি, অস্ত্র তৈরির বিপুল পরিমাণ সরঞ্জাম এবং একটি মোটরসাইকেল।

দুর্গম পাহাড়ি এলাকায় অপরাধীদের অবস্থান পরিবর্তন, সশস্ত্র হামলার আশঙ্কা ও প্রতিকূল পরিবেশ মোকাবিলা করে জেলা পুলিশের সদস্যরা ধারাবাহিকভাবে অভিযান পরিচালনা করেন। এ সময় স্থানীয় জনগণও পুলিশকে সহযোগিতা করেন।

সব মিলিয়ে চার দিনের সমন্বিত অভিযানে রায়হানের ব্যবহৃত বিদেশি পিস্তলসহ দুটি আগ্নেয়াস্ত্র ও বিপুল পরিমাণ অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার এবং ছয় সহযোগীকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে চট্টগ্রাম জেলা পুলিশ। তবে পলাতক শীর্ষ সন্ত্রাসী রায়হান ও তার সহযোগী এজাহার মিয়াকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে সংশ্লি সূত্রে জানা যায়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
© All rights reserved © dailyamarsomoy.com